Category: খবর

  • ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলি, ব্যবসায়ী আহত

    ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলি, ব্যবসায়ী আহত

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এলাকাবাসী ওই ছাত্রলীগ নেতাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

    মঙ্গলবার (১০ জুন) বিকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (ইন্টেলিজেন্ট) সালাউদ্দিন কাদের জানান, ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছিল উপজেলার ভুলতা ইউনিয়নের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা। গত কয়েকদিন ধরে এলাকায় প্রবেশ করে নানা অপকর্ম করার চেষ্টা করছিল সে। মঙ্গলবার বিকালে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের লোকজনসহ স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে।

    খোকাকে আটকের খবর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা চিহ্নিত সন্ত্রাসী জাইদুল ইসলাম বাবু জানতে পেরে তাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয় এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া দিলে পালিয়ে যায় বাবু।

    উত্তেজিত এলাকাবাসী ছাত্রলীগ নেতা খোকাকে গণপিটুনি দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

    গুলিবিদ্ধ গুরুতর আহত ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

  • অস্ট্রিয়ায় স্কুলে গোলাগুলিতে নিহত অন্তত ৯ জন

    অস্ট্রিয়ায় স্কুলে গোলাগুলিতে নিহত অন্তত ৯ জন

    অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে সন্ত্রাসীদের বন্দুকের গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, BORG Dreierschützengasse নামের একটি স্কুলে গুলির খবর পাওয়া যায়। সেখানে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

    সংবাদমাধ্যম ইউরো নিউজ জানিয়েছে, মঙ্গলবারের (১০ জুন) এ ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। তবে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ বলছে, অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে মঙ্গলবার সন্ত্রাসীদের বন্দুকের গুলিতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

    অস্ট্রিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফ জানিয়েছে, গ্রাজে স্কুলে বন্দুক হামলার পর প্রায় এক ঘণ্টা ধরে সেখানে বড় ধরনের পুলিশি অভিযান চলছে।

    পুলিশের মুখপাত্র ফ্রিটজ গ্রুন্ডনিগ ওআরএফ-কে জানিয়েছেন, গুলিতে ‘প্রাণহানি হতে পারে’ এবং সন্দেহভাজন সন্ত্রাসী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

    অস্ট্রিয়ান পুলিশ জানিয়েছে, একটি অভিযান চলছে এবং ড্রেইয়ার্সচুটজেনগাসেতে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তারা এখনও হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বিবিসি।

    তবে অস্ট্রিয়া প্রেস এজেন্সির তথ্যানুসারে, গ্রাজের মেয়র বলেছেন যে ওই স্কুলে নয়জন নিহত হয়েছে। মেয়র এলকে কাহর বলেন, নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী, সাত শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।

    ট্যাবলয়েড ক্রোনেন জেইতুং-এর মতে, হামলায় আটজন নিহত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নিশ্চিত করা হয়নি।

    গ্রাজ অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

  • বাংলাদেশসহ এশিয়ায় টেকসই ধান চাষে এডিবির বড় উদ্যোগ

    বাংলাদেশসহ এশিয়ায় টেকসই ধান চাষে এডিবির বড় উদ্যোগ

    এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও কনসাল্টেটিভ গ্রুপ অন ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (সিজিআইএআর) যৌথভাবে টেকসই ও স্বল্প-কার্বন নির্গমনভিত্তিক ধান উৎপাদনে বিনিয়োগ বৃদ্ধির একটি নতুন উদ্যোগ শুরু করেছে। এ উদ্যোগের লক্ষ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লাখো অসহায় কৃষকের জীবনমান উন্নত করা। গেটস ফাউন্ডেশন এই কার্যক্রমে সহায়তা দিচ্ছে।

    সোমবার (৯ জুন) এডিবির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। প্রথম ধাপে বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, কম্বোডিয়া ও চীনে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সিজিআইএআর একটি বৈশ্বিক গবেষণা অংশীদারিত্ব, যা কৃষি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দারিদ্র্য হ্রাস, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে কাজ করে। তাদের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে খাদ্য, ভূমি ও পানি ব্যবস্থায় রূপান্তর ঘটানো।

    এডিবি জানায়, চাল এ অঞ্চলের মানুষের প্রধান খাদ্য। প্রতিদিনের খাবারে এটি অর্ধেকের বেশি মানুষের প্রধান উপাদান এবং লাখ লাখ গ্রামীণ দরিদ্র মানুষের জীবিকার প্রধান উৎস। তবে জলবায়ু পরিবর্তন, পানি সংকট ও গ্রিন হাউজ গ্যাস নির্গমনের মতো নানা চ্যালেঞ্জের কারণে ধান চাষ এখন চাপে রয়েছে। এসব সমস্যা সমাধান না হলে খাদ্য নিরাপত্তা ও দরিদ্র জনগোষ্ঠীর ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে।

    এডিবির ভাইস প্রেসিডেন্ট (সেক্টর ও থিম) ফাতিমা ইয়াসমিন বলেন, ‘চাল এশিয়ার খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এ অঞ্চলের মোট ক্যালরির এক-চতুর্থাংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্ধেকেরও বেশি সরবরাহ করে। কোটি কোটি কৃষকের জন্য চাল শুধু খাদ্য নয়, জীবিকারও প্রধান উৎস। কিন্তু এখন এটি জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবনতির কারণে হুমকির মুখে। নতুন এ উদ্যোগের মাধ্যমে আমরা সহনশীল, উচ্চ ফলনশীল ও স্বল্প নির্গমন প্রযুক্তির প্রসার, পানি ব্যবহারে টেকসায়িত্ব, অন্তর্ভুক্তিমূলক বাজারব্যবস্থা ও পুষ্টি উন্নয়নে জোর দেব।’

    এডিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে এই উদ্যোগে সর্বোচ্চ ১৫০ কোটি ডলার (প্রায় ১৮ হাজার কোটি টাকা) বিনিয়োগ করা হবে। এর উদ্দেশ্য হলো টেকসইভাবে ধান উৎপাদন বাড়ানো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং পানি ও কার্বন নির্গমন কমানো। এই উদ্যোগটি মে মাসে ঘোষিত ২০৩০ সালের মধ্যে খাদ্য ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে এডিবির ঘোষিত ৪ হাজার কোটি ডলারের বৃহত্তর প্রতিশ্রুতির একটি অংশ।

    ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়ভোন পিন্টো বলেন, ‘এই উদ্যোগ সিজিআইএআর ও এডিবির কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং ধানসহ অন্যান্য খাতেও উদ্ভাবন ছড়িয়ে দিতে সহায়ক হবে। এডিবি ও গেটস ফাউন্ডেশনের মতো অংশীদারদের সহযোগিতায় আমরা এশিয়ায় ধান উৎপাদনের টেকসই রূপান্তর নিশ্চিত করতে এবং কোটি কোটি কৃষকের জীবন উন্নত করতে পারি।’

  • লন্ডনে শুক্রবার সকালে একান্ত বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান

    লন্ডনে শুক্রবার সকালে একান্ত বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান

    সব জল্পনা-কল্পনার অবসান। সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক চূড়ান্ত। আগামী শুক্রবার সকালে বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হবে। একটি অভিজাত হোটেলে হবে হাই ভোল্টেজ কাঙ্ক্ষিত সেই বৈঠক। আনুষ্ঠানিক আলোচনা তো বটেই, খানিকক্ষণ একান্তেও কথা হবে দুই ব্যক্তিত্বের মধ্যে, শিডিউল সেভাবেই ঠিক হয়েছে। খবর দৈনিক মানবজমিনের।

    চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

    স্থানীয় সময় মধ্যরাতে (বাংলাদেশ সময় ভোরে) ফ্লাইটটি লন্ডনে পৌঁছার কথা রয়েছে।

    সফরকালে বাকিংহাম প্যালেসে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজার হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। ড. ইউনূসের সম্মানে রাজকীয় ভোজ হবে, যেখানে বৃটেনের রাজনীতি তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেবেন।

    পার্লামেন্টারি ডেমোক্রেসির পীঠস্থান বৃটেনে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদধারী স্পিকার এবং দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। তার সঙ্গে দেখা হবে দেশটির একাধিক মন্ত্রীর। পাশাপাশি প্রধান উপদেষ্টা বৃটেনের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে বক্তৃতা করবেন।

    কূটনৈতিক সূত্র জানিয়েছে- হাই প্রোফাইল ওই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বৃটেনের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরৎ নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে।

