Author: প্রিয় ক্যাম্পাস ডেস্ক

  • চারুকলায় ফ্যাসিস্টের মোটিফে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি

    চারুকলায় ফ্যাসিস্টের মোটিফে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি

    ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’ প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ কর্তৃক নির্মিত দানবীয় ফ্যাসিস্টের প্রতীকী মোটিফ পোড়ানোর ঘটনা তদন্তের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    শনিবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

    তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে।

    কমিটির অন্য সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল এবং সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী।

    সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

  • পিএসএল থেকে ছিটকে গেলেন লিটন দাস

    পিএসএল থেকে ছিটকে গেলেন লিটন দাস

    প্রথমবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সে কারণে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলেও ছিলেন না। কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেল লিটনের পিএসএল যাত্রা। অনুশীলনে তিনি আঙুলে চোট পান, পরে চিড় ধরা পড়ায় তিনি পিএসএল না খেলেই দেশে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানিয়েছেন, ‘লিটনের থাম্বে আঘাত লেগেছে, দেশে ফিরে আসছে। বাকিটা আসলে বলতে পারব।’

    ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিটন নিজেও ইনজুরির কথা জানিয়েছেন। যা থেকে সেরে উঠতে ২ সপ্তাহ সময় লাগবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। আমি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য আসলেই রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল সৃষ্টিকর্তার। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পাই। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে জানা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে এবং চোট সারাতে ন্যূনতম ২ সপ্তাহ লাগতে পারে।’

    দ্রুত চোট থেকে সেরে ওঠার জন্য প্রার্থনা কামনা করে দেশে ফিরে আসার কথাও জানালেন এই বাংলাদেশি তারকা, ‘দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। আমি দেশে ফিরে আসছি এবং দ্রুত চোট কাটিয়ে উঠতে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা।’

    প্রসঙ্গত, গতকাল (১১ এপ্রিল) থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর। আসরের উদ্বোধনী ম্যাচেই আরেক বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের সঙ্গে ইসলামাবাদ ইউনাইটেড মুখোমুখি হয়েছিল। তবে রিশাদবিহীন ম্যাচটি বড় ব্যবধানে হেরেছে লাহোর। আজ (শনিবার) পিএসএল মিশন শুরুর কথা ছিল লিটনের দল করাচি কিংসের। রাত ৯টায় দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুলতান সুলতান্সের মুখোমুখি হবে।

    এর আগে ড্রাফট থেকে তিন বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায় পিএসএলের ভিন্ন তিনটি ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে পেশোয়ার জালমি, সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স দলে নেয়। পরবর্তীতে পিএসএলের শুরু থেকেই পুরো সময়ের জন্য লিটন-রিশাদকে এনওসি দিয়েছিল বিসিবি। আর রানা লিগটিতে খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের প্রথম টেস্ট শেষে।

  • মার্চ ফর গাজা : মিছিলে মিছিলে সোহরাওয়ার্দীতে আসছেন মানুষ

    মার্চ ফর গাজা : মিছিলে মিছিলে সোহরাওয়ার্দীতে আসছেন মানুষ

    ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধের দাবি এবং নির্যাতিত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

    বিকেল ৩টায় এই গণজামায়াতে শুরু কথা থাকলেও সকাল থেকেই উদ্যানের চারদিকের প্রবেশপথ দিঢে ছোট-বড় মিছিলে মিছিলে আসতে শুরু করেছে মানুষ।

    বেলা পৌনে ১২টায় লোকে লোকারণ্য হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা। বিকেলে এই জনসমাগমের ভিড়ে উদ্যানে তিল ধারনের ঠাঁই মিলবে না বলে ধারণা অনেকের।

    সরেজমিনে দেখা, সমাবেশে আসা প্রায় প্রত্যেকের হাতে রয়েছে দেশের পতাকা ও ফিলিস্তিনের পতাকা। সবার লক্ষ্য  সোহরাওয়ার্দী উদ্যান, সেখানেই গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়াই লক্ষ্য সবার।

    আয়োজকরা জানান, ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটিই হবে সবচেয়ে বড় জমায়েত। তারা দলমত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুহাম্মাদ আবদুল মালেক এই জমায়েতে সভাপতিত্ব করবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

