ঢাবিতে পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উদ্যোগে পাণ্ডুলিপি বিষয়ক তিনদিনব্যাপী এক কর্মশালা ও সেমিনার শুরু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গ্রন্থাগারের ই-জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা ও সেমিনারের উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

সেমিনারে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষিত পাণ্ডুলিপি: সম্পাদনা ও প্রকাশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-গ্রন্থাগারিক সাদিয়া আফরিন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান যথাযথভাবে পাণ্ডুলিপি সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেন, মানব সভ্যতার ইতিহাস পাণ্ডুলিপি থেকেই সংগ্রহ করতে হয়। পাণ্ডুলিপির উপর ভিত্তি করে সভ্যতার বিকাশ ঘটেছে, তাই এ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে তোলা দরকার। পাণ্ডুলিপি পাঠোদ্ধারের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এর শিক্ষা সাধারণ মানুষের বোধগম্য করে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংরক্ষিত বিভিন্ন দুর্লভ পাণ্ডুলিপির জ্ঞান দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিনিময় করতে হবে।

উল্লেখ্য, এই কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *