Category: প্রধান সংবাদ

  • কলমবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

    কলমবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

    ক্যাডারের বৈষম্য নিরসন, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিলসহ কয়েক দফা দাবিতে আজ (২৭ মে) মঙ্গলবার থেকে প্রশাসন ছাড়া বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা কলমবিরতি পালন করছেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে দুদিন এ কর্মসূচি পালন করবেন তারা। সোমবার (২৭ মে) আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদ, পদোন্নতিতে কোটা বাতিল ও সব ক্যাডারের সমতার দাবিতে এ কর্মসূচির ঘোষণা দেন তাঁরা। তবে হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির জন্য ২৫ ক্যাডারের ১২ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বিষয়টিকে আটকে রাখা হয়েছে। সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান। পরিষদের দাবি, কর্মকর্তাদের বিরুদ্ধে বিধান লঙ্ঘনে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা শাস্তির মুখোমুখি হন না। এমন বৈষম্যের নিরসন দাবি করেছে পরিষদ।

    জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পদে কোটা নিয়ে যে সুপারিশ করেছে তা নিয়েও আপত্তি জানিয়েছে পরিষদ। বলেছে, কোনো রকম আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া একটি নির্দিষ্ট ক্যাডারের গোষ্ঠীস্বার্থে উদ্দেশ্যমূলকভাবে স্বাস্থ্য, শিক্ষা, পরিসংখ্যান, ডাক, পরিবার-পরিকল্পনা, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি করা হয়েছে।

  • শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

    শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

    শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে। চারটি শর্তে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। উৎসব ভাতা বৃদ্ধি সংক্রান্ত সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে আসন্ন ঈদুল আযহায় মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন তারা। তবে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি।

    সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসাঃ শরীফুন্নেসা স্বাক্ষরিত এক সম্মতিপত্র থেকে এ তথ্য জানা গেছে।

    সম্মতিপত্রে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ-এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের উৎসব ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূলবেতনের ২৫ (পঁচিশ) শতাংশ হতে বৃদ্ধি করে ৫০ (পঞ্চাশ) শতাংশে নির্ধারণ করা হলো।’

    শর্তে বলা হয়েছে, ‘এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে; এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন; প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি,ও জারি করে জি,ওর ০৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের নিমিত্ত প্রেরণ করতে হবে।

    সম্মতিপত্রে আরও বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ-এর আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীগণের উৎসব ভাতার হার বিদ্যমান ৫০ (পঞ্চাশ) শতাংশ বহাল থাকবে।

  • খুনিদের বিচারের আগে সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস

    খুনিদের বিচারের আগে সরকার যেন দায়িত্ব না ছাড়ে: সারজিস

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের ওপর মায়ের বুক খালি করেছে। ভাই-বোনদের হত্যা করেছে। এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেন অন্য কারো হাতে দায়িত্ব ছাড়ার চিন্তা না করে। আমরা বাংলাদেশে ওই খুনিদের বিচার দেখতে চাই।

    সোমবার (২৬ মে) দুপুরে এনসিপির পক্ষ থেকে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার ৬ উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচির মধ্যে ডোমারে পথসভায় তিনি এসব কথা বলেন।

    সারজিস বলেন, আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই। জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না। কারণ আগের নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসে বয়স্ক ভাতাসহ সবকিছু মেরে দিয়েছে। সামনের দিনে টাকা ছাড়া কাজ হবে না, এই চর্চা আর থাকবে না।

    নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, নির্বাচন দ্রুত দিতে হবে এটা কোনো কথা হতে পারে না। বরং স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার ও সংস্কার পাশাপাশি চালিয়ে যখন নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, তখন যেন এটি হয়।

    এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিওনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • ঢাবিতে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবার

    ঢাবিতে ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ডিনস্ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

    সোমবার (২৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে। পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন।

  • সাম্য হত্যার তদন্ত প্রতিবেদন জমা দিল ঢাবির তদন্ত কমিটি

    সাম্য হত্যার তদন্ত প্রতিবেদন জমা দিল ঢাবির তদন্ত কমিটি

    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন পেশ করা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদনে হত্যার নেপথ্যে কী উঠে এসেছে তা জানা সম্ভব হয়নি।

