সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পর এবার মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে দেশের সব শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অভিন্ন পাঠ্যসূচির বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। সম্প্রতি এক সভায় শিক্ষা বোর্ডগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে। এবার সেই ব্যবস্থার আওতায় আসছে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। তবে এ দুই ধারার শিক্ষার বিশেষায়িত ও কারিগরি বিষয়গুলোর ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। মূলত যেসব আবশ্যিক ও সাধারণ বিষয়ের পাঠ্যসূচি সাধারণ শিক্ষা বোর্ডের বিষয়গুলোর সঙ্গে অভিন্ন, সেসব বিষয়ের প্রশ্নপত্র এক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণ ধারার শিক্ষার্থীদের মতো মাদরাসার শিক্ষার্থীদেরও বাংলা, ইংরেজি, গণিত এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বাধ্যতামূলক বিষয়। এ ছাড়া পাঠ্যসূচিতে মিল রয়েছে বিজ্ঞান, অর্থনীতি এবং পৌরনীতি ও নাগরিকতার মতো কয়েকটি বিষয়ে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন স্তরেও এ ধরনের সাধারণ বিষয় রয়েছে। এত দিন আলাদা আলাদা বোর্ডে এসব বিষয়ের প্রশ্নপত্রও আলাদা হতো। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে একই বিষয়ের পরীক্ষায় প্রশ্নের ভিন্নতা থাকবে না।
মাদরাসা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, আগামী বছরের দাখিল পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি, আইসিটিসহ বিজ্ঞানের বিষয়গুলো, অর্থনীতি এবং পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রশ্নপত্র সাধারণ শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে অভিন্ন হবে। তবে বাংলা প্রথম পত্রের সহপাঠের পাঠ্যসূচির সঙ্গে অন্য বোর্ডগুলোর পাঠ্যসূচির মিল না থাকায় এ বিষয়ের পরীক্ষা এবার অভিন্ন প্রশ্নপত্রে হবে না। এ ছাড়া দাখিলের বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষা আগের নিয়মেই হবে।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলে বিভিন্ন শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে তুলনা যোগ্যতা বাড়বে। একই বিষয়ের পরীক্ষায় বোর্ডগুলোর প্রশ্নের মান ও কঠিন হওয়ার যে প্রশ্ন ওঠে, তা কমানোরও সুযোগ তৈরি হবে। ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরু হবে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত হওয়ার কথা।





