বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিলেন আশিক

বাবার লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষা দিলেন যশোর সদর উপজেলার কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র আশিক। আশিক চুড়ামনকাটির ছাতিয়ানতলা কে আই আলিম মাদ্রাসা কেন্দ্রে আল কোরআন বিষয়ে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা শেষ করে তিনি বাবার জানাজায় অংশ নেন।

আশিকের স্বজনরা জানিয়েছেন, আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান তার বাবা ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ। বাড়িতে বাবার লাশ রেখে সকালে পরীক্ষা দিতে যান আশিক। দুপুর ১ টায় পরীক্ষা শেষে ছেলে বাড়িতে ফেরার পর জানাযা নামাজ শেষে মাসুদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রাইভেট শিক্ষক রাব্বি হাসান জিহাদ জানান, আশিক একজন মেধাবী ছাত্র। তার বাবার মৃত্যুর খবরে তিনি সকালে তাদের বাড়িতে যান। বাবার মৃত্যুতে আশিক মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাকে সান্ত্বনা দেওয়ার পর সাথে করে কেন্দ্রে নিয়ে যান।

কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিচ্ছে ছেলে আশিক। কিন্তু তার মনটা খারাপ। ঘটনাটি কষ্টদায়ক হলেও তাকে মনযোগ সহকারে পরীক্ষা দিতে বলা হয়েছে। শিক্ষকরা তার দিকে আলাদাভাবে খেয়াল রাখেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *