সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কেএইউএসটি) ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারে পিএইচডি প্রোগ্রামে আবেদন চলছে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি, মাসিক ভাতা, আবাসন, স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন সুবিধা পাবেন। এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা। তবে ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারের জন্য বর্তমানে পিএইচডি প্রোগ্রামের আবেদন গ্রহণ করা হচ্ছে। প্রথম ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে ৮ নভেম্বর ২০২৬। স্প্রিং সেমিস্টারের ক্লাস শুরু হবে ১৭ জানুয়ারি ২০২৭।
সৌদির অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটি গবেষণাধর্মী বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালে সৌদি আরবসহ বিশ্ববাসীর জন্য বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, অর্থনৈতিক উন্নতি ও সামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে কাউস্ট প্রতিষ্ঠিত হয়। কেএইউএসটির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-সউদ বলেছিলেন, ‘কাউস্ট হবে সৌদি আরব ও বিশ্বমানবতার ভবিষ্যতের শান্তি, আশা ও পুনর্গঠনের দিশারি।’
যেসব বিষয়ে পড়ার সুযোগ— কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিভিন্ন বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য কিছু কোর্স হলো: ১. বায়োসায়েন্স ২. বায়োইঞ্জিনিয়ারিং ৩. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৪. মেরিন সায়েন্স ৫. প্ল্যান্ট সায়েন্স ৬. অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্স ৭. কম্পিউটার সায়েন্স ৮. ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৯. স্ট্যাটিসটিকস ১০. অ্যাপ্লায়েড ফিজিকস
আবেদনের যোগ্যতা— সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স ভর্তির সময় কমপক্ষে ১৮ বছর হতে হবে। এ ছাড়া ৪–এর মধ্যে ন্যূনতম ৩.০ সিজিপিএ বা সমমানের ফলাফল থাকতে হবে। আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক রেকর্ড এবং গবেষণায় আগ্রহ ও সম্ভাবনা থাকতে হবে।
যেসব সুবিধা দেওয়া হবে— বৃত্তির আওতায় শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি ও বেঞ্চ ফি দেওয়া হবে। এ খাতে বছরে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত খরচ বহন করা হবে। মাস্টার্স শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় ২০ হাজার মার্কিন ডলার (প্রায় ২৪ লাখ ৫৬ হাজার টাকা) পর্যন্ত ভাতা। পিএইচডি শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামভেদে বছরে ২৫ হাজার থেকে ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩০ লাখ ৭০ হাজার থেকে ৩৬ লাখ ৮৪ হাজার টাকা) পর্যন্ত মাসিক ভাতা দেওয়া হবে।
আবেদনে যা লাগবে— আবেদনের সময় প্রার্থীদের স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট, জীবনবৃত্তান্ত (সিভি), তিনজন রেফারির যোগাযোগের তথ্য এবং পাসপোর্টের ব্যক্তিগত তথ্যসংবলিত পাতার কপি দিতে হবে। ইংরেজি ভাষার পরীক্ষার স্কোর থাকলে সেটিও জমা দিতে হবে।
আবেদন ফি— ২০০ সৌদি রিয়াল (প্রায় ৬ হাজার ৫৪৭ টাকা)।
আবেদনের নিয়ম— ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়— ২৭ সেপ্টেম্বর ২০২৬





