জাকসু নির্বাচন: ভিপি পদ শূন্য রেখেই ‘সংশপ্তক পর্ষদ’ প্যানেল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ছাত্র ইউনিয়ন (একাংশ) ও ছাত্রফ্রন্ট (একাংশ) পন্থী পাঁচ সদস্যের জোট ‘সংশপ্তক পর্ষদ’ প্যানেল ঘোষণা করেছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়ন (একাংশ) সভাপতি জাহিদুল ইসলাম ইমন এই প্যানেল ঘোষণা করেন।

‘সংশপ্তক পর্ষদ’ পক্ষ থেকে জানানো হয়, এ প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ইমন এবং সহ-সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রফ্রন্ট (একাংশ) জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও ‘সংশপ্তক পর্ষদ’ প্যানেল অন্যন্য পদসমূহের মধ্যে তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক সৈয়দ তানজিম আহমেদ, সহ সমাজসেবা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা এবং শিক্ষা গবেষনা বিষয়ক সম্পাদক তানজীল আহমেদ।

ভিপি পদে পদপ্রার্থী না দেয়ার প্রসঙ্গে ছাত্র ইউনিয়ন (একাংশ) এর সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন, ‘প্রগতিশীল শিক্ষার্থীদের প্রয়োজন সত্ত্বেও বিভিন্ন জটিলতার কারনে এই পদে প্রার্থী দেয়া সম্ভব হয়নি। আমরা উক্ত পদে অন্যান্য যেসব প্রগতিশীল ও শিক্ষার্থীবান্ধব প্রার্থী রয়েছে তাদের সমর্থন জানাবো।’

আরো বলেন, ‘এই প্যানেলটি একটি সিম্বলিক প্যানেল। যেটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে ঐক্যের আহ্বান করছি। আমাদের সমমনা অন্যান্য পদে যেসব প্রার্থীরা রয়েছেন আমরা তাদেরকে সমর্থন করবো। নির্বাচন যতটুকু না গনতান্ত্রিক হচ্ছে পরবর্তীতে আমাদের কার্যক্রম এখন থেকে আরো বেশি গনতান্ত্রিকভাবে হবে।’

‘সংশপ্তক পর্ষদ’ এর সহ-সাধারণ সম্পাদক (নারী) সোহাগী সামিয়া বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে প্রচারণা করছেন। ভোটররাও প্রার্থীদের পর্যবেক্ষণ করছেন।’

‘সংশপ্তক পর্ষদ’ এর তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক সৈয়দ তানজিম আহমেদ বলেন, ‘আমরা একটা আংশিক প্যানেল দিয়েছি এবং পাশাপাশি অন্যান্য প্যানেলের প্রার্থীর পদসমূহে মুক্তমনা ও প্রগতিশীলদের প্রতি আমরা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *