অন্তরঙ্গ দৃশ্যের শুটিং এখন চলচ্চিত্রে নতুন কোনো বিষয় নয়। তবে সেই দৃশ্য অভিনেত্রীর অনুমতি ছাড়া ফাঁস হলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর টানা চার দিন তিনি বাড়ি থেকে বের হতে পারেননি। শুধু অস্বস্তিই নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন অভিনেত্রী।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করা রাধিকা অন্তরঙ্গ দৃশ্যের শুটিং প্রসঙ্গে নিজের পুরোনো অভিজ্ঞতা তুলে ধরেন। তার ভাষ্য, এ ধরনের দৃশ্য ধারণের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীর সম্মতি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরার সামনে কোনো দৃশ্যে অভিনয় করা এক বিষয়, আর সেই দৃশ্য অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি সামাল দেওয়া সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।

রাধিকা জানান, দৃশ্যটি ফাঁস হওয়ার পর বিষয়টি তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। এমনকি বাড়ির বাইরে অচেনা কেউ হাজির হতে পারেন—এমন আশঙ্কাও তৈরি হয়েছিল তার মধ্যে।
অভিনেত্রীর দাবি, তার রূপটান শিল্পীর গাড়িচালকও ফাঁস হওয়া ক্লিপটি দেখেছিলেন। তিনি বারবার রাধিকাকে জিজ্ঞাসা করতেন, ‘আপনি ওর বাড়িতে যাচ্ছেন?’ এমনকি তার বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও ভিডিওটি পৌঁছে যায়। ফলে বিষয়টি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তার ব্যক্তিগত পরিসরেও পৌঁছে গিয়েছিল।

রাধিকা জানান, ওই সময় তিনি একা একটি ফ্ল্যাটে থাকতেন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিজের টিমের সদস্যদের সঙ্গেও কথা বলতে হয় তাকে। গাড়িচালক ও স্পটবয়কে ডেকে পুরো পরিস্থিতি জানান অভিনেত্রী। তারা ফাঁস হওয়া দৃশ্যটি দেখার পরও স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন এবং তাকে নিরাপত্তা দিতে পারবেন কি না, সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি। দুজনেই তাকে সহযোগিতার আশ্বাস দেন।
রাধিকা আরও জানান, ঘটনার পর নিজের সিদ্ধান্ত নিয়েও একসময় তার ‘লজ্জা’ হয়েছিল। সে সময় পরিচালক অনুরাগ কাশ্যপও তাকে ওই কাজ না করার পরামর্শ দিয়েছিলেন বলে জানান অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি গত কয়েক বছরে ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন রাধিকা আপ্তে। সন্তান জন্মের পরও দীর্ঘ বিরতিতে যাননি তিনি। বরং সন্তান জন্মের পর প্রথম কাজের পরিকল্পনার সময় নবজাতককে স্তন্যপান করানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী।





