শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

কোন বোর্ডে পাসের হার কত? পাসে শীর্ষে ঢাকা, ফেল বরিশাল

Advertisement

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। গতবছর গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার নিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার ও সর্বোচ্চ ফেলের হার নিয়ে তালিকার তলানিতে নেমে গেছে বরিশাল বোর্ড।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ। যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২.০৭ শতাংশ। বরিশাল বিভাগে পাসের হার ৪৪.৮৪ শতাংশ। সিলেট বিভাগে পাসের হার ৫০.৯০ শতাংশ। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

পাসে শীর্ষে ঢাকা: সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে সাফল্যের শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এ বোর্ডে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৬১.৩৮ শতাংশে। অংশ নেওয়া ২ লাখ ৯৯ হাজার ৬২১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.০৭ শতাংশ, যেখানে ৯৬ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ১৬৬ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ (অংশগ্রহণকারী ৭০ হাজার ৬৭৩ জনের মধ্যে পাস করেছে ৩৬ হাজার ৩৫৪ জন)। এছাড়া সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ (অংশগ্রহণকারী ৭১ হাজার ৮৮৯ জনের মধ্যে উত্তীর্ণ ৩৬ হাজার ৫৯৭ জন)। সাধারণ বোর্ডগুলোর মধ্যে শুধু এই চারটি বোর্ডেই পাসের হার ৫০ শতাংশের ওপরে রয়েছে।

ফেলে শীর্ষে বরিশাল: অন্যদিকে সবচেয়ে হতাশাজনক চিত্র দেখা গেছে বরিশাল বোর্ডে। এ বোর্ডে ফেলের হার সবচেয়ে বেশি, অর্থাৎ ৫৫.১৬ শতাংশ পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। বোর্ডে মোট অংশ নিয়েছিল ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী, যার মধ্যে পাস করেছে মাত্র ২৫ হাজার ৯৭০ জন এবং ফেল করেছে ৩১ হাজার ৯৪২ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৪.৮৪ শতাংশে, যা দেশের ৯টি সাধারণ বোর্ডের মধ্যে সর্বনিম্ন। বরিশালের পরই সবচেয়ে বেশি ফেলের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড। রাজশাহীতে ফেলের হার ৫৪.৯৪ শতাংশ। এ বোর্ডে অংশ নেওয়া ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৮৭৪ জন এবং ফেল করেছে ৭৫ হাজার ৪৮২ জন; বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ।

তলানির দিকে যশোর, দিনাজপুর ও কুমিল্লা: ফেলের উচ্চ হারের তালিকায় শীর্ষ দুই বোর্ডের কাছাকাছি রয়েছে যশোর, দিনাজপুর ও কুমিল্লা বোর্ডও। যশোর বোর্ডে ফেলের হার ৫৫.০৮ শতাংশ এবং পাসের হার ৪৪.৯২ শতাংশ। সেখানে অংশ নেওয়া ১ লাখ ১২ হাজার ৭৯১ জনের মধ্যে পাস করেছে ৫০ হাজার ৬৬৮ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৬২ হাজার ১২৩ জন। দিনাজপুর বোর্ডে ফেলের হার ৫৪.০২ শতাংশ ও পাসের হার ৪৫.৯৮ শতাংশ (১ লাখ ১১ হাজার ৭৮৭ জনের মধ্যে পাস করেছে ৫১ হাজার ৩৯৮ জন এবং ফেল করেছে ৬০ হাজার ৩৮৯ জন)। এছাড়া কুমিল্লা বোর্ডে ফেলের হার ৫২.০২ শতাংশ ও পাসের হার ৪৭.৯৮ শতাংশ; এ বোর্ডে ৯২ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪ হাজার ২৭২ জন এবং ফেল করেছে ৪৭ হাজার ৯২০ জন।

বোর্ডভিত্তিক ফলাফলে স্পষ্ট ব্যবধান:  সার্বিকভাবে ৯টি সাধারণ বোর্ডে মোট অংশ নিয়েছিল ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী, যার মধ্যে ৫ লাখ ৪১,২৪৯ জন পাস করায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫১.৬২ শতাংশ এবং মোট ফেল করেছে ৫ লাখ ৭ হাজার ২৮১ জন। কিন্তু বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা যেখানে ৬১ শতাংশের বেশি পাসের হার নিয়ে এগিয়ে রয়েছে, সেখানে বরিশাল, রাজশাহী ও যশোরের মতো গুরুত্বপূর্ণ বোর্ডগুলোতে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে। বিশেষ করে বরিশাল বোর্ডে ছেলেদের অবস্থা ছিল সবচেয়ে নাজুক; সেখানে ছাত্রদের ফেলের হার দাঁড়িয়েছে প্রায় ৬৪.৬২ শতাংশে।

যেভাবে জানবেন এইচএসসির ফল: সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট দুটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এদিকে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসের ফরম্যাট হলো– HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস, রোল নম্বর, একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে ‘HSC Dha 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এর আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০-এ এসএমএস পাঠাতে হবে শিক্ষার্থীদের।

এ বিভাগের আরও সংবাদ