ড. মো. আবদুল জলিল
বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও জনমিতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমাদের সামনে রয়েছে বিপুল তরুণ জনগোষ্ঠী, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা এবং শিল্পায়নের অপার সম্ভাবনা। অথচ এই সম্ভাবনাকে কাজে লাগানোর পরিবর্তে আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলেছি, যেখানে শিক্ষার মান, কর্মসংস্থানের বাস্তবতা এবং অর্থনীতির চাহিদার মধ্যে ক্রমেই ব্যবধান বাড়ছে। গত দুই দশকে উচ্চশিক্ষার ব্যাপক সম্প্রসারণ ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে, শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, বেড়েছে সনদধারী গ্র্যাজুয়েটের সংখ্যা। কিন্তু একটি মৌলিক প্রশ্নের উত্তর আমরা আজও দিতে পারিনি: এই বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ আসলে কী ধরনের জ্ঞান ও দক্ষতা অর্জন করছে এবং দেশের অর্থনীতি ও সমাজে তাদের অবদান রাখার সুযোগ কতটুকু?
বিশ্বব্যাংকের ২০২৬ সালের ৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন বাংলাদেশের শ্রমবাজারের আরেকটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রায় ৮৪ শতাংশ কর্মজীবী মানুষ, অর্থাৎ প্রায় পাঁচ কোটি ৮০ লাখ মানুষ অনানুষ্ঠানিক খাতে কর্মরত।
আরো উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের ৪৪ শতাংশও অনানুষ্ঠানিক কর্মসংস্থানে নিয়োজিত। অর্থাৎ উচ্চশিক্ষা গ্রহণ করেও বিপুলসংখ্যক স্নাতক আনুষ্ঠানিক কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। এই পরিসংখ্যান আমাদের উচ্চশিক্ষার মান, পাঠ্যক্রম এবং শ্রমবাজারের চাহিদার মধ্যে বিদ্যমান অসংগতিকে স্পষ্ট করে।
উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের পাশাপাশি তাঁদের কর্মক্ষেত্রে দক্ষতার যথাযথ ব্যবহার না হওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।
অনেক প্রতিষ্ঠান নতুন স্নাতকদের নিয়োগের পর নিজেদের প্রয়োজন অনুযায়ী আবার প্রশিক্ষণ দিতে বাধ্য হয়। কোনো কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট দক্ষতার অভাবে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ করে। অন্যদিকে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী অনেক তরুণ জীবিকার তাগিদে তাঁদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যহীন পেশায় প্রবেশ করতে বাধ্য হচ্ছেন। টাক্সি, উবার বা অটোরিকশা চালানো কিংবা অন্য কোনো পেশায় যুক্ত হওয়া কোনো অসম্মানের বিষয় নয়।
আমাদের সমাজে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির প্রতি অতিরিক্ত আকর্ষণ রয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এখনো অনেক ক্ষেত্রে তুলনামূলক কম মর্যাদার চোখে দেখা হয়। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। একটি দেশের অর্থনীতিতে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক ও বিজ্ঞানীর যেমন প্রয়োজন, তেমনি দক্ষ ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিন অপারেটর, অটোমোটিভ টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং টেক্সটাইল ও ফ্যাশন টেকনোলজিস্টেরও প্রয়োজন রয়েছে। তাই মাধ্যমিক স্তর থেকেই শিক্ষার্থীদের আগ্রহ, যোগ্যতা ও কর্মজীবনের সম্ভাবনা বিবেচনায় নিয়ে সাধারণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার একাধিক পথ তৈরি করতে হবে।
এ ক্ষেত্রে সিঙ্গাপুরের শিক্ষাব্যবস্থা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। দেশটির ইনস্টিটিউট অব টেকনিক্যাল এডুকেশন (আইটিই) এবং পলিটেকনিকগুলো শিল্প ও কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাবহারিক দক্ষতাভিত্তিক শিক্ষা দেয়। শিক্ষার্থীরা প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব কর্মপরিবেশের সঙ্গে পরিচিত হয়। একই সঙ্গে কারিগরি শিক্ষা থেকে পরবর্তী সময়ে উচ্চশিক্ষায় অগ্রসর হওয়ার সুযোগও রয়েছে। অর্থাৎ কারিগরি শিক্ষা কোনো শিক্ষার্থীর অগ্রগতির পথ বন্ধ করে দেয় না। চীনের অভিজ্ঞতাও প্রাসঙ্গিক। ১৯৭৭ সালে সাংস্কৃতিক বিপ্লব-পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পুনরায় চালুর পর দেশটি উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণে ব্যাপক বিনিয়োগ করেছে। বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ তৈরি করে গবেষণার ফলকে উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে কাজে লাগানো হয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকেও এ ধরনের সমন্বিত উদ্যোগ নিতে হবে।