    প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের গণমাধ্যম সমন্বয়ক শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, শনিবার দুপুর দুইটায় পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু করে তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশিবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে।

    তবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই ‘মার্চ’ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুপুর তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করা হবে। মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যাত্রা করা হবে না।

    এদিকে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাাজনীতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ভিডিও বার্তা দিছেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু), খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম, বুয়েটের প্রভাষক ও জনপ্রিয় ইউটিউবার এনায়েত চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোক্তার আহমেদ, ডা. জাহাঙ্গীর কবির, ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, ঝালকাঠি নেছারাবাদ দরবার শরিফের পীর ছাহেব আল্লামা খলিলুর রহমান নেছারাবাদী, উপস্থাপক আরজে কিবরিয়া, উদ্যোক্তা মাহমুদুল হাসান সোহাগ, অভিনেতা তামিম মৃধা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের ভিডিও বার্তাও দেখা গেছে। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ প্রমুখ।

  • ফুল বিজু উৎসব [ফটো স্টোরি]

    ফুল বিজু উৎসব [ফটো স্টোরি]

    বিজু উৎসব হলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় ও প্রাণবন্ত উৎসব। এটি মূলত বর্ষবরণ উৎসব, যা প্রতি বছর এপ্রিল মাসে পালিত হয়। বিজু তিনদিনব্যাপী অনুষ্ঠিত হয় এবং এর প্রতিটি দিনেই রয়েছে আলাদা আলাদা তাৎপর্য।

    প্রথম দিনটি ফুল বিজু, যেখানে নদী, পুকুর ও ঘরবাড়ি পরিষ্কার করা হয়, ঘর সাজানো হয় ফুল দিয়ে, এবং ছোটরা বড়দের শ্রদ্ধা জানায়।

    দ্বিতীয় দিনটি মূল বিজু, এটি মূলত আনন্দ-উৎসবের দিন। এদিন পরিবার-পরিজন একত্রিত হয়, রান্না হয় ঐতিহ্যবাহী খাবার — বিশেষ করে ‘পঁজন তন’, যা ২০-২৫টি সবজির মিশ্রণে তৈরি এক অনন্য খাবার। নাচ, গান, এবং সামাজিক অনুষ্ঠান চলে সারা দিন।

    তৃতীয় দিনটি গোজ্যা পোজ্যা দিন, যেখানে নদীতে বা ঝর্ণায় গা ধুয়ে আত্মশুদ্ধি করা হয় এবং পুরনো বছরের কষ্ট মুছে ফেলার প্রতীকী চর্চা করা হয়।

    বিজু শুধুমাত্র একটি উৎসব নয় — এটি প্রকৃতি, সংস্কৃতি ও সম্পর্কের এক অপূর্ব সংমিশ্রণ, যা পার্বত্য অঞ্চলের মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।

    রাজধানীর রমনা পার্কের লেকেও এই উৎসব পালন করেছেন চাকমা জনগোষ্ঠীরা। ছবি ও লেখা রায়হান শাখাওয়াত তুহিনের ফেসবুক থেকে নেওয়া।

     

  • চারুকলায় আগুন: পুড়ে গেল আনন্দ শোভাযাত্রার শেখ হাসিনার মোটিফ

    চারুকলায় আগুন: পুড়ে গেল আনন্দ শোভাযাত্রার শেখ হাসিনার মোটিফ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে আগুন লেগে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ (মুখাকৃতি) পুরোপুরি পুড়ে গেছে। এছাড়া ‘শান্তির পায়রা’ মোটিফটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে এই মোটিফগুলো পুড়ে গেল তা যাচাই করার জন্য চারুকলার সিসিটিভির ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    শনিবার ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে।

    এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, পুলিশ ও প্রক্টরিয়াল মোবাইল টিম চারুকলায় নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর সাড়ে চারটার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে বের হয়।

    এর কিছু সময় পরেই যে জায়গাতে শেখ হাসিনার মোটিফটি ছিল, সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো হলেও শেখ হাসিনার ফ্যাসিস্ট মোটিফটি সম্পূর্ণ পুড়ে গেছে। এটা একেবারে পরিকল্পিতভাবে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    তিনি আরও বলেন, ঘটনাটি ঘটার পরপরই সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, পুলিশের কর্মকর্তারা এসে উপস্থিত হন। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, কীভাবে এ ঘটনা ঘটছে।

    এ ঘটনায় অনেক শিক্ষার্থী অভিযোগ করে বলেছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ পুড়িয়ে ফেলা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

  • কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ

    কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ

    দেশের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এদিন ভর্তি পরীক্ষা ৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং ১৩টি উপকেন্দ্রে একযোগে বিকেল ৩টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত চলবে।

    জানা গেছে, এ বছর মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরী‌তে আবেদন ক‌রে‌ছেন ৯৪ হাজার ২০ জন। সে হিসেবে আসন প্রতি লড়বেন প্রায় ২৪ জন ভর্তিচ্ছু।

    এবার আবেদনকারীদের মধ্যে ৪৬ হাজার ৯৩২ জন ছাত্র এবং ৪৭ হাজার ৮৮ জন ছাত্রী রয়েছেন। অর্থাৎ, প্রতি আসনের জন্য প্রতি‌যো‌গিতার সংখ‌্যা প্রায় ২৫ জন শিক্ষার্থী। এছাড়াও সম্ভাব্য আগামী ১৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

    একই দিনে ‘মার্চ টু গাজা’ কর্মসূচির কারণে যানজটের আশঙ্কা থাকায় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে এক ঘণ্টা বা তার আগেই কেন্দ্রে পৌঁছাতে বলা হয়েছে। বিশেষ করে ঢাকায় সড়কে যানজটের আশঙ্কা থাকায় এ নির্দেশনা দেওয়া হয়।

    ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে থাকছে কঠোর নজরদারি। প্রশ্নপত্র বিতরণে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে নির্ধারিত হলে হলে প্রশ্ন পৌঁছানো নিশ্চিত করা যায়। পরীক্ষার হলে প্রবেশের আগে পরীক্ষার্থীদের সম্পূর্ণ দেহ তল্লাশি করা হবে এবং কোনো ইলেকট্রনিক ডিভাইস বহনের সুযোগ থাকবে না।

    কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু আজ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ শুরু আজ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি যুদ্ধ শুরু হবে আজ শনিবার (১২ এপ্রিল)। ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৬ জন শিক্ষার্থী।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটে এক শিফটে পরীক্ষার নেওয়া হবে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এই ইউনিটে ৫৫৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসনপ্রতি লড়াই করবেন ৭৬ জন। বাণিজ্য শাখার জন্য ৩৬৭টি, বিজ্ঞান শাখার জন্য ১৬৬টি ও মানবিক শাখার ২৬টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

    বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে, অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

    পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় যেকোনো জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় তৎপর রয়েছে৷ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭০ জন ট্রাফিক সদস্য, ১৫০ জন পুলিশ সদস্য, ৩০ জন গোয়েন্দা পুলিশ ও বিএনসিসি ও স্কাউটের ২০০ জন সদস্য কাজ করবেন। অভিভাবকদের জন্য ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। খাবারের সমস্যা যেন না হয়, সে জন্য প্রক্টররা টহল দেবেন। এ ছাড়া অ্যাম্বুলেন্সসহ ফার্স্ট এইডের ব্যবস্থা রাখা হয়েছে।

  • দেশের ১১ অঞ্চলে ঝড় ও বৃষ্টির আভাস

    দেশের ১১ অঞ্চলে ঝড় ও বৃষ্টির আভাস

    রাজধানী ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে মধ্যরাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এই সময়ের মধ্যে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

    বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে দেশের রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • শ্রাবন্তীর তৃতীয় বিয়েও আইনিভাবে বিচ্ছেদ

    শ্রাবন্তীর তৃতীয় বিয়েও আইনিভাবে বিচ্ছেদ

    তৃতীয়বার বিচ্ছেদের পথে হাটলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুক্রবার অবশেষে আদালত শ্রাবন্তী ও রোশনের ডিভোর্সে আইনি সিলমোহর দিল।

    শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের খবরের সত্যতা নিশ্চত করেছেন রোশন সিং নিজেই। তিনি গনমাধ্যমকে জানান, ‘সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন তেমনই আবারও একে অপরের কাছে অপরিচিত হয়ে যাবেন।’

    শ্রাবন্তী ও রোশন। ‍পুরোনো ছবি

    এদিকে আগেই জানা গিয়েছিল রোশনের সঙ্গে ডিভোর্সের মামলায়, মাসিক ৭ লাখ টাকা খোরপোশ চেয়েছিলেন অভিনেত্রী। গতবছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশন সিং-কে কি আদৌ মাসিক ৭ লক্ষ টাকা খোরপোশ দিতে হচ্ছে অভিনেত্রীকে? এ বিষয়টি নিয়ে অবশ্য এখনো কিছু জানাননি রোশন।

    শ্রাবন্তির ফেসবুক থেকে নেওয়া ছবি

    দীর্ঘদিন ধরেই এই সদ্য বিচ্ছন্ন দম্পতির মধ্যে আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। অবশেষে তারা গত সেপ্টেম্বরে (২০২৪) পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান।

    শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষর-এর। তার জন্যই আদালত ৮ এপ্রিল দিনটি ধার্য করেছিল। তবে এতদিন এই ডিভোর্স নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শ্রাবন্তী ও রোশন দুজনেই।

    প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এরপর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী।

    ২০১৯ সালের গোড়ার দিয়েই চূড়ান্ত হয় কৃষাণ-শ্রাবন্তীর ডিভোর্স। কয়েক মাসের মাথাতেই রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী।

  • সোহরাওয়ার্দী উদ্যানে আজ ‘মার্চ ফর গাজা’

    সোহরাওয়ার্দী উদ্যানে আজ ‘মার্চ ফর গাজা’

    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এই কর্মসূচির আয়োজন করছে। বিকালে ৩টায় এই গণজামায়াতে শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।

    এর আগে শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই ‘মার্চ’ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যাত্রা আর হবে না।

    কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটিই হবে সবচেয়ে বড় জমায়েত। তারা দল–মতনির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

    ঢাকায় বিনিয়োগ সম্মেলনে আসা অতিথিদের চলাচল ও ভর্তি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ওই পরিবর্তন আনা হয়েছে।

    প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের গণমাধ্যম সমন্বয়ক শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, শনিবার দুপুর দুইটায় পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু করে তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশিবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে।

    শুক্রবার তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে দুটি বিশেষ নির্দেশনা ও চারটি সাধারণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ নির্দেশনা দুটি হলো—শনিবার টিএসসির মেট্রোস্টেশন বন্ধ থাকবে ও সব পরীক্ষার্থীর জন্য রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। আর সাধারণ নির্দেশনাগুলো হলো—গণজমায়েতে অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী (পানি, ছাতা, মাস্ক) সঙ্গে রাখবেন ও পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন; যেকোনো পরিস্থিতিতে ধৈর্য–শৃঙ্খলা বজায় রাখবেন ও আইনশৃঙ্খলা বাহিনী–স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন; রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড, শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করার অনুরোধ এবং দুষ্কৃতকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকতে হবে, প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে।

    এদিকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ফেসবুক পেজে ‘মার্চ ফর গাজা’র পক্ষে সংহতি জানিয়ে পরিচিত রাজনীতিক, আলেম ও তারকাদের ভিডিও বার্তা পোস্ট করা হচ্ছে।

    গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত রাজনীতিকদের মধ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু), খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখের ভিডিও বার্তা ওই পেজে পোস্ট করা হয়েছে।

    ওই পেজে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম, বুয়েটের প্রভাষক ও জনপ্রিয় ইউটিউবার এনায়েত চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোক্তার আহমেদ, ডা. জাহাঙ্গীর কবির, ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, ঝালকাঠি নেছারাবাদ দরবার শরিফের পীর ছাহেব আল্লামা খলিলুর রহমান নেছারাবাদী, উপস্থাপক আরজে কিবরিয়া, উদ্যোক্তা মাহমুদুল হাসান সোহাগ, অভিনেতা তামিম মৃধা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের ভিডিও বার্তাও দেখা গেছে। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদও ‘মার্চ ফর গাজা’র পক্ষে ভিডিও বার্তা দিয়েছেন।