শিরোনাম
Advertisement
মুক্তস্বর

কর্মমুখী ও উদ্যোক্তা তৈরির শিক্ষা দরকার

Advertisement

ড. নিয়াজ আহম্মেদ


বিশ্বের বিভিন্ন দেশ আজ যে উন্নতির শিখরে পৌঁছেছে তা একমাত্র সম্ভব হয়েছে জ্ঞান, প্রায়োগিক বিদ্যা অর্জন এবং তার যথাযথ ব্যবহারের মাধ্যমে। উন্নতির শিখরে পৌঁছাতে হলে শিক্ষার বিকল্প নেই। কিন্তু সেই শিক্ষা হতে হবে কর্মমুখী ও উদ্যোক্তানির্ভর। কেননা শিক্ষার সঙ্গে যদি উপরোক্ত দুটি বিষয়ের সংযোগ না থাকে, তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য অর্জন করা সম্ভব হয় না। এ কথা সত্য, একজন মানবিক মানুষ হওয়ার জন্যও শিক্ষার দরকার আছে। শিক্ষার অন্য উদ্দেশ্য একটি মানবিক ও উদারনৈতিক সমাজ গঠন।

আমাদের দুটোকেই গুরুত্ব দিতে হবে। তবে যেকোনো উন্নতির জন্য শিক্ষার এই তিনটি ধাপ যেমন জ্ঞান, প্রায়োগিক বিদ্যা বা কৌশল অর্জন এবং বাস্তবে তার প্রয়োগের ক্ষেত্র তৈরি করে উৎপাদন ও সেবা খাতকে প্রশস্ত করা দরকার। আর এর মাধ্যমে কর্মসংস্থান ও প্রয়োজন পূরণের একটি সুযোগ তৈরি হয়। আমরা যদি তিনটির মধ্যে সমন্বয় করতে না পারি, তাহলে আমাদের উন্নতি ধীরগতিতে এগোবে।

জ্ঞান ছাড়া যেমন দক্ষতা অর্জন করা সম্ভব নয়, তেমনি দক্ষতা বা প্রায়োগিক বিদ্যা কাজে লাগানোর জন্য দরকার ক্ষেত্র। আমাদের দেশে এই তিনটির মধ্যে সংযোগ কম থাকায় বিপুলসংখ্যক শিক্ষিত গ্র্যাজুয়েট বেকারত্বের মুখোমুখি। আমরা গ্র্যাজুয়েট তৈরি করছি, কিন্তু সেই গ্র্যাজুয়েটদের কাজে লাগাতে পারছি না। কেননা অনেকের প্রায়োগিক বিদ্যার অভাব রয়েছে। আবার প্রায়োগিক বিদ্যা থাকার পরও ক্ষেত্র না থাকায় তাদের কাজে লাগানো যাচ্ছে না।

উপযুক্ত কর্মসংস্থানের অভাব এবং যথাযথ উদ্যোক্তা তৈরি না হওয়ায় এমনটি তৈরি হচ্ছে। মনে রাখতে হবে শুধু চাকরির জন্য বসে থাকলে চলবে না, স্ব-কর্মসংস্থান এককভাবে কিংবা যৌথভাবে করতে হবে। আমাদের জনবলের অভাব নেই, অভাব নেই অর্থের। ব্যাংকগুলো অর্থ নিয়ে বসে আছে। দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা ও সহযোগিতা। তা হতে পারে সরকারি কিংবা বেসরকারি উভয় পর্যায় থেকে।

আমাদের প্রথাগত ধারণা, লেখাপড়া শেষ করে চাকরি করতে হবে। তা আবার যেনতেন চাকরি নয় সরকারি চাকরি। এটাও সত্য, চাকরি করলে সমাজে একটি ভালো সম্মান পাওয়া যায়। চাকরি স্থায়ী হওয়ায় শেষে মোটা অঙ্কের টাকা ও পেনশন। এখানে রয়েছে ক্ষমতা এবং কর্তৃত্ব প্রয়োগের একটি সুযোগ। ঝুিঁক কম বিধায় আমাদের অনেকেরই সরকারি চাকরির দিকে বেশ ঝোঁক। আর উদ্যোক্তা মানে পরিশ্রম, সাধনা, অর্থ বিনিয়োগ আরো কত কি। কাজেই কম পরিশ্রমের জিনিসটিকেই আমরা বেছে নিতে চাই। কিন্তু আমাদের জন্য প্রয়োজন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা। আমাদের শিক্ষার ধরনও তাই হওয়া উচিত প্রায়োগিক বিদ্যা অর্জন এবং তার বাস্তব প্রয়োগ। আমাদের শিক্ষার ক্ষেত্র ও পরিধি আগের তুলনায় অনেক বেড়েছে। গ্র্যাজুয়েটরা আগের তুলনায় অনেক দক্ষ ও পরিশ্রমী।

