ভারতের গুজরাটের আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজটি চিকিৎসকদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি, এপি ও বিবিসির।
এছাড়াও আহমেদাবাদ সিটি পুলিশ কমিশনার জিএস মালিক জানান, দুর্ঘটনাস্থলের পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিমানটির কোনো আরোহী বেঁচে নেই। এটি আছড়ে পড়েছে আবাসিক এলাকায়। এতে স্থানীয় কিছু মানুষও হয়ত মারা গেছে। সব মিলিয়ে কতজনের মৃত্যু হয়েছে সেটি নিরূপণ করা হচ্ছে।
স্থানীয় রাজনীতিবিদ দর্শনা ভাঘেলা বলেন, বেশ কয়েকজন চিকিৎসকের ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বিবিসিকে বলেন, ‘যখন উড়োজাহাজটি বিধ্বস্ত হয় তখন আমি অফিসে ছিলাম। আমরা অনেক চিকিৎসককে উদ্ধার করেছি।’
আহত এক ব্যক্তির মা জানান, তাঁর ছেলে জীবন বাঁচাতে দুই তলা থেকে ঝাঁপ দিয়েছে।
ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কাভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫ মিনিটের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।
বিমান বিধ্বস্তের কিছুক্ষণ পর ওই ফ্লাইটে থাকা যাত্রীদের তালিকাও প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত এআই ১৭১ ফ্লাইটে ১৬৯ ভারতীয় নাগরিক, ৫৩ ব্রিটিশ নাগরিক, কানাডীয় এক নাগরিক ও পর্তুগালের সাতজন নাগরিক ছিলেন।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, আহমেদাবাদের সরদার প্যাটেল বল্লভভাই বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়েছে এআই ১৭১ ফ্লাইট।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা শুরু করা এআই১৭১ ফ্লাইটটি আজ উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে উড্ডয়ন করা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ওই ফ্লাইটে মোট ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডীয় ও ৭ জন পর্তুগিজ নাগরিক।’’