    সফর শেষে আগামী শনিবার (১৪ই জুন) সরকার প্রধানের ঢাকা ফেরার কথা রয়েছে।

  • জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

    জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

    দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরে এসব নির্দেশনা দেওয়া হয়। করোনার ঝুঁকি মোকাবিলায় দেশের সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতেও বলা হয়েছে সেখানে।

    নির্দেশনায় বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন সাব ভেরিয়েন্ট, বিশেষ করে অমিক্রন এলএফ. ৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১ এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ থেকে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণকারী নাগরিকদের জন্য দেশের সব স্থল, নৌ, বিমানবন্দরের আইএইচআর ডেস্কে নজরদারি জোরদার করতে হবে। পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় কিছু কার্যক্রম নিতে হবে।

    গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক না হলেও দেশে এ রোগের প্রকোপ বাড়ছে। আইসিডিডিআরবির গবেষকেরা করোনার নতুন একটি ধরন শনাক্তের কথা বলছেন। এর নাম এক্সএফজি। এর পাশাপাশি এক্সএফসি ধরনটিও পাওয়া গেছে। দুটোই করোনার শক্তিশালী ধরন অমিক্রনের জেএন-১ ভ্যারিয়েন্টের উপধরন।

    স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা হলো—

    • সাতবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোবেন (অন্তত ২৩ সেকেন্ড)।
    • নাক-মুখ ঢাকায় জন্য মাস্ক ব্যবহার করুন।
    • আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে
      অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না
      হাঁচি-কাশির সময় টিস্যু, কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।

    দেশে প্রবেশের পথের জন্য নির্দেশনা—

    • দেশের বিভিন্ন স্থল, নৌ, বিমান বন্দরসমূহে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্কসমূহে সতর্ক থাকা, হেলথ স্ক্রিনিং এবং সার্ভেল্যান্স জোরদার করুন।
    • দেশের পয়েন্টস অব এন্ট্রি সমূহে থার্মাল স্কান্যার, ডিজিটাল হেন্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করুন।
    • চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, গ্লাভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুত রাখুন (পিপিই)।
    • ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা সমূহ প্রচার করুন।
    • জরুরি প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

    সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়—

    • অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
    • রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন।
    • প্রয়োজন হলে আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করুন (০১৪০১-১৯৬২৯৩)।
  • দেশে আবারো করোনার আক্রমণ, নতুন নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের

    দেশে আবারো করোনার আক্রমণ, নতুন নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের

    দেশে ফের বাড়ছে করোনার প্রকোপ। পরিস্থিতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

    সোমবার (৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

    এতে বলা হয়েছে, ‘কোভিড ১৯ এ সংক্রমণের হার উর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।

    এর আগে রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগের ২৪ ঘণ্টায় চারজনের করোনা ভাইরাস পরীক্ষায় ৩ জনের শনাক্ত হয়েছে। একইসময়ে ছয়জন করোনা রোগী সুস্থ হয়েছে। তবে, মৃত্যু হয়নি।

    দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জনে। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৫০০ জন।

    প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে দেশে ২৩ জন আক্রান্ত হয়েছিলেন। কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে হয় ৮৬। চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

    আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের শেষ সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনজন। কিন্তু মে মাসের শেষ সপ্তাহে এতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ২৫-এ।

  • লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকের ওপর হামলা

    লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকের ওপর হামলা

    লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রেদোয়ান সালেহীন নাঈমের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এতে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হন।

    গতকাল রোববার রাত ৯টার দিকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ও বাহিরে এ হামলা হয়। খবর পেয়ে দ্রুত রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ঘটনাস্থলে যান।

    এ ঘটনায় রাত ১টার দিকে আঙ্গারপাড়া ও টামটা এলাকা থেকে জড়িত মাসুদ, কামাল ও তুষার নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশই গ্রামের গনক বাড়ির উঠানে ফুটবল খেলার সময় একই বাড়ির উদ্দীপন এনজিও কর্মী সোহাগ আলমের এক বছর বয়সী শিশু আনাছুর রহমান আনাছের মাথায় ফুটবল পড়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় শিশু আনাছের মা আমেনা আক্তার বিথী ফুটবল খেলোয়াড় রাহুল (১০) ও সাফোয়ানকে (১২) জিজ্ঞাসা করলে তাদের স্বজনদের সঙ্গে তর্কাতর্কি হয়।

