Category: শিক্ষা প্রশাসন

  • সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসক নিয়োগ দিল সরকার

    সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসক নিয়োগ দিল সরকার

    নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুককে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    রোববার (২৫ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৫ (৭) অনুযায়ী সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রামের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুককে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’

    নিয়োগের শর্তে বলা হয়েছে, ‘প্রশাসক হিসেবে তাঁকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হলো। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ও উন্নত করার লক্ষ্যে একটি কর্ম-পরিকল্পনা প্রণয়ন করবেন এবং কমিশনের সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা বাস্তবায়ন করবেন; তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।’

  • সিসিএন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল

    সিসিএন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল

    সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি প্রতিনিধি দল।

    শনিবার (২৪ মে ) কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে ৫ সদস্যের কমিটি বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে। এছাড়া, প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত জমি, ল্যাবরেটরি, লাইব্রেরি, শ্রেণিকক্ষসহ অন্যান্য ভৌত অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন।

    এসময় ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সুলতান মাহমুদ এবং প্রশাসন বিভাগের সহকারী সচিব মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, কুমিল্লায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সাময়িক অনুমতির মেয়াদ ২য় দফায় বৃদ্ধির জন্য সকল শর্ত পূরণের বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিশন এ কমিটি গঠন করে।

    শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উৎকর্ষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউজিসি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে।

    এসময় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, বিওটি সদস্য, উপাচার্য, ট্রেজারার, রেজিস্টারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

    লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

    তিন দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

    রোববার (২৫ মে) সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো— কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম (এগারো) গ্রেডে বেতন নির্ধারণ; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

    এর আগে তিন দফা দাবি আদায়ে গত ২১ মে থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন সহকারী শিক্ষকরা। তার আগে এক ঘণ্টা এবং দুই ঘণ্টা করে পর্যায়ক্রমে কর্মবিরতি পালন করা হয়।

    এছাড়া, তারা বর্তমান নিয়ম অনুযায়ী শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যেন কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়, সেই দাবিও জানানো হয়েছে।

  • শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশের নতুন শপথবাক্য

    শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশের নতুন শপথবাক্য

    প্রাথমিক বিদ্যালয়ের পর এবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রাত্যহিক সমাবেশে শপথবাক্য পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানাল শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২১ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে এ কথা জানানো হয়।

    নতুন শপথবাক্য হলো, ‘আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

    এর আগে গত বছরের আগস্টে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে ২০২২ সালে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআইয়ের প্রাত্যহিক সমাবেশকালে নতুন শপথ পাঠের নির্দেশনা দিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার।

    সেই শপথবাক্য ছিল, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আমি দৃপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’

  • শিক্ষক নিয়োগে আর থাকছে না নারী কোটা

    শিক্ষক নিয়োগে আর থাকছে না নারী কোটা

    বেসরকারি স্কুল ও কলেজে সহকারী শিক্ষক নিয়োগে আর থাকছে না নারী কোটা। এখন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর নারী কোটা প্রযোজ্য হবে না।

    বৃহস্পতিবার (২২ মে) প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা থাকবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)’ এবং ‘শরীরচর্চা শিক্ষক’ পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। এ প্রজ্ঞাপনটি গত ১৫ মে থেকে কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট সব প্রশাসনিক বিভাগ, শিক্ষা বোর্ড, শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোকে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

    এর আগে, এ বিষয়ে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে মতামত চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের একটি বৈঠকে সিদ্ধান্ত হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনার আলোকে বেসরকারি শিক্ষক নিয়োগেও সরকারি চাকরির মতো ৭ শতাংশ কোটা সংরক্ষণের পক্ষে মত দেওয়া হবে।

    বর্তমানে যে ৭ শতাংশ কোটা বহাল রয়েছে, তার মধ্যে— ৫ শতাংশ নির্ধারিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য, ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বরাদ্দ রয়েছে।

  • সচিবালয় অভিমুখে লংমার্চ, শিক্ষক নেতা শেখ কাওছার আটক

    সচিবালয় অভিমুখে লংমার্চ, শিক্ষক নেতা শেখ কাওছার আটক

    জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করার শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে আটক করেছে পুলিশ।

    বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

    কয়েকদিন ধরে জাতীয়করণসহ বেশ কিছু দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা। এরই অংশ হিসেবে বুধবার (২১মে) পূর্বঘোষিত সচিবালয় অভিমুখে লং মার্চ করার সময় শিক্ষক নেতা অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে আটক করা হয়।

    আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, তারা শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা চাচ্ছেন।

    অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন, তারা নিজেদের নানা ‘বৈষম্যের’ কথা তুলে ধরেন।

  • সচিবালয় অভিমুখে মাধ্যমিক শিক্ষকদের লংমার্চ আজ

    সচিবালয় অভিমুখে মাধ্যমিক শিক্ষকদের লংমার্চ আজ

    বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আজ বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা। ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে।

    শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মো. শামীম আল মামুন জুয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শতবর্ষের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)সহ বেশ কিছু শিক্ষক-কর্মচারী সংগঠনের উদ্যোগে গঠিত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ঈদ-উল আযহার পূর্বেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ী ভাড়াসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে গত ১৭ মে ২০২৫ শনিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।

    কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর ১২ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লংমার্চ টু সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

    ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ জানান, ‘দীর্ঘ ২১ বছর পর শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মাত্র ২৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বিষয়টি আমাদের সঙ্গে প্রহসন করার মতো। আমরা এটি মানি না। আমরা শতভাগ উৎসব ভাতা চাই। একইসঙ্গে সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাই।’

  • প্রাথমিক শিক্ষকদের আজ থেকে অর্ধদিবস কর্মবিরতি

    প্রাথমিক শিক্ষকদের আজ থেকে অর্ধদিবস কর্মবিরতি

    দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ বুধবার থেকে (২১ মে) থেকে অর্ধদিবসের কর্মসূচি পালন শুরু করবেন। এই কর্মসূচি চলবে ২৫ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী ২৬ মে থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তারা।

    এর আগে গত ৫ মে থেকে এক ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলন-কর্মসূচি শুরু হয় এবং ১৫ মে পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। ১৬ মে থেকে শুরু হয় প্রতি কর্মদিবসে দুই ঘণ্টার কর্মবিরতি।

    প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির বেতন গ্রেড নির্ধারণের প্রস্তাবনার পর নতুন করে আন্দোলন কর্মসূচি হাতে নেন শিক্ষকরা।

    প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, সারা দেশের সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করা হচ্ছে। দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ঘোষিত কর্মসূচি পালন অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে আগামী ২৬ মে থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হবে।

    তিনি আরো বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডের প্রস্তাবনা মেনে নিতে পারছি না। আমরা চাই ন্যূনতম ১১তম গ্রেডে সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে বেতন নির্ধারণ এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। পাশাপাশি উন্নীত স্কেল ও উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান করে ১০ বছর ও ১৬ পূর্তিতে সহকারী শিক্ষকদের ১ম ও ২য় উচ্চতর গ্রেড দেওয়ার বিষয়ে দ্রুত ব্যবস্থা যেন নেয় মন্ত্রণালয়।’

  • জাতীয়করণের দাবিতে বুধবার মাধ্যমিক শিক্ষকদের  ‘লং মার্চ টু সচিবালয়’

    জাতীয়করণের দাবিতে বুধবার মাধ্যমিক শিক্ষকদের ‘লং মার্চ টু সচিবালয়’

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ ১১ দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামীকালের (মঙ্গলবার) মধ্যে দাবি মেনে নেওয়া না হলে বুধবার (২১ মে) লংমার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

    সোমবার (১৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি শেখ কাওছার আহমেদ। তিনি বলেন, যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, ততদিন পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আগামীকালের মধ্যে দ্রুত দাবি মানলে বুধবার (২১ মে) দুপুর ১২টায় লং মার্চ টু সচিবালয় কর্মসূচি করবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

    আন্দোলনকারীদের ১১ দফা দাবি-
    ১. শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে বাজেটে শিক্ষা খাতে ইউনেস্কোর সুপারিশ মোতাবেক জিডিপির ৬ শতাংশ বরাদ্দ করা।

    ২. আসন্ন ঈদুল আজহার আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করা।

    ৩. সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের ‘প্রধান শিক্ষক’-এর বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের ৭ম গ্রেডসহ টাইম স্কেল প্রদান করা।

    ৪. এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন বদলি প্রথা চালু করা।

    ৫. সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালুকরণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদানসহ শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ করা।

    ৬. শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মতো ৬৫ বছরে উন্নীত করা।

    ৭. পাবলিক সার্ভিস কমিশনের মতো শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়ন করা।

    ৮. ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পরিচালনা করা।

    ৯. সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য শিক্ষকদের ওপর অসত্য অপবাদ দিয়ে হামলা, হয়রানি ও চাকরিচ্যুতি বন্ধ করা।

    ১০. শিক্ষা সংস্কার কমিশন গঠন করা।

    ১১. স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জোর দাবি জানান।

    এর আগে গত শনিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসন্ন ঈদুল আজহার আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করাসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে মাধ্যমিক শিক্ষকরা।

  • পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে সার্চ কমিটি

    পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে সার্চ কমিটি

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছে সরকার। সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

    রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ভিসি নিয়োগের সুপারিশ ছাড়াও এ কমিটি উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের জন্যও সুপারিশ করবে।

    কমিটির সভাপতি মনোনয়ন করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। আর সদস্য হিসেবে রয়েছেন-ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

    রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) স্ব-স্ব আইনের আলোকে ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রাপ্ত আবেদনপত্রসমূহের মধ্যে হতে তিনজন প্রার্থীর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হলো।

    প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সার্চ কমিটি প্রয়োজনে, বিশেষত কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

    কমিটির কার্যপরিধি হলো-
    ১. ভাইস চ্যান্সেলর নিয়োগের নিমিত্ত যোগ্য ব্যক্তিদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা।

    ২. জীবন বৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষাপূর্বক উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করা এবং

    ৩. বাছাইকৃত তিনজন ব্যক্তির মধ্যে হতে একজনকে মনোনয়নের নিমিত্তে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন গ্রহণে সরকারের কাছে সুপারিশ পাঠানো।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উক্ত কমিটি উপাচার্যের অনুরুপ উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে। এ প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।