জনমিতিক সুবিধা কাজে লাগাতে হলে তরুণদের শিক্ষিত করাই যথেষ্ট নয়; তাঁদের কর্মক্ষম, দক্ষ ও উৎপাদনশীল করে তুলতে হবে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, বাংলাদেশের কর্মজীবী মানুষের বড় অংশ এখনো অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। একই সঙ্গে আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থান বৃদ্ধির গতি সীমিত। ফলে তরুণদের জন্য পর্যাপ্ত মানসম্মত চাকরি তৈরি হচ্ছে না।
বাংলাদেশের সামনে আন্তর্জাতিক শ্রমবাজারেও সুযোগ রয়েছে। জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। উন্নত ও শিল্পোন্নত অনেক দেশ বর্তমানে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং কর্মক্ষম জনগোষ্ঠীর ঘাটতির মুখোমুখি হচ্ছে। তাদের স্বাস্থ্যসেবা, নির্মাণ, উৎপাদন, পরিবহন, কৃষি, প্রযুক্তি, হোটেল-রেস্তোরাঁ এবং বিভিন্ন সেবা খাতে দক্ষ কর্মীর প্রয়োজন হচ্ছে। কিন্তু এসব বাজারে প্রবেশের জন্য শুধু সনদ যথেষ্ট নয়। প্রয়োজন আন্তর্জাতিক মানের কারিগরি ও পেশাগত দক্ষতা, ভাষাজ্ঞান, কাজের অভিজ্ঞতা এবং স্বীকৃত সনদ।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কয়েকটি বিষয়ে অগ্রাধিকার দেওয়া জরুরি। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, পরিচালনা ও মান নিয়ন্ত্রণে কঠোর ও বাস্তবভিত্তিক স্বীকৃতি ব্যবস্থা কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে মাধ্যমিক স্তর থেকেই ব্যাবহারিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ, বাধ্যতামূলক ইন্টার্নশিপ এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। চতুর্থত, গবেষণা ও উদ্ভাবনের জন্য পর্যাপ্ত অর্থায়ন এবং গবেষণার ফল বাণিজ্যিক ও সামাজিক প্রয়োগে নেওয়ার ব্যবস্থা করতে হবে। পঞ্চমত, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী ভাষা, কারিগরি দক্ষতা ও পেশাগত সনদ অর্জনের সুযোগ বাড়াতে হবে। ষষ্ঠত, স্নাতকদের কর্মসংস্থান, বেকারত্ব ও পেশাগত সামঞ্জস্য সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অর্থায়ন, ইনকিউবেশন ও বাজারসংযোগের সুযোগ দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোই যে উচ্চশিক্ষার মান উন্নয়নের একমাত্র উপায়, এমন ধারণা গ্রহণযোগ্য নয়। দেশের প্রয়োজন অনুযায়ী নতুন বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দরকার হতে পারে। তবে প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষার মান, শিক্ষক নিয়োগ, গবেষণা সক্ষমতা, অবকাঠামো এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের নিশ্চয়তা থাকতে হবে। শুধু ভবন নির্মাণ বা নতুন প্রতিষ্ঠান স্থাপনে বিনিয়োগ করলেই হবে না; বিনিয়োগের বড় অংশ ব্যয় করতে হবে শিক্ষক প্রশিক্ষণ, গবেষণাগার, আধুনিক শিক্ষা উপকরণ, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে।
বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার মানুষ। কিন্তু এই সম্পদ তখনই অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে, যখন মানুষ হবে দক্ষ, সৃজনশীল, প্রযুক্তিতে সক্ষম ও উৎপাদনশীল। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং কারিগরি শিক্ষার মধ্যে মর্যাদার কৃত্রিম বিভাজন দূর করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর জন্য তাঁর যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী উপযুক্ত শিক্ষাপথ এবং কর্মজীবনের সুযোগ নিশ্চিত করা জরুরি। আমাদের লক্ষ্য হওয়া উচিত কতজন স্নাতক তৈরি হলো, তা গণনা করা নয়; বরং কতজন দক্ষ, কর্মক্ষম ও উদ্ভাবনী মানুষ তৈরি হলো, তা নিশ্চিত করা। বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে এই লক্ষ্য সামনে রেখেই আমূল সংস্কার করতে হবে।
লেখক : ডিন, বিজ্ঞান অনুষদ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), ঢাকা