মাছুম বিল্লাহ
আমাদের ইংরেজির শিক্ষকরা শিক্ষার্থীদের সব সময় বাংলায় বলেন যে তোমরা ইংরেজিতে কথা বলা শিখবে, তা না হলে ভালো চাকরি পাবে না, এটি বিদেশে যাওয়ার জন্যও খুব বেশি প্রয়োজন। এসব কোনো কথাই কাজে লাগে না। কারণ একজন শিক্ষক যখন ইংরেজিতে কথা বলেন, সেটি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন, সেটিই শিক্ষার্থীদের জন্য বড় আনন্দ। তারা আনন্দে ইংরেজি শিখতে চাইবে। কারণ যখন দেখবে যে তাদের শিক্ষক সহজ ও বোধগম্য ভাষায় সুন্দরভাবে ইংরেজিতে কথা বলছেন, তখন তারাও ইংরেজিতে কথা বলতে উৎসাহিত হবে। অনেক শিক্ষক বলেন, স্যার, ক্লাসে ইংরেজি বললে শিক্ষার্থীরা বোঝে না। দেখলাম, তাঁরা নিজেরাই বলতে পারছেন না।
দ্বিতীয়ত, সেখানে তো আপনার দেখানোর প্রয়োজন নেই, শিক্ষার্থীরা কিভাবে বোঝে সেভাবে বলুন, সেটিও একটি গবেষণা, সেটিই আপনার বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ইংরেজিতে কথা বলার কোনো অবস্থায়ই নেই শিক্ষার্থীরা! তাদের কাছ থেকে আমাদের আশা করাটা কতটা সঠিক হচ্ছে, সেটি ভেবে দেখতে হবে। পাবলিক পরীক্ষার প্রশ্নগুলো দেখলেই বোঝা যায় আমরা কতটা অবাস্তব আশা করছি শিক্ষার্থীদের কাছ থেকে।
এই পরিস্থিতিতে প্রাথমিকের শিক্ষার্থীদের ইংরেজিত কথা বলা ও শোনার প্র্যাকটিস করার কথা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তথা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে। উদ্যোগটি প্রশংসনীয়, কিন্তু যেভাবে বলা হচ্ছে, সেটি কতটা কার্যকর, সেটি নিয়েই আজকের এই লেখা। প্রাথমিকের শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। লিখিত পরীক্ষার দিনই পরীক্ষার আগে বা পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীর শোনা, বলা ও পড়ার দক্ষতা যাচাই করা হবে।
শিক্ষার্থীদের প্রত্যেককে পৃথকভাবে মূল্যায়ন করা হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন/বাকপ্রতিবন্ধী শিশুর ক্ষেত্রে বিকল্প প্রকাশের মাধ্যমে মূল্যায়ন করার কথাও বলা হয়েছে।
নির্দেশিকার খ-৪ অংশে মৌখিক পরীক্ষার জন্য প্রশ্নের কাঠামো উল্লেখ করা হয়েছে। প্রতি প্রান্তিকে সামষ্টিক মূল্যায়নের জন্য এই কাঠামো অনুসরণ করার কথা। মৌখিক (শোনা, বলা ও পড়া) পরীক্ষা গ্রহণের সময় শিক্ষক ভাষার বিভিন্ন দক্ষতা মূল্যায়নের জন্য নিম্নবর্ণিত বিষয় ও কাজগুলো থেকে যৌক্তিকভাবে এক/একাধিক কার্যক্রম বাছাই করবেন। লিসেনিং (লিসেনিং টু দি ইনস্ট্রাকশন অ্যান্ড ফলোইং দেম)। শিক্ষক কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশন রিলেটেড লেসনস, সাউন্ড এবং লিসেনিং ফোকাস টেক্সট ইত্যাদি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন ও নম্বর প্রদান করবেন। শিক্ষক নিজে অথবা শিক্ষার্থীদের দ্বারা কিংবা অডিও-ভিডিও টুল ব্যবহার করে একটি টেক্সট, রাইম/পোয়েম শিক্ষার্থীকে শোনাবেন। এরপর ছোট ছোট প্রশ্ন-উত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের শোনার দক্ষতা মূল্যায়ন করবেন।
