শিরোনাম
Advertisement
শিক্ষা প্রশাসন

অনুমোদন ছাড়া মাউশির নাম-লোগো ব্যবহার করলে আইনি ব্যবস্থা

Advertisement

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম, পরিচিতি, লোগো বা দাপ্তরিক পরিচয় ব্যবহার করে অনুমোদন ছাড়া ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মাউশি অধিদপ্তর। একইসঙ্গে এসব পেজ ও গ্রুপে মাউশির দাপ্তরিক সিদ্ধান্ত, আদেশ ও বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তিকর তথ্য এবং ব্যক্তি, রাষ্ট্র ও সরকার সম্পর্কে আপত্তিকর বা অসত্য বক্তব্য প্রচার বন্ধ করতে বলা হয়েছে। না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে মাউশি।

রোববার (৪ অক্টোবর) মাউশির এইচআরএম ইউনিট থেকে এ বিষয়ে উপ-পরিচালক মো. শওকত হোসেন মোল্যার সই করা একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ মাউশি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ‘ডিএসএইচই’ বা অনুরূপ নাম, পরিচিতি, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা করছেন। এসব পেজ বা গ্রুপের কোনোটিই মাউশি অনুমোদিত বা পরিচালিত নয়। এগুলো পরিচালনার সঙ্গে অধিদপ্তরের কোনো সংশ্লিষ্টতা নেই এবং এ বিষয়ে কোনো পূর্বানুমোদনও নেওয়া হয়নি।

মাউশির ‘ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ডিএসএইচই’ নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ ছাড়া আর কোনো অনুমোদিত ফেসবুক পেজ নেই বলে উল্লেখ করে মাউশি বলছে, এসব অননুমোদিত পেজ ও গ্রুপে কোনো কোনো ক্ষেত্রে অধিদপ্তরের দাপ্তরিক সিদ্ধান্ত, আদেশ, বিজ্ঞপ্তি বা কার্যক্রম সম্পর্কে অনুমোদনহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। পাশাপাশি কোনো কোনো পেজ ও গ্রুপে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অশালীন, মানহানিকর, আপত্তিকর ও অসত্য বক্তব্য এবং রাষ্ট্র ও সরকার সম্পর্কিত বিভিন্ন অনভিপ্রেত বক্তব্য বা মন্তব্য প্রকাশ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের কার্যক্রমের কারণে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একইসঙ্গে মাউশির দাপ্তরিক তথ্যের গ্রহণযোগ্যতা ও অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে মাউশির পূর্বানুমোদন ছাড়া অধিদপ্তরের নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক বা দাপ্তরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত সব ফেসবুক পেজ ও গ্রুপের কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে।

মাউশি আরও জানিয়েছে, বিজ্ঞপ্তি জারির পরও কেউ অননুমোদিতভাবে অধিদপ্তরের নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা এবং আইনবিরোধী বা আপত্তিকর কার্যক্রম চালিয়ে গেলে অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সবাইকে সর্বশেষ সতর্কতা হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে অননুমোদিত কার্যক্রম বন্ধ করতে বলে হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া মাউশির নাম, পরিচয় ও দাপ্তরিক প্রতীক ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