    সোমবার (২৬ মে) সকালে উপাচার্য ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে এই তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন
    তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

    এ সময় অন্যান্যের মধ্যে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং কমিটির সদস্য-সচিব সহকারী প্রক্টর শারমীন কবির উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্টরা জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, গত ১৩ মে দিবাগত রাতে দুর্বৃত্তদের আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। এই ঘটনা তদন্তে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে ৭-সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। পরে ব্যারিস্টার নুরুল আজিমকে কমিটিতে কো-অপট করা হয়।

    কমিটির অন্য সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

    সহকারী প্রক্টর শারমীন কবির কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সাচিবিক দায়িত্ব পালন করেন।

  • প্রাথমিক শিক্ষকদের আজ থেকে লাগাতার কর্মবিরতি

    প্রাথমিক শিক্ষকদের আজ থেকে লাগাতার কর্মবিরতি

    ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ সোমবার থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন।

    প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।

    আন্দোলনকারী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো– পরামর্শক কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি।

    সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে সম্প্রতি ঢাকায় কয়েক দফা সমাবেশ করেন প্রাথমিক শিক্ষকরা। তবে অন্তর্বর্তী সরকারের গঠিত পরামর্শক কমিটি সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১২তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করেছে। তবে তা সংস্কার করে এবার ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।

    ঐক্য পরিষদ নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘আমরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রতি কর্মদিবসে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। ১৭ মে থেকে দুই ঘণ্টা কর্মবিরতি শুরু করি। ২১ মে থেকে আধাবেলা কর্মবিরতি পালন করছি। এবার পূর্বঘোষণা অনুযায়ী সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি করা হবে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌনে ৪ লাখেরও বেশি সহকারী শিক্ষক কর্মরত।

  • উন্নত চিকিৎসা না পেয়ে চোখ হারানো ৪ জুলাই যোদ্ধার বিষপানে আত্মহত্যার চেষ্টা

    উন্নত চিকিৎসা না পেয়ে চোখ হারানো ৪ জুলাই যোদ্ধার বিষপানে আত্মহত্যার চেষ্টা

    জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ ৯ মাস পরও উন্নত চিকিৎসার বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অভিযোগ এনে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি থাকা জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারানো চার তরুণ বিষপান করেছেন। পরে তাদের তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ আছেন।

    রোববার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বিষপানকারীরা হলেন- শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (আবু তাহের)।

    হাসপাতাল সূত্রে জানা যায়, জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে চলমান বৈঠকের সময় ওই চারজন দাবি নিয়ে তার কক্ষে যান। সিইও তাদের অপেক্ষা করতে বললে ক্ষুব্ধ হয়ে সেখানেই বিষপান করেন তারা।

    জুলাই গণ-আন্দোলনে চোখ হারানো আহতরা অভিযোগ করেছেন, দীর্ঘ ৯ মাসেও তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রতিশ্রুতি দিয়ে নানা বাহানা করা হয়েছে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার কথা বললেও তা বাস্তবে ঘটেনি।

    হাসপাতালটির অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, জুলাই আন্দোলনে আহত হয়ে ভর্তি থাকা ৪ জন আজ বিষপান করেছেন। তারা আগেই পকেটে করে বিষ নিয়ে আসে। কিন্তু আমার রুমে এসে মিটিং চলাকালীন তাদের এই কর্মকাণ্ডে খুবই অবাক হয়েছি। ঠিক কি কারণে তারা এমন করেছে আমরা কিছুই জানি না।

    তিনি আরো বলেন, আমরা সাধারণ রোগীদের বেড ফাঁকা করে দীর্ঘ ৯ মাস ধরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা দিয়ে আসছি। কিন্তু তাদের এ ধরনের আচরণ আমাদের খুবই মর্মাহত করে। আমাদের পক্ষ থেকে যতটা সেবা দেওয়ার, আমরা তা দিয়েছি। তারা এখন চাইলে নিজ নিজ বাসায় গিয়েই বাকি চিকিৎসা ও পুনর্বাসনের কাজটি সম্পন্ন করতে পারেন। তারপরও তারা হাসপাতালে আছেন, আমরাও আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছি।

  • সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসক নিয়োগ দিল সরকার

    সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসক নিয়োগ দিল সরকার

    নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুককে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    রোববার (২৫ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৫ (৭) অনুযায়ী সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রামের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুককে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’

    নিয়োগের শর্তে বলা হয়েছে, ‘প্রশাসক হিসেবে তাঁকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হলো। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ও উন্নত করার লক্ষ্যে একটি কর্ম-পরিকল্পনা প্রণয়ন করবেন এবং কমিশনের সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা বাস্তবায়ন করবেন; তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।’

  • স্বদেশের সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন নজরুল

    স্বদেশের সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন নজরুল

    কবি কাজী নজরুল ইসলাম স্বদেশের সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, নজরুল তাঁর সৃষ্টিশীল জীবনে কোনো অন্যায় বা অপশক্তির সঙ্গে আপোষ করেননি। তিনি চেয়েছেন স্বদেশের সম্পূর্ণ স্বাধীনতা। ঔপনিবেশিক বাস্তবতায় বসবাস করেও বিপ্লব বিদ্রোহের আগুনে সবসময় জ্বলন্ত ছিলেন তিনি। নিজের অন্তরের অগ্নি তিনি সম্প্রসারিত করেছেন বাংলা কবিতায় এবং স্বাধীনতাকামী মানুষের মনের ময়দানে।

    রবিবার (২৫মে) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নজরুল বিষয়ক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদ্ যাপন উপলক্ষ্যে এই সেমিনার ও নজরুল পুরস্কার ২০২৫ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি।

    সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বলেন, আজম বলেন, নজরুল আমাদের জাতীয় চেতনার উদ্বোধনে অবিকল্প ভূমিকা পালন করেছেন; এটা ভারতবর্ষের সম্পূর্ণ স্বাধীনতার ক্ষেত্রে যেমন সত্য তেমনি চব্বিশের গণঅভ্যুত্থানের ক্ষেত্রে সমান সত্য। নজরুল ব্যক্তিগত নিভৃতির জায়গা থেকে বাংলা কবিতাকে জনযুদ্ধের অগ্নিগর্ভ আবেদনে নিয়ে এসেছেন। তিনি বলেন, নজরুলজয়ন্তীতে আমরা নিশ্চয়ই তাঁর সাহিত্যকে একমাত্রিক বলয় থেকে বেরিয়ে নানা নন্দনতাত্ত্বিক পরিসরে পাঠ করা শুরু করব।


    নজরুল পুরস্কার-২০২৫ গ্রহণ করছেন গবেষক অধ্যাপক আনোয়ারুল হক

    ‘নন্দনের ‘বাঁশরী তূর্য’ অথবা নজরুলের সাহিত্য—চিন্তার কয়েক দিক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি সা’দত কলেজ, করটিয়া, টাঙ্গাইল—এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জগলুল আসাদ। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক ও ‘বাঙ্গালা গবেষণা’র পরিচালক আফজালুল বাসার।

    অধ্যাপক জগলুল আসাদ বলেন, নজরুলের সাহিত্য তাঁর অভিজ্ঞতার বিস্তৃত জমিন থেকে উৎসারিত। খণ্ড খণ্ড নজরুল অখণ্ড নজরুলের চেয়ে বেশি শক্তিশালী। প্রত্যেকেরই আছে টুকরো টুকরো নজরুল, যে নজরুলকে ভার বহন করতে হয় বিবিধ মতাদর্শের ও প্রেমাকুতির। কবি নজরুল তাঁর জীবনকে করেছিলেন বেদনার মতো টলোমলো, আনন্দের মতো চঞ্চলা ও অনিশ্চিত। নজরুলের বিশিষ্টতা হচ্ছে, তাঁকে আমরা কাজে লাগাতে পারি। মিছিলে বিক্ষোভে ও প্রতিবাদে। তিনি বলেন, পশ্চিমা নন্দনতত্ত্বকে গন্তব্য না করেই নজরুল নির্মাণ করেছিলেন তাঁর নিজস্ব শিল্পভুবন। বাংলাভাষার রমণীয় গীতিময়তার মধ্যে তিনি যোগ করেছেন পৌরুষ। কবিতায় তার ব্যক্তিগত হাহাকারও হয়েছে সকলের।

    নজরুল বিষয়ক সেমিনারে অতিথিরা

    তিনি আরো বলেন, নজরুলে দীর্ঘশ্বাস আছে, প্রার্থনার মত আকুল পঙ্ ক্তি আছে, বিক্ষুব্ধ স্বর আছে, দ্রোহের অগ্নিও আছে, ভাষার তুর্কি নাচন আছে, ছন্দের গীতল ভঙ্গিও আছে। নজরুলে ‘উন্নত শির’ আছে, প্রেয়সীর কাছে ‘নতশির’ সমর্পণ’ও আছে। নজরুল ময়দানের শ্লোগানেও ব্যবহার্য, ব্যক্তিগত নিভৃতিতেও সে সমান চিত্তহারী। একটুকরো অসাম্প্রদায়িক নজরুলকে অনুসন্ধান করবার অভীপ্সা এখনো হাজির প্রথাবদ্ধ—বন্ধ্যা কলমে। বহুমাত্রিক নজরুলের প্রত্যাশাও করে কাব্যমোদী।

    আফজালুল বাসার বলেন, নজরুলকে নানা দৃষ্টিকোণ থেকে দেখার অবকাশ আছে। তাঁর সাহিত্য ও জীবনের বৈচিত্র্য মানুষের কাছে তাঁকে মূল্যায়নের বিভিন্ন সড়ক তৈরি করেছে। তবে সবকিছুর ঊর্ধ্বে এটিই সবচেয়ে বড় সত্য যে তিনি মেহনতি মানুষের মুক্তির স্বপ্নকে সত্যি করতে সাহিত্যচর্চা করেছেন এবং লড়াইয়ের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন।

    সাংস্কৃতিক পর্বে রয়েছে নূর হোসেন রানা—এর নির্দেশনা ও পরিচালনায় গীতিনাট্য ‘দেখবো এবার জগৎটাকে’। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী লিজা চৌধুরী ও শামীমা চৌধুরী। নজরুলগীতি পরিবেশন করেন কণ্ঠশিল্পী সালাউদ্দিন আহমেদ, সুমন মজুমদার, আজগর আলীম, ফারাহ দিবা খান লাবণ্য।

    নজরুল পুরস্কার ২০২৫

    বাংলা একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুলসংগীত—চর্চায় প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে নজরুল পুরস্কার ২০২৫—এ ভূষিত করেছে।

    পুরস্কারপ্রাপ্ত গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় শিল্পী শবনম মুশতারীর পক্ষে তাঁর কন্যা শামারুখ মাহজাবীন টোড়ীর হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট এবং পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকার চেক তুলে দেন বাংলা একাডেমির সভাপতি এবং মহাপরিচালক।

    পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জ্ঞাপন করে অধ্যাপক আনোয়ারুল হক বলেন, নজরুল গবেষণা মানেই আমাদের সামগ্রিক শুভবোধ ও মঙ্গলচিন্তার চর্চা। বাংলা একাডেমির এই স্বীকৃতি নজরুল গবেষণায় আমাকে এবং আমার মতো বহু গবেষককে প্রাণিত করবে বলে বিশ্বাস করি।

    এর আগে সকাল সাড়ে ৬টায় মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নেতৃত্বে জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন রুটিন, পরীক্ষা শুরু ২৪ জুলাই

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন রুটিন, পরীক্ষা শুরু ২৪ জুলাই

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়) রুটিন প্রকাশ। এই পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুলাই আর পরীক্ষা শেষ হবে ২১ আগস্ট। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    বরিবার (২৫মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই রুটিন প্রকাশ করে।

    পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (মাসুমা আরফীন) স্বাক্ষরিত এই রুটিনে আরো বলা হয়েছে, পরীক্ষার হল, আসন ব্যাবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ স্বথাসময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpac.gov.bd) প্রকাশ করা হবে।

    প্রসঙ্গত, গত বছরের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত  ৮ মে থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল।

    রুটিন দেখতে ক্লিক করুন