স্পিকিং (সেইং অ্যাবাউট এ ফ্যামিলিয়ার টপিক) : শিক্ষার্থী নিজের/চারপাশের/পাঠ্যপুস্তকে পরিচিত হয়েছে এমন কোনো বিষয় সম্পর্কে সঠিক উচ্চারণে এক মিনিট বলবে। শিক্ষক বিভিন্ন ধরনের ছবি দেখিয়েও শিক্ষার্থীকে সে সম্পর্কে বলতে বলবেন। শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে ইংরেজিতে সংক্ষিপ্ত কথোপকথনের মাধ্যমে শিক্ষার্থীর বলার দক্ষতা যাচাই করবেন। রিডিং : পাঠ্যপুস্তকের/সমমানের পাঠ বা পাঠ্যাংশ সরবে পড়তে দিয়ে শিক্ষার্থী তা সঠিক উচ্চারণে পড়তে পারছে কি না, তা যাচাই করবেন। শিক্ষক পাঠ্যপুস্তকের/সমমানের টেক্সট পড়তে দিয়ে তার ওপরে মৌখিক প্রশ্ন করবেন এবং শিক্ষার্থীকে উত্তর দিতে বলবেন ও পঠন বোধগম্যতা যাচাই করবেন।
ভাষা দক্ষতা (১০ নম্বর) : শিক্ষক সহায়িকায় বর্ণিত শিখনফলের আলোকে শিক্ষক প্রত্যেক পিরিয়ডে শিক্ষার্থীর ভাষাদক্ষতা (শোনা, বলা, পড়া ও লেখা মূল্যায়ন) করবেন। শিখন-শেখানো কার্যক্রম চলাকালে বিভিন্ন কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণের সময় শিক্ষক সচেতনভাবে প্রত্যেক শিক্ষার্থীর শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা উন্নয়ন লক্ষ করবেন। শিক্ষার্থীর ভাষাদক্ষতা উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ফলাবর্তন দেবেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর ক্ষেত্রে বিকল্প প্রকাশের মাধ্যমে মূল্যায়ন করতে হবে।
ধারাবাহিক মূল্যায়নের সময় বিশেষ করে ‘পড়া’ দক্ষতার ওপর শিক্ষক গুরুত্ব দেবেন। শ্রেণি অনুযায়ী শিক্ষার্থীদের বর্ণ, শব্দ, বাক্য, অনুচ্ছেদ পড়তে দেবেন। বোধগম্যতা যাচাইয়ের জন্য সমমানের পাঠ পড়তে দিয়ে এবং সংশ্লিষ্ট প্রশ্ন করে উত্তর বলতে/লিখতে বলবেন। পড়া দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া মানে কী? শিক্ষার্থীদের শ্রেণি ও বয়স উপযোগী কোনো পাঠ্যাংশ পড়তে দিয়ে সেটি বুঝতে পেরেছে কি না, তা যাচাইয়ের জন্য ছোট প্রশ্ন, সত্য/মিথ্যা, বাক্য সম্পূর্ণকরণ, গ্যাপ ফিলিংসহ বহু আইটেম ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত, পড়তে দেওয়া আর পড়তে পারা মানে রিডিং স্কিল নয়, একটি ভুল মেসেজে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা। আপনি শিক্ষার্থীর রিডিং স্কিল টেস্ট করতে চাচ্ছেন, আবার সে দেখে পড়তে পারছে কি না, সেটিও দেখতে চাচ্ছেন। সেটি তো রিডিং স্কিল নয় এবং সেটি পরীক্ষার বিষয় নয়। সেটি ক্লাসে শিক্ষক পড়াবেন। উচ্চারণ শেখানোর জন্য বা পড়তে পারে কি না, না পারলে আবার পড়ানো, সেগুলো ক্লাসের বিষয়। এটি স্কিলের বিষয় নয়, এটি পরীক্ষার বিষয় নয়।