কিন্তু সমস্যা হলো তাদের আমরা পুরোপুরি কাজে লাগাতে পারছি না। তাদের মেধা ও দক্ষতাকে উদ্যোক্তা হিসেবে কাজে লাগাতে পারলে তাদের নিজেদের ও অন্যদেরও লাভ হতো। গোটা দেশের উন্নতির জন্য এক মাইলফলক হয়ে দেখা দিত। দেশের পণ্য ও সেবাসমূহের উৎপাদনের জন্য উদ্যোক্তা দরকার, যারা কর্মসংস্থান বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করতে পারে। পণ্য উৎপাদন যত বাড়বে তত দেশের চাহিদা মিটিয়ে প্রয়োজনে বিদেশে রপ্তানি করা যাবে। দেশে পণ্যের দামও কমবে এবং পরোক্ষভাবে মানুষের ক্রয়ক্ষমতা নাগালের মধ্যে থাকবে। পণ্যের মান ভালো হলে রপ্তানি করে বাণিজ্য ভারসাম্যও কমানো যাবে। এটি একটি চক্রের মতো, যা একটির সঙ্গে অন্যটি সম্পর্কিত। আমাদের বাণিজ্য ও টেক্সটাইল গ্র্যাজুয়েটরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হয়ে দেশীয় চাহিদা পূরণ ও বিদেশে রপ্তানিতে অবদান রাখতে পারে। কৃষি ও মৎস্য গ্র্যাজুয়েটরা তাদের নিজ নিজ ক্ষেত্রে আরো বেশি অবদান রাখতে পারে।

উদ্যোক্তা তৈরির কাজটি সহজ নয়। আমাদের রয়েছে মেধাবী গ্র্যাজুয়েট। তারা দক্ষ ও প্রায়োগিক বিদ্যায় পারদর্শী। কিন্তু তাদের প্রণোদনা দেওয়ার কাজটি আমাদের করতে হবে। পাশাপাশি তাদের উৎপাদিত পণ্য ও সেবাসামগ্রী যাতে সহজে দেশীয় বাজারের চাহিদাকে পূরণ করতে পারে তার ব্যবস্থা দরকার। দেশে ও বিদেশে নতুন নতুন বাজার সৃষ্টি পারবে উদ্যোক্তাদের আকৃষ্ট করতে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ ক্ষেত্রে তাদের সহায়তা করতে পারে। কাজেই আমাদের শিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের লক্ষ্য।

শিক্ষা কারিকুলামে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় তার কৌশলগুলো হাতে-কলমে শেখানো উচিত। চর্তুথ শিল্প বিল্পবকে সামনে রেখে আমাদের শুধু গ্র্যাজুয়েট তৈরি করলেই হবে না, সেই গ্র্যাজুয়েটদের কর্মমুখী ও উদ্যোক্তা তৈরির হাতিয়ার হিসেবে দেখতে হবে। কেননা আমাদের প্রায় ২০ কোটি মানুষের জীবন ও জীবিকা এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ সবকিছু নির্ভর করছে আমাদের শিক্ষাব্যবস্থার ওপর। আমরা যদি সত্যি সত্যি শিক্ষাকে কর্ম-উপযোগী করতে চাই, তাহলে প্রয়োজনমাফিক ও যুগোপযোগী জনবল তৈরির দিকে যেতে হবে। এ ক্ষেত্রে আমাদের শিক্ষাব্যবস্থা, গ্র্যাজুয়েটদের মানসিকতা এবং সরকারি ও বেসরকারি সহায়তা একান্ত কাম্য।


লেখক : সমাজকর্ম বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

এ বিভাগের আরও সংবাদ