মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর আলিম পরীক্ষায় পাসের হারে ছাত্রদের পেছনে ফেলেছেন ছাত্রীরা। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন ছাত্ররা। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, আলিম পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন ছাত্রীরা। এ বছর আলিম পরীক্ষায় ২ হাজার ২৮ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রীর সংখ্যা ১ হাজার ২২২। সবমিলিয়ে এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন ছাত্ররা। অর্থাৎ জিপিএ-৫ এ ছাত্রদের সঙ্গে ছাত্রীদের ব্যবধান ৮০৬ জন।
ফলাফলে দেখা যায়, এ বছর আলিম পরীক্ষায় মোট ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৫০ হাজার ৩৭৪ জন এবং ছাত্রী ৩৮ হাজার ৯৪৭ জন। পরীক্ষায় মোট ৫৪ হাজার ৫৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ২৯ হাজার ২৬৯ জন ছাত্র এবং ২৫ হাজার ২৭৮ জন ছাত্রী। এবার আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।
যেভাবে জানবেন ফলাফল: সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট দুটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এদিকে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসের ফরম্যাট হলো– HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস, রোল নম্বর, একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে ‘HSC Dha 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এর আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০-এ এসএমএস পাঠাতে হবে শিক্ষার্থীদের।