শিখন-শেখানো কার্যক্রম চলাকালে বিভিন্ন অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের সময় শিক্ষক সচেতনভাবে প্রত্যেক শিক্ষার্থীর শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা উন্নয়নের বিষয়ে গুরুত্ব প্রদানের কথা নির্দেশিকায় বলা হয়েছে। শিক্ষার্থীর ভাষাদক্ষতা উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় ফলাবর্তন দেবেন এবং মূল্যায়ন নম্বর দেবেন। এই শোনা, বলা, পড়া ও লেখা কি ইংরেজিতে, না বাংলায়? শিক্ষার্থীরা কার ইংরেজি শুনবে, কার সঙ্গে বলবে, পড়া ও লেখা একই সঙ্গে হবে? ফলাবর্তন মানে ফিডব্যাক—সেটি কি যে কেউ দিতে পারে? এটি একটি বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ, সেটি দেওয়ার নিয়ম আছে। কেউ এটিকে মনে করে নিছক সমালোচনা, কেউ মনে করে এটি দোষ ধরার পদ্ধতি, আর কেউ মনে করে অযথাই প্রশংসা করা। কিন্তু যারা প্রফেশনাল ফিডব্যাক দিতে পারেন, তাঁরা এটিকে পেশাগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি বা হাতিয়ার হিসেবে দেখেন। এখানে বলা হয়েছে, শিক্ষার্থীদের ফিডব্যাক দেবেন শিক্ষক, সেই কথাটিও বাংলায় লেখা হয়েছে। অথচ বলা হচ্ছে শিক্ষার্থীদের স্পোকেন ইংরেজি শেখাতে ও উন্নত করার কথা। ইংরেজিতে কোনো নির্দেশনা নেই। সব বাংলায়, তাহলে কিসের স্পোকেন টেস্ট করা হবে?
কোনো বিষয়ই ক্লিয়ার না, শিক্ষকরা তো রীতিমতো ধন্দের মধ্যে আছেন। যাঁরা সাহায্যকারী বা নোট বই তৈরি করেন, তাঁদের এসব ধারণার ওপর ভিত্তি করে একেক প্রকাশনী একেক ধরনের বই তৈরি করেছে। শিক্ষার্থী ও শিক্ষকরাও সেগুলো অনুসরণ করে একেক এলাকায় একেক রকম স্পোকেন ইংরেজি চালু করার অবস্থা তৈরি করছেন। এমনকি একেক শিক্ষক একেক রকম তা করাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, কেউই ইংরেজি পড়াচ্ছেন না, সবাই হয় বাংলা, না হয় বাংরেজি পড়াচ্ছেন। তাহলে শিক্ষার্থীদের কাছ থেকে স্পোকেন ইংরেজি কিভাবে আশা করতে পারি?
একজন বললেন যে এনসিটিবির প্রাথমিক বইয়ের কোথাও কোনো বাংলা নেই, শিক্ষকরা কিছুই বুঝতেছেন না। আমি বললাম, এটিই তো সঠিক কাজ। ইংরেজি বইয়ে বাংলা থাকবে না। কথাটি তাঁদের পছন্দ হয়নি। তারপর একটি উদাহরণ দিলেন যে তাঁরা প্রাথমিক ইংরেজি বইয়ের বাংলা করেছেন, সেটি এক সপ্তাহে নাকি শত শত বই বিক্রি হয়ে গেছে। কারণটি হচ্ছে, শিক্ষকরা কিংবা সংশ্লিষ্ট কেউই বুঝতেই পারছেন না যে এটি ইংরেজি শেখার বা শেখানোর পদ্ধতি নয়। শিক্ষকদের কে বোঝাবে?
শিক্ষার্থীদের টেক্সট বই থেকে ইংরেজির চারটি স্কিলের প্র্যাকটিস করানো হলে শিক্ষার্থীদের জন্য এটি রিএনফোর্স করা হতো। তারা এবং অভিভাবক ও শিক্ষক বইয়ের চ্যাপ্টার ও লেসনগুলো আরো গুরুত্ব দিয়ে পড়তেন। বইয়ে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের জন্য যদিও অনেক অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো সবাই করান না, একবার-দুইবার কোনো কোনো স্কুলে করানো হলেও সব শিক্ষার্থী সমানভাবে তা ডাইজেস্ট করতে পারে না। তাই এখান থেকে প্রশ্ন করা হলে তাদের ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস হতো, গ্রামার প্র্যাকটিস হতো, লেসনের মেসেজগুলোও শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারত। কিন্তু আমাদের কথা কে শোনে?
লেখক : প্রেসিডেন্ট, ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব)