শিরোনাম
Advertisement
মুক্তস্বর

বিশ্ববিদ্যালয় যেভাবে কর্মসংস্থান তৈরির কেন্দ্র হতে পারে

Advertisement

মোহাম্মদ মনিনুর রশিদ


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক প্রতিবেদন বলছে, বাংলাদেশে প্রতি ১০০ শিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জন বেকার। শিক্ষিত তরুণদের উচ্চ বেকারত্বের এই হার নিয়ে সংগত কারণেই আমাদের উচ্চশিক্ষা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সে জন্য বিশ্ববিদ্যালয় কীভাবে কর্মসংস্থানে ভূমিকা পালন করতে পারে, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। সম্প্রতি বাংলাদেশ সরকার ও কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কোয়িকা) সহায়তায় দক্ষিণ কোরিয়ায় একটি শিক্ষা সফরে আমার অংশ নেওয়ার সুযোগ হয়েছে। সফরের উদ্দেশ্য ছিল কোরিয়ার স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন নীতি, বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং কর্মসংস্থান সৃষ্টির অভিজ্ঞতা সম্পর্কে ধারণা অর্জন। বাংলাদেশের উচ্চশিক্ষায় এসব অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যায়, সেটিও ছিল সফরের অন্যতম বিবেচ্য। সফরের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি, বিশ্ববিদ্যালয়কে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দেখলে তার সম্ভাবনার বড় একটি অংশ অব্যবহৃত থেকে যায়। বিশ্ববিদ্যালয় একই সঙ্গে জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন, প্রযুক্তির প্রয়োগ, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির কেন্দ্র হয়ে উঠতে পারে।

কোরিয়ার পাঁচটি মডেল: উদ্যোক্তা উন্নয়নের ভিন্ন পথ
সফরে পাঁচটি গুরুত্বপূর্ণ স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন মডেল সম্পর্কে জানার সুযোগ হয়েছে– হানইয়াং বিশ্ববিদ্যালয়, কুকমিন বিশ্ববিদ্যালয়, কোরিয়া ইনস্টিটিউট অব স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের (কিসেড) গ্লোবাল স্টার্টআপ সেন্টার, অরেঞ্জ প্ল্যানেট এবং ইওয়া উইমেন্স ইউনিভার্সিটি। হানইয়াং বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার, শিল্প-অংশীদার ও ইনকিউবেশন সুবিধাকে একই উদ্যোগ-উন্নয়ন ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। কুকমিন বিশ্ববিদ্যালয়ের সিউল ক্যাম্পাস টাউন মডেলে বিশ্ববিদ্যালয় ও নগরভিত্তিক স্টার্টআপ সহায়তা দেওয়া হয়। কিসেড গ্লোবাল স্টার্টআপ সেন্টার বিদেশি উদ্যোক্তাদের জন্য সমন্বিত সহায়তা দেয়। অরেঞ্জ প্ল্যানেট করপোরেট সামাজিক দায়বদ্ধতার অর্থায়ন, বিনামূল্যের কর্মপরিসর ও পরামর্শকের মাধ্যমে উদ্যোক্তাদের সহায়তা করে। ইওয়া উইমেন্স ইউনিভার্সিটি নারী উদ্যোক্তা এবং আন্তঃবিষয়ক উদ্ভাবনী দল গঠনে গুরুত্ব দেয়। ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাও বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৯৮ সালে একটি ইনকিউবেশন সেন্টার হিসেবে শুরু হওয়া উদ্যোগটি দীর্ঘ সময়ের ধারাবাহিকতায় শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সাবেক শিক্ষার্থীদের জন্য বিস্তৃত উদ্যোক্তা সহায়তা ব্যবস্থায় পরিণত হয়েছে। এখানে ব্যবসার ধারণা যাচাই, মেন্টরিং, গবেষণার বাণিজ্যিক প্রয়োগ, বিনিয়োগ সংগ্রহ এবং বাজারে প্রবেশের সহায়তা দেওয়া হয়।