    সন্ধ্যায় সাড়ে ৬টায় শিশু আনাছের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে আনাছকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাহুলের বাবা রাজন ও সাফোয়ানের বাবা লিপনসহ অন্যরা শিশুর বাবা সোহাগকে আইনের আশ্রয়ে গেলে গ্রামে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। এক পর্যায়ে তাদের বাধা অতিক্রম করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের ভেতর থেকে আহত শিশু আনাছকে টেনে বের করার চেষ্টা করে অভিযুক্তরা।

    এ ঘটনায় শিশুর বাবা সোহাগ আলম, তাঁর নিকটাত্মীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেদোয়ান সালেহীন নাঈমসহ অন্যরা বিষয়টি জানতে হাসপাতালে যায়। সেখানে গিয়ে শিশু আনাছের বাবার কাছে পুরো ঘটনা জানতে চাওয়ার এক পর্যায়ে মাসুদ, তুষার, কামাল ও লিটনসহ ২০/২৫জনের একটি গ্রুপ বাঁশ, লাঠি ও কাঠ নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রেদোয়ান সালেহীন নাঈম, আজিজ শাকিল, সাঈদ আলম শাহীন, জাহীদ হাসান পাবেল, তারেক আজিজ, সায়মন স্যাম, তারেকসহ কয়েকজন আহত হয়। এ ঘটনার খবর সংগ্রহ করতে গেলে দৈনিক খবরের কাগজের রামগঞ্জ প্রতিনিধি রায়হানুর রহমানকে মারধর করা হয়।

    রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে ঢুকে মারধর করার ঘটনায় কোনোভাবেই কাম্য হতে পারে না। এ ঘটনার চিকিৎসক ও নার্সও অনিরাপদ।

    রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় নেতৃত্বদানকারী মাসুদ, তুষার ও কামালকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • জুলাই মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    জুলাই মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    জুলাই-আগস্ট আন্দোলনের মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    সোমবার (৯ জুন) যাত্রাবাড়ী থানা পরিদর্শন ও ঈদে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি এ কথা বলেন।

    এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জুলাই আন্দোলনের অনেক মামলার তদন্ত হয়নি। তদন্ত শেষে যিনি অপরাধী প্রমাণিত হবেন তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। নির্দোষ কোনও ব্যক্তি যাতে সাজা না পায়। তাই তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্তদের আইনের আওতায় আনা হবে। আইনের বাইরে কেউ নয়।’

    আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট। এ ঈদে রাজধানীসহ দেশের কোথায় বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি। সড়ক দুর্ঘটনায় কিংবা ছোটখাটো দুই-একটা চুরি ছাড়া কোনও ঘটনা নেই। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট।’

    মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘আজ আমরা এখানে এসেছি দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও তাদের খাওয়া-দাওয়ার বিষয়টি দেখার জন্য। তারা জানিয়েছেন তাদের দুপুরের ও রাতের খাবার একই, তবে দাম ভিন্ন। তাই আমরা বলেছি, একই মূল্য ধরার জন্য। এছাড়াও একজন উপ-পরিদর্শককে (এসআই) খাবারের সময় দেখবালে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যাতে ঈদে তাদের খাবারের বিষয়গুলো খেয়াল রাখা হয়।’

  • আজ যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    আজ যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    চার দিনের সরকারি সফরে আজ (সোমবার) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

    সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

    এ ছাড়াও দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে।

    গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    শফিকুল আলম বলেন, আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে।

    এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যে টাকা পাচার করা হয়েছে সেগুলো উদ্ধারের বিষয়েও আলোচনা হবে।

    এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, ‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। প্রধান উপদেষ্টা ৯ জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন এবং ১৪ জুন দেশে ফিরবেন।’

    এই সফরে ড. ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হবে।

  • মধ্যরাতে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

    মধ্যরাতে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

    আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন।

    রোববার (৮ জুন) দিনগত রাত দেড়টায় তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) ঢাকায় আসেন। এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার দিয়ে তাকে নামিয়ে আনা হয়।

    রাত পৌনে ৩টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বিমানবন্দরে অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান। সেখানে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন হয়।

    এর আগে ৮ মে রাত ৩টা ৫মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন আবদুল হামিদ।

    গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। আবদুল হামিদের দেশ ছাড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। পরে দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেদিন।