পাকিস্তানের বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে পড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। পাকিস্তান সরকারের পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (পিটিএপি) আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএসে ২০টি এবং বিডিএসে পাঁচটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।এসব আসনে ভর্তির জন্য আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ফলে নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা পাকিস্তানের বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের ১৬ নভেম্বর ২০২৬–এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি পাকিস্তান সরকারের এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের পাকিস্তানের মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনে জমা দিতে হবে।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (এইচএসসি, এফএসসি বা এ-লেভেল) রসায়ন ও জীববিজ্ঞানসহ উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি মধ্যবর্তী পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়া এসএটি-II, ফরেন এমসিএটি, ইউসিএটি অথবা এমডিসিএটি —এই পরীক্ষাগুলোর যে-কোনো একটিতে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের ইন্টার বোর্ড কমিটি অব চেয়ারম্যানস (আইবিসিসি), ইসলামাবাদ থেকে সমতা সনদ (ইকুইভ্যালেন্স সার্টিফিকেট) সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে এ সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।





