Category: প্রধান সংবাদ

  • আজ যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    আজ যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    চার দিনের সরকারি সফরে আজ (সোমবার) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

    সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

    এ ছাড়াও দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে।

    গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    শফিকুল আলম বলেন, আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে।

    এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যে টাকা পাচার করা হয়েছে সেগুলো উদ্ধারের বিষয়েও আলোচনা হবে।

    এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, ‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। প্রধান উপদেষ্টা ৯ জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন এবং ১৪ জুন দেশে ফিরবেন।’

    এই সফরে ড. ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হবে।

  • মধ্যরাতে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

    মধ্যরাতে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

    আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন।

    রোববার (৮ জুন) দিনগত রাত দেড়টায় তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) ঢাকায় আসেন। এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার দিয়ে তাকে নামিয়ে আনা হয়।

    রাত পৌনে ৩টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বিমানবন্দরে অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান। সেখানে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন হয়।

    এর আগে ৮ মে রাত ৩টা ৫মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন আবদুল হামিদ।

    গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। আবদুল হামিদের দেশ ছাড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। পরে দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেদিন।

  • আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন : প্রধান উপদেষ্টা

    আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন : প্রধান উপদেষ্টা

    আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় ঈদুল আযহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

    প্রধান উপদেষ্টা বলেন, আমাদের ওপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সে বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি, বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক।

    দেড়যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে। এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কার প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই যেন তাঁরা অনুমোদন করেন।

    তিনি বলেন, আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কখনও কোনো প্রকার আপস করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না। আপনারা তাদের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মর্মে যে তারা কখনোই, কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদা ক্ষুণ্ন করবেন না।’

    জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে দেশবাসীর আগ্রহ রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন,‘আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, সরকার তাই করছে। এখানে মনে রাখা জরুরি, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন।

    ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কুক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। এ সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা।

    অধ্যাপক ইউনূস বলেন, আমাদের দায়িত্ব হলো এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র-জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার- যা কি না জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়- সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব।

    ড. ইউনূস দেশবাসীর উদ্দেশে বলেন, আমি আপনাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে, এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয় নয়। এটা ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্বাচন। এই নির্বাচনে পরিচিত দলগুলোই থাকবে। তাদের পরিচিত মার্কাগুলোই থাকবে। কিন্তু ভোটারকে বের করে আনতে হবে যে এই মার্কার পেছনে আপনার কাছে ভোটপ্রার্থীরা কতটুকু ‘নতুন বাংলাদেশ’ গড়ার জন্য প্রস্তুত। কে কতটা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যারা এই নির্বাচনে ভোটার হবো তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। আমরা একটা অনন্য ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ ও দায়িত্ব পাচ্ছি। আমরা জাতির নতুন যাত্রাপথ তৈরি করে দেয়ার দায়িত্ব পাচ্ছি। আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মহান সুযোগটা পাচ্ছি। আমাদের সুচিন্তিত ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশ নির্মিত হবে। শহীদদের রক্তদান সার্থক হবে। আশা করি, বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করেই সবাই ভোটকেন্দ্রে যাবো এবং দৃঢ় প্রত্যয়ে ভোট দেবো। এখন থেকে ভাবনা চিন্তা শুরু করুন। আলোচনা শুরু করুন। এখন থেকে আপনাদের ভোটের গুরুত্বটা বুঝে নিন। আপনার এবারের ভোটের গুরুত্ব ঐতিহাসিক মানদণ্ডে দেখা হবে।

  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

    আজ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ দুপুর এ তথ্য জানানো হয়। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

    প্রেস উইং জানিয়েছে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    এদিকে শুক্রবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা। সেই জামাতটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এছাড়া এই জামাতে আরও নামাজ আদায় করবেন প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতি, উপদেষ্টা, ঢাকার মুসলিম দেশের কূটনীতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