এসব উদাহরণ দেখায়, উদ্যোক্তা উন্নয়নের জন্য একটিমাত্র মডেল যথেষ্ট নয়। বিশ্ববিদ্যালয়, সরকার, করপোরেট প্রতিষ্ঠান ও বিশেষায়িত সহায়তা কেন্দ্রের সমন্বয়ে একটি কার্যকর ইকোসিস্টেম গড়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এমন ব্যবস্থা এক দিনে তৈরি হয় না; প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি।

জনমিতিক লভ্যাংশ কাজে লাগানোর সময় এখনই
বাংলাদেশের জন্য এ অভিজ্ঞতা বিশেষভাবে প্রাসঙ্গিক। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার প্রায় ৬৬ শতাংশের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে। কর্মক্ষম মানুষের এই বড় অংশ আমাদের জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের সুযোগ সৃষ্টি করেছে। তবে এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে আসে না। কর্মক্ষম জনগোষ্ঠী উপযুক্ত শিক্ষা, দক্ষতা ও উৎপাদনশীল কাজের সুযোগ না পেলে জনমিতিক লভ্যাংশ বাস্তবে রূপ নেয় না। এ সুযোগ চিরস্থায়ীও নয়। তাই তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়; উদ্যোক্তা, উদ্ভাবক ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন এখনই।

সরকারের নির্বাচনী ইশতেহারেও কর্মসংস্থান সৃষ্টি, কর্মসংস্থানমুখী শিক্ষা, তরুণদের দক্ষতা বৃদ্ধি, স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব অঙ্গীকার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয় শ্রমবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারে; গবেষণাকে নতুন পণ্য ও সেবায় রূপ দিতে পারে এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে।

বিশ্ববিদ্যালয় ৩.০: জ্ঞান থেকে কর্মসংস্থান
আন্তর্জাতিক আলোচনায় ‘বিশ্ববিদ্যালয় ৩.০’ ধারণাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পাশাপাশি উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক ও সামাজিক মূল্য সৃষ্টির সম্প্রসারিত ভূমিকা বোঝায়। এটি কোনো সর্বজনস্বীকৃত আনুষ্ঠানিক শ্রেণিবিন্যাস নয়; বরং বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ভূমিকার একটি ধারণাগত কাঠামো। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সক্ষমতা অনুযায়ী প্রযুক্তি হস্তান্তর দপ্তর, উদ্ভাবন কেন্দ্র ও ব্যবসায়িক ইনকিউবেশন কেন্দ্র গড়ে তোলা যেতে পারে। এগুলো শিক্ষার্থী ও গবেষকদের ধারণা যাচাই, প্রোটোটাইপ তৈরি, মেধাস্বত্ব সংরক্ষণ, ব্যবসায়িক পরিকল্পনা এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগে সহায়তা করবে।

কোরিয়ার অভিজ্ঞতা থেকে পাঁচটি নীতিগত শিক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, বিচ্ছিন্ন কর্মসূচির পরিবর্তে একটি সমন্বিত সহায়তা ব্যবস্থা ‘ওয়ান পাইপলাইন, ওয়ান ফ্রন্ট ডোর’ গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, মেধাস্বত্ব, শিক্ষক-উদ্যোক্তা কার্যক্রম ও গবেষণার বাণিজ্যিক প্রয়োগ নিয়ে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। তৃতীয়ত, প্রশিক্ষণের সংখ্যা নয়; উদ্যোগের স্থায়িত্ব, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ফল মূল্যায়ন করতে হবে। চতুর্থত, উদ্যোক্তা শিক্ষা হবে ধাপে ধাপে– উদ্যোক্তা-মানসিকতা তৈরি, ধারণার বিকাশ এবং বাস্তব উদ্যোগ প্রতিষ্ঠার সহায়তা। পঞ্চমত, শিক্ষার্থী, শিক্ষক, নারী, গবেষক, সাবেক শিক্ষার্থীসহ সবার জন্য অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

দায়িত্ব শুধু বিশ্ববিদ্যালয়ের নয়
একটি কার্যকর উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে চারটি পক্ষের ভূমিকা প্রয়োজন: প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও অশিক্ষক কর্মচারী। প্রশাসন নীতি ও বাজেট নিশ্চিত করবে; শিক্ষক গবেষণা, উদ্ভাবন ও মেন্টরিংয়ে যুক্ত হবেন; শিক্ষার্থীরা উদ্যোগ নেবেন; অশিক্ষক কর্মচারীরা প্রশাসনিক সহায়তা দেবেন। বিশ্ববিদ্যালয়ের বাইরেও পাঁচটি পক্ষকে যুক্ত করতে হবে: সরকার, শিল্পপ্রতিষ্ঠান, নগর কর্তৃপক্ষ ও স্থানীয় জনগোষ্ঠী, বিনিয়োগকারী এবং অংশীদার ও সাবেক শিক্ষার্থী। সরকার নীতি ও অর্থায়ন দেবে; শিল্পপ্রতিষ্ঠান প্রযুক্তি ও বাজারের সঙ্গে সংযোগ তৈরি করবে; স্থানীয় জনগোষ্ঠী বাস্তব সমস্যা ও চাহিদা তুলে ধরবে; বিনিয়োগকারীরা পুঁজি দেবেন; সাবেক শিক্ষার্থীরা মেন্টরিং ও নেটওয়ার্কে সহায়তা করবেন। বিশ্ববিদ্যালয় হবে এই অংশীদারিত্বের কেন্দ্রীয় সমন্বয়কারী।

বাংলাদেশের জন্য করণীয়
সব বিশ্ববিদ্যালয়ের জন্য একই উদ্যোক্তা মডেল উপযোগী হবে না। কৃষিপ্রধান অঞ্চলের বিশ্ববিদ্যালয় কৃষিপ্রযুক্তি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে; উপকূলীয় বিশ্ববিদ্যালয় সামুদ্রিক সম্পদ ও জলবায়ু অভিযোজনে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রযুক্তি, সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্যোগে ভূমিকা রাখতে পারে। এভাবে বিশ্ববিদ্যালয় স্থানীয় অর্থনীতিরও চালিকাশক্তি হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ের সাফল্য মূল্যায়নে ডিগ্রি ও গবেষণাপত্রের পাশাপাশি স্নাতকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান, নতুন উদ্যোগের সংখ্যা, সৃষ্ট কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণার বাস্তব প্রয়োগ বিবেচনা করা প্রয়োজন। নারী শিক্ষার্থীদের উদ্যোক্তা কার্যক্রমে অংশগ্রহণের বাধা দূর করাও জরুরি।

এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয় জাতীয় নীতিকাঠামো তৈরি করতে পারে। প্রাথমিকভাবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পাইলট কর্মসূচির মাধ্যমে ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার ও প্রযুক্তি হস্তান্তর দপ্তর প্রতিষ্ঠা করা যেতে পারে। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের মতো উচ্চশিক্ষা উন্নয়ন উদ্যোগের আওতায়ও এ ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলার সম্ভাবনা বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি মেধাস্বত্ব, স্টার্টআপ অর্থায়ন, শিল্প-অংশীদারিত্ব ও ফলাফল মূল্যায়নের নীতিমালা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ার মডেল হুবহু অনুসরণ নয়; বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা অনুযায়ী উপযোগী ব্যবস্থা গড়ে তোলাই হবে মূল কাজ। বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগের সুফল শুধু কতজন স্নাতক তৈরি হলো বা কতটি গবেষণাপত্র প্রকাশিত হলো, তা দিয়ে মাপা যথেষ্ট নয়। দেখতে হবে কত নতুন উদ্ভাবন বাস্তবে রূপ পেল, কত উদ্যোগ তৈরি হলো এবং কত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হলো।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কি শুধু চাকরির বাজারের জন্য স্নাতক তৈরি করবে, নাকি সেখানে এমন মানুষ তৈরি করবে, যারা নিজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরি করবেন? উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তরের জন্য এ প্রশ্নের উত্তর খুঁজতেই হবে।


লেখক: অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), ঢাকা বিশ্ববিদ্যালয়; ন্যাশনাল কনসালট্যান্ট, হিট প্রকল্প, ইউজিসি

এ বিভাগের আরও সংবাদ