শিরোনাম
Advertisement
শিক্ষা প্রশাসন

জাবির নতুন ভিসি নূরুল ইসলাম, ঢাকা সেন্ট্রালের লুৎফর রহমান

Advertisement
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান (বামে), জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম (ডানে)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। একই সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে।

রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। নতুন পদে তিনি অধ্যাপক কামরুল আহসানের স্থলাভিষিক্ত হয়েছেন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক লুৎফর রহমানকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক নূরুল ইসলামের নিয়োগও যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য কার্যকর হবে। তবে সংশ্লিষ্টদের অবসর গ্রহণের বয়সসীমা এর আগে পূর্ণ হলে সে সময় পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, উভয় উপাচার্য বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক লুৎফর রহমানকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান। প্রায় দুই বছর পর তাকে সরিয়ে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হলো।

অন্যদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ছিলেন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তার স্থলাভিষিক্ত হয়ে বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন অধ্যাপক মো. লুৎফর রহমান।

এ বিভাগের আরও সংবাদ