ভুল স্বীকার করে রক্ষা পেলেন হান্নান মাসউদ

রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে পুলিশের হাতে আটকে তিনজনকে থানা থেকে ছাড়িয়ে নেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদ। এ ঘটনায় এনসিপি মাসউদকে শোকজ করলে নিজের ভুলের স্বীকার করেছেন তিনি। ভুল স্বীকার করার পর হান্নান মাসউদকে করা কারণ দর্শানো নোটিশ (শোকজ) প্রত্যাহার করেছে এনসিপি।

বৃহস্পতিবার (২৯ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছিল। উল্লেখিত তিন কার্যদিবসের মধ্যে তিনি কারণ দর্শানো নোটিশের লিখিত ও মৌখিক জবাব ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পেশ করেন। নোটিশে উল্লেখিত কর্মকাণ্ডে ভুল ছিল বলে তিনি স্বীকার করেন এবং আগামীতে এই ধরণের ভুলের পুনরাবৃত্তি হবে না মর্মে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এতে আরো বলা হয়েছে, থানায় আটককৃত ব্যক্তিদের কর্মকান্ডের সাথে ওনার সম্পৃক্ততা ছিলো না বলে প্রমাণসাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ এতদ্বারা প্রত্যাহার করা হলো।

রাজধানীর ধানমন্ডি এলাকায় গত ১৯ মে রাতে এক ব্যবসায়ীর নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করতে ‘মব’ (বিশৃঙ্খলা) তৈরি করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কয়েকজন তরুণ। তবে পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেনি। তারা মব তৈরি করা তিন তরুণকে থানায় নিয়ে যায়। এই তিন তরুণকে থানা থেকে নিজের জিম্মায় ছাড়িয়ে নেন আবদুল হান্নান মাসউদ। এ ঘটনায় তীব্র সমালোচনা তৈরি হলে হান্নান মাসউদকে শোকজ করে এনসিপি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *