শিরোনাম
Advertisement
স্বপ্নসিঁড়ি

নাসায় মাহমুদা সুলতানার স্বপ্নযাত্রা

Advertisement

ছোটবেলা থেকেই বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন মাহমুদা সুলতানা। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি ছিল গভীর আগ্রহ। একসময় সেই আগ্রহ আর অধ্যবসায় তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ মহাকাশ গবেষণা সংস্থা নাসায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্ল্যানেটারি এনভায়রনমেন্টস ল্যাবে ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। তাঁর গবেষণার বিষয় ন্যানোপ্রযুক্তি, উন্নত সেন্সর এবং মহাকাশ অনুসন্ধানের জন্য নতুন বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবন।

মাহমুদার বেড়ে ওঠা বাংলাদেশে। তাঁর বাবা ছিলেন একজন প্রকৌশলী। পরিবারের এক আত্মীয় নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে পদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করতেন। তাঁর কাছ থেকে মহাকাশ গবেষণার নানা গল্প শুনতেন মাহমুদা। ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলে যান। ভর্তি হন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়। সেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। অসাধারণ ফলাফলের জন্য পান Summa Cum Laude সম্মাননা। পরে বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন। সেখানে কোয়ান্টাম মেকানিকসে বিশেষায়ন করেন। এমআইটিতে পড়ার সময় একটি ক্যারিয়ার ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিচ্ছিলেন।

শেষ সিভিটি দেন নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে। তাঁর গবেষণার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা নাসার কর্মকর্তাদের আগ্রহ তৈরি করে। সাক্ষাৎকারের পর চাকরির সুযোগ পান। ২০১০ সালে যোগ দেন নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে। নাসায় যোগ দেওয়ার পর মাহমুদা কাজ করেন উন্নত সেমিকন্ডাক্টর, মাইক্রোইলেকট্রনিক ডিভাইস ও ন্যানোম্যাটেরিয়াল নিয়ে। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাইক্রোশাটার অ্যারে উন্নয়ন। এ ছাড়া গ্রাফিনভিত্তিক সেন্সর, এক্স-রে ডিটেক্টর এবং ক্ষুদ্রাকৃতির উন্নত বৈজ্ঞানিক যন্ত্র তৈরিতেও কাজ করেছেন তিনি। তাঁর উদ্ভাবনী গবেষণার স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার তাঁকে ‘ইনোভেটর অব দ্য ইয়ার’ পুরস্কার দেয়।

তাঁর আরেকটি উল্লেখযোগ্য গবেষণা কোয়ান্টাম ডট স্পেকট্রোমিটার। কোয়ান্টাম ডট ব্যবহার করে প্রচলিত যন্ত্রের তুলনায় ছোট ও হালকা স্পেকট্রোমিটার তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে এ প্রযুক্তি ব্যবহার করে চাঁদ ও অন্যান্য গ্রহের মাটি, পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের রাসায়নিক উপাদান বিশ্লেষণ করা সম্ভব হতে পারে। নেপচুন ও তার উপগ্রহ ট্রাইটন অনুসন্ধানের জন্য তাঁর নেতৃত্বাধীন ‘সায়েন্সক্রাফট ফর আউটার প্ল্যানেট এক্সপ্লোরেশন’ গবেষণা উল্লেখযোগ্য। ২০২২ সালে এটি নাসার ইনোভেটিভ অ্যাডভান্সড কনসেপ্টস কর্মসূচির প্রথম পর্যায়ের অর্থায়ন পায়। গবেষণায় অবদানের জন্য মাহমুদা সুলতানা একাধিক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রয়েছে নাসার আর্লি ক্যারিয়ার অ্যাচিভমেন্ট মেডেল, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের গ্রুপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, গডার্ড ইনোভেটর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এবং টেকনিক্যাল এক্সিলেন্সের জন্য রবার্ট এইচ গডার্ড অ্যাওয়ার্ড। ২০২৩ সালে তিনি নাসার এক্সিলেন্স ইন মেন্টরিং স্বীকৃতিও অর্জন করেন।

এ বিভাগের আরও সংবাদ