  • ঈদের ছুটিতে রাতের ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম

    ঈদের ছুটিতে রাতের ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, একটি ঈদ জামাতও নিরাপত্তার বাইরে থাকবে না। ঈদের ছুটিতে রাতের ঢাকার নিরাপত্তায় ৫০০টি ও দিনে ২৫০টি পেট্রোল টিম থাকবে।

    শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

    রাজধানীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এখানে একত্রে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতি, উপদেষ্টা, ঢাকার মুসলিম দেশের কূটনীতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। ঈদগাহে ৪টি পুরুষ ও ১টি নারী গেইটসহ মোট ৫টি গেইট দিয়ে মুসল্লিরা ঈদ জামাতে প্রবেশ করতে পারবেন।

    জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ঈদ জামাতের ব্যাপারে তিনি বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তারমধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এ বছর ঢাকা মহানগরীতে মোট ১১৮টি ঈদগাহ এবং ১৬২১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মহানগরীতে শিয়া ও কাদিয়ানি সম্প্রদায় কর্তৃক ৮টি এবং সৌদি আরবের সাথে মিল রেখে ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

    ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় ইতোমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

    তিনি বলেন, ঈদগাহ ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশ মুখে অর্থাৎ মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাবের সামনে ও হাইকোর্ট ক্রসিংয়ে ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানে প্রবেশপথ সমূহে আর্চওয়ের মাধ্যমে সব মুসল্লিকে প্রবেশ করতে হবে। এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশপথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। ডিএমপির সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ডিবি ও সিটিটিসির পর্যাপ্ত সংখ্যক সদস্য সাদা পোশাকে মোতায়েন থাকবে এবং পুরো এলাকায় আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হবে। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যেই ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    তিনি আরও বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম কেন্দ্রিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য ঈদগাহের ক্ষেত্রে ডিএমপির প্রতিটি ক্রাইম বিভাগ আয়োজক সংস্থার সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মহানগরীর একটি ঈদ জামাতও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না।

    নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার স্বার্থে তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি। ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি। ঈদ জামাত শেষে তাড়াহুড়ো না করে সুশৃঙ্খলভাবে বের হবেন। সন্দেহজনক কিছু মনে হলে অনতিবিলম্বে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাবেন।

    এ সময় তিনি নগরবাসীকে ঈদের ছুটির সময় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে নগরবাসীর সহায়তা প্রত্যাশা করে ডিএমপির পক্ষ থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলারও আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কোরবানির পশুর বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও যেকোনো সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

    ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাতের নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম থাকবে, দিনে ২৫০টি থাকবে। পাশাপাশি গাড়ি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল থাকবে। আমরা সবাইকে সজাগ করছি, যে অফিসাররা অফিসে থাকেন, বাইরে কম বের হন, তাদেরকেও দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। তারা সুপারভিশন করার জন্য মাঠে থাকবেন। আশা করি কোনো সমস্যা হবে না। এছাড়া সড়কে চেকপোস্ট তল্লাশি থাকবে।

  • দেশে ফের করোনার হানা, একজনের মৃত্যু

    দেশে ফের করোনার হানা, একজনের মৃত্যু

    দেশে ফের হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। অনেকদিন করোনা আক্রান্তের খবর শোনা না গেলেও গত কয়েকদিন ধরে পরীক্ষানিরীক্ষার মাধ্যমে শনাক্তের খবর পাওয়া গেছে। এরই ধারবাহিকতায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে ২১টি নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।

    বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৫০০ জন। এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (৪ জুন) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৪ দশমিক দুই নয় শতাংশ। এই সময়ে করোনা থেকে তিনজন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত এই ভাইরাস থেকে সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

  • হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ স্থগিত করল ট্রাম্প প্রশাসন

    হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ স্থগিত করল ট্রাম্প প্রশাসন

    বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত ৬ মাস কার্যকর থাকবে স্থগিতাদেশ, পরে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে। খবর রয়টার্স। 

    বুধবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই স্থগিতাদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, “আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে চীনসহ বিভিন্ন দেশ এবং কট্টরপন্থার সঙ্গে অবৈধ সংযোগ রক্ষা করে চলেছে হার্ভার্ড। এই বিদেশিরা যুক্তরাষ্ট্র থেকে তথ্য ও গবেষণার ফলাফল চুরি, সেসবের অপব্যবহারের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।”

    গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফেডারেল আদালতের একজন বিচারক বলেছিলেন যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন বিদেশি শিক্ষার্থীদের আর ভর্তি করতে না পারে, সেজন্য শিগগিরই একটি ইনজাংশান বা নিষেধাজ্ঞা আদেশ জারি করবেন তিনি। তিনি এই বক্তব্য প্রদানের এক সপ্তাহের মাথায় হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী প্রবেশে স্থগিতাদেশ দিলেন ট্রাম্প।

    প্রসঙ্গত, হার্ভার্ড যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড। শিক্ষা ও গবেষণার মান বিবেচনায় বিশ্বের শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম এই বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডের মোট শিক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৩৮৬ জন এবং এই শিক্ষার্থীদের এক চতুর্থাংশই বিদেশি।

    ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ নেওয়ার কিছু দিন পর ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর দেয় না’ অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির শত শত কোটি ডলারের সরকারি-বেসরকারি অনুদান আটকে দেন ট্রাম্প। তারপর গত ২২ মে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম ঘোষণা করেন যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম’ প্রকল্পের বৈধতা বাতিল করবে তার মন্ত্রণালয়। এই প্রোগ্রাম বা প্রকল্পের আওতাতেই বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করত হার্ভার্ড।

    ক্রিস্টি নোয়েমের এই ঘোষণা পর তার বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কৃর্তৃপক্ষ। মামলার কিছুদিন পরই এই স্থগিতাদেশ দিলেন ট্রাম্প।

    এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্পের এই স্থগিতাদেশ জারির পর একে ‘আইন বহির্ভূত প্রতিশোধমূলক পদক্ষেপ’ উল্লেখ করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। বুধবার এক বিবৃতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, “হার্ভার্ড তার বিদেশি শিক্ষার্থীদের সুরক্ষা প্রদান অব্যাহত রাখবে।”

  • ৭ কলেজে বসছে ‘হেল্প ডেস্ক’

    ৭ কলেজে বসছে ‘হেল্প ডেস্ক’

    রাজধানীর সাতটি কলেজে শিক্ষার্থীদের সেবামূলক কাজ সহজীকরণের লক্ষ্যে ‘হেল্প ডেস্ক’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে স্থাপন করা ডেস্কে গিয়ে একাডেমিক ও প্রশাসনিক যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান পাবেন। ঈদুল আজহার ছুটির পর এ উদ্যোগ দৃশ্যমান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

    সম্প্রতি সদ্য নিয়োগপ্রাপ্ত ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হেল্প ডেস্ক চালুর বিষয়ে জানানো হয়েছে। সাত কলেজে নতুন প্রশাসকের এ উদ্যোগ প্রতিটি কলেজ কর্তৃপক্ষ নিজ ক্যাম্পাসে বাস্তবায়ন করবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের শিক্ষার্থীরা একাডেমিক সংক্রান্ত সকল কার্যাবলীর (ভর্তি, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন, সাময়িক সনদপত্র ও সনদপত্র) জন্য প্রায়ই কোনো না কোনো কলেজের শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় যেতে হয়। অনেক সময় ওই শিক্ষার্থীকে আক্ষরিক বা দাপ্তরিক ত্রুটির জন্য কাঙ্ক্ষিত সেবা পেতে অসুবিধা হয়। এ ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সেবা নিজ প্রতিষ্ঠানে থেকে প্রাপ্তির জন্য ও বর্ণিত বিষয়টি বিবেচনাপূর্বক সকল শিক্ষার্থীকে সেবামূলক কাজ সহজীকরণের লক্ষ্যে একটি হেল্প ডেস্ক স্থাপন জরুরি। বিজ্ঞপ্তিতে প্রত্যেক কলেজের উপাধ্যক্ষ বা জ্যেষ্ঠতম শিক্ষকের তত্ত্বাবধানে একটি হেল্প ডেস্ক স্থাপন করার জন্য অনুরোধ করা হয়েছে।

    এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। সরকারি বাঙলা কলেজের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুহিন আলম বলেন, অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে সেবা নিতে গিয়ে আমরা অনেক হয়রানির শিকার হয়েছি। সেখানে নিজের প্রাপ্য সেবাটুকু তো মিলতোই না, উল্টো তাদের কর্তৃপক্ষের ভুলের জন্যও আমাদের ভুগতে হয়েছে। আমাদের জন্য এখন নতুন প্রশাসক নিয়োগ হয়েছে। এ প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। নতুন প্রশাসনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা হয়তো এ ডেস্ক পেতে যাচ্ছি। এটা প্রশংসনীয় উদ্যোগ। এ উদ্যোগ কার্যকর করা গেলে আমাদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। এটা দ্রুত দৃশ্যমান করতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কাজও দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে।

    হেল্প ডেস্কের বিষয়ে অধ্যাপক ইলিয়াস বলেন, ঈদের ছুটির পর থেকে হেল্প ডেস্কের কার্যক্রম দৃশ্যমান হবে। এরপর আমরা প্রতিটি কলেজে এ ডেস্কের কার্যক্রম তদারকি করবো। যে উদ্দেশ্যে এ ডেস্ক স্থাপন করা হচ্ছে, সেটা যেন কার্যকর করা যায়। এটা কার্যকর করা গেলে পূর্বে শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক যেসব জটিলতার মধ্যে পড়তেন, সেটা অনেকটাই কেটে যাবে। তাদের সমস্যা নিয়ে নিজ ক্যাম্পাস থেকে আর বাইরে আসতে হবে না, নিজ ক্যাম্পাসের এ ডেস্কের মাধ্যমে নির্দিষ্ট সমস্যার সমাধান পাওয়া যাবে।

    এর আগে, গত ১৮ মে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে সাতটি সরকারি কলেজের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি হতে পৃথকীকরণের জন্য সম্প্রতি গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীর ৭টি সরকারি কলেজের শিক্ষা/ভর্তি কার্যক্রম চলমান রাখা ও উক্ত কলেজসমূহের জন্য বিকল্প একটি স্বতন্ত্র/উপযুক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের প্রক্রিয়া তরান্বিত করা প্রয়োজন। অধ্যাপক ইলিয়াসকে শর্তসাপেক্ষে তাঁর মূল পদের অতিরিক্ত দায়িত্ব পালনের নিমিত্ত সাত কলেজের অন্তর্বর্তীকালীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

  • ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, পাসের হার ৭০ শতাংশ

    ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, পাসের হার ৭০ শতাংশ

    ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে ৭০ শতাংশ প্রার্থী পাস করেছেন।

    বুধবার (৪ জুন) বিকেল ৫টা ১০ মিনিটে এ ফল প্রকাশিত হয়। এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বোর্ড সভায় ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।

    জানা গেছে, ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। ২০২৪ সালের ১৫ মার্চ এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    ২০২৪ সালের ১৪ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ। এতে ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন রয়েছেন।

    গত বছরের ১৪ অক্টোবর ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ।

    ১৮তম নিবন্ধনের ফল দেখবেন যেভাবে

    প্রার্থীরা ফল এনটিআরসিএর ওয়েবসাইট http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

  • মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ, পাসের হার ৬৯.২৫ শতাংশ

    মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ, পাসের হার ৬৯.২৫ শতাংশ

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ আজ বুধবার (৪ জুন)। বিকাল ৬টায় এ ফলাফল প্রকাশিত হবে।

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ১৮০টি কলেজের ১ লক্ষ ৯৫ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৩৫ হাজার ৪৪৯ জন। পাসের হার ৬৯ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষার ফলাফল http://recentresult.nu.ac.bd/ অথবা http://result.nu.ac.bd/ ওয়েবসাইটে আজ বিকাল ৬.০০টা থেকে পাওয়া যাবে।