নিউমার্কেটে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট থানাধীন বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের ১৮ তলার একটি কক্ষ থেকে ফাতেমা আনোয়ারা ইশা (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) মো. হালিম বলেন, ‘আমরা আজ বিকেলের দিকে খবর পেয়ে ঘটনাস্থল বহুতল ভবনের ১৮ তলায় ওই শিক্ষার্থীর নিজ কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে গলায় টাই পেঁচানো অবস্থায় অচেতন দেহটি উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, ওই শিক্ষার্থী আর বেঁচে নেই।’

নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) মো. হালিম বলেন, ‘আমরা ওই শিক্ষার্থীর পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। পাশাপাশি অনলাইন বিজনেস করতেন।’

মো. হালিম জানান, আজ দুপুরের পর কাউকে কিছু না বলে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে রাখে ইশা। বেশ কিছু সময় পার হলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তার স্বজনরা দেখতে পায় গলায় টাই পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে ইশা। পরে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই শিক্ষার্থীর অচেতন দেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *