Category: খবর

  • পাঁচটি বিসিএসের ফল প্রকাশের রোডম্যাপ জানাল পিএসসি

    পাঁচটি বিসিএসের ফল প্রকাশের রোডম্যাপ জানাল পিএসসি

    বিসিএস জট নিরসনের লক্ষ্যে ৪৪ থেকে ৪৮ বিসিএস পর্যন্ত পাঁচটি বিসিএস পরীক্ষার ফল প্রকাশের রোডম্যাপ প্রকাশ করেছেন বালাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। এরমধ্যে তিনটি বিসিএস পরীক্ষার ফল চলতি বছরেই প্রকাশ হবে। এই তিন বিসিএসের ফল প্রকাশের দিনক্ষণও ঘোষণা করা হয়েছে।

    মঙ্গলবার (৩ জুন) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই রোডম্যাপ অনুযায়ী আগামী ৩০ জুন ৪৪তম বিসিএস, ২২ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

    পিএসসি জানায়, নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশ নিশ্চিত করতে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ১৯ জুন প্রকাশ করা হবে এবং একইসঙ্গে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। যেসব প্রার্থীর একাধিক বিসিএস পরীক্ষার সময়সূচি ওভারল্যাপ করতে পারে—তাদের জন্য কমিশন পৃথক ব্যবস্থা নিয়েছে। ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা, যদি কারও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সঙ্গে মিলে যায়, তাহলে সেই প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত হবে সংশ্লিষ্ট পরীক্ষার এক মাস পূর্বে বা পরে।

    চিকিৎসক সংকট মোকাবিলায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ৪৮তম বিসিএস (বিশেষ)। সরকার ইতোমধ্যে ২৭ মে ২০২৫ তারিখে এই বিসিএসের গেজেট প্রকাশ করেছে এবং মাত্র দুই দিনের ব্যবধানে, ২৯ মে, এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হবে ১৮ জুলাই এবং ফলাফল প্রকাশ করা হবে ২১ জুলাই। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর।

    এছাড়া ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর থেকে।

    পিএসসি আরো জানায়, নিয়মিত বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারির ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা নেওয়া হবে। তবে অনিবার্য কারণে নির্ধারিত সময়সূচি কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানায় কমিশন, তবে বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

  • জামিন পেলেন জবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা

    জামিন পেলেন জবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনোয়ারা বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। গত বৃহস্পতিবার জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে কারাগারে পাঠান আদালত।

    সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অধ্যাপক আনোয়ারা বেগমের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

    জামিন আবেদনে উল্লেখ করা হয়, অধ্যাপক আনোয়ারা বেগমের বয়স ৭০ বছর। তিনি ৩৫ বছর যাবৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। অবসরপ্রাপ্ত এই অধ্যাপক একজন নারী। তিনি অসুস্থ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, তিনি জামিন পাওয়ার হকদার।

    রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য রাখা হয়। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত ৫০০ টাকা মুচলেকায় অধ্যাপক আনোয়ারার জামিন মঞ্জুর করেন। আদালতে আনোয়ারা বেগমের পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী ওবায়দুল ইসলাম।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গত বুধবার আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। আনোয়ারা বেগমের বিরুদ্ধে ওই মামলা হয় রাজধানীর সূত্রাপুর থানায়।

    সূত্রাপুর থানা পুলিশের পক্ষ থেকে আদালতকে বলা হয়, গত বছরের ১৯ জুলাই রায়সাহেব বাজারের কাছে স্টার হোটেলের সামনে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আন্দোলনকারী ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গুলি চালানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকদের প্রত্যক্ষ প্ররোচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটান।

    এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার চোখে গুলি লাগে। বাঁ চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এ ঘটনায় সুজন মোল্লা বাদী হয়ে গত ১৬ ফেব্রুয়ারি সূত্রাপুর থানায় এই মামলা করেন।

  • জুলাইয়ে হতাহত পরিবারের জন্য বাজেটে ৪০৫ কোটি বরাদ্দ

    জুলাইয়ে হতাহত পরিবারের জন্য বাজেটে ৪০৫ কোটি বরাদ্দ

    ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সহায়তার জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

    সোমবার (২ জুন) বাজেট ঘোষণাকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রস্তাব তুলে ধরেন।

    অর্থ উপদেষ্টা বলেন, ইতোমধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে, যা এই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, গবেষণা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

    এ ছাড়াও, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের কার্যক্রম চলমান। খুব শিগগিরই শহিদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি তাদের চিকিৎসা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমও গ্রহণ করা হচ্ছে।

    এদিকে, দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে শক্তিশালী করতে আগামী অর্থবছরের বাজেটে ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পেনশন ব্যতীত সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ ৯১ হাজার ২৯৭ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বরাদ্দ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

    অর্থ উপদেষ্টার ভাষায়, “সামাজিক নিরাপত্তার আওতায় দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক বৈষম্য কমানোর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে।”

    বিশেষজ্ঞদের মতে, শহীদ পরিবার ও আহতদের স্বীকৃতি ও সহায়তার পাশাপাশি সার্বিক সামাজিক নিরাপত্তা জোরদার করার এই উদ্যোগটি সরকারের মানবিক দায় ও রাজনৈতিক দায়বদ্ধতার অংশ হিসেবেই বিবেচিত হবে।

  • নারীকে লাথি মেরে বহিষ্কার সেই জামায়াত কর্মী গ্রেফতার

    নারীকে লাথি মেরে বহিষ্কার সেই জামায়াত কর্মী গ্রেফতার

    চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত জামায়াতে ইসলামীর কর্মী আকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার (০১ জুন) বিকালে নগরের কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আকাশ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের করা দ্রুত বিচার আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

    মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়ার প্রতিবাদে গত বুধবার বিকালে কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র জোট। কর্মসূচি শুরুর পরপর সেখানে মিছিল নিয়ে আসে ‘শাহবাগবিরোধী ঐক্য’। বিকাল সাড়ে ৩টার দিকে দুই পক্ষ মুখোমুখি হলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় শাহবাগবিরোধী ঐক্যের লোকজন ছাত্র জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে ১৫ জন আহত হন।

    পুলিশ জানায়, হামলার সময় ঘটনাস্থল থেকে ওবাইদুর ও সেলিমকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে আটক দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে। মামলার এজাহারে বলা হয়, আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় মহড়া দিয়ে জনমনে আতঙ্ক, ত্রাস ও রাস্তায় যান চলাচলে বাধা সৃষ্টি করে।

    এরই মধ্যে হামলার ঘটনার ভিডিও ফেসবুক ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক নারীসহ দুজনকে পেছন থেকে লাথি মারতে দেখা যায় এক ব্যক্তিকে। যে ব্যক্তিকে লাথি মারতে দেখা গেছে, তার নাম আকাশ চৌধুরী।

    ভিডিওতে দেখা যায়, হামলার পর প্রেসক্লাবের পাশে একটি ভবনের নিচে আশ্রয় নেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা। সেখানে একজন পুলিশ সদস্যকেও দেখা গেছে। ওই ব্যক্তি পুলিশের চোখ এড়িয়ে নেতাকর্মীদের পেছনে যান। সেখানে দাঁড়িয়ে হঠাৎ একজনকে লাথি মারেন তিনি। এরপর ঘুরে আবার আরেক নারীকে লাথি মারেন। গত ৩০ মে রাতে মহানগরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে নারীকে লাথি মারার ঘটনায় আকাশ চৌধুরীকে বহিষ্কার করা হয়।

  • নগদে আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে অনিয়ম পেয়েছে দুদক

    নগদে আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে অনিয়ম পেয়েছে দুদক

    মোবাইল ব্যাংকিং নগদের দুর্নীতি অনুসন্ধানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রীর নিয়োগে প্রাথমিকভাবে অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রোববার (১ জুন) সংস্থাটির কর্মকর্তারা নগদের গুলশান অফিসে অভিযান পরিচালনা করেন।

    পরে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন জানান, নগদে অভিযান চালিয়ে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তার স্ত্রীকে চাকরি দেয়ার ক্ষেত্রে অসঙ্গতির তথ্য মিলেছে।

    এছাড়া নগদের গত দুই মাসের বিল ভাউচারের মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিষয়েও তদন্ত চলছে বলে জানান তিনি।

    এদিকে গত ৩০ মে ফেসবুকে দেয়া এক পোস্টে আতিক মোর্শেদ ভুয়া বিল-ভাউচারে নগদ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি ওই পোস্টে তার স্ত্রীর নগদে মেধা ও যোগ্যতার বলে চাকরি পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

  • হয়রানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    হয়রানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের অর্ধশত গ্রামবাসীর বিরুদ্ধে হওয়া মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাধারণ গ্রামবাসী।

    রোববার (১জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। এ সময় মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

    মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারের উপর যে হামলার ঘটনাকে কেন্দ্র করে এসআই মারুফ বাদী হয়ে সাধারণ খেটে খাওয়া মানুষেকে আসামি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের হয়রানি বন্ধ করতে হবে।

    তারা অভিযোগ করেন, একেএম মর্তুজা রাসেল অধৈবভাবে জমি দখল করতে চৌগাছা থানার ওসিকে দির্ঘদিন ধরে অর্থের মাধ্যমে ব্যবহার করছে। একইসাথে, গ্রামের সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছে।

    জানাযায়, একেএম মতুর্জার পারিবারিক জমি সংক্রান্ত দন্ডের জেরে সাধারণ গ্রামবাসীকে হয়রানির উদ্দেশ্য এ মামলা করেন এসআই মারুফ। গত ৭ মে ওসি আনোয়ারের পক্ষে এসআই মেহেদী হাসান মারুফ চৌগাছা থানায় (০৭, জি,আর ১০৩/২৫) একটি মামলা করেন।

  • এক লাখ কর্মী নিতে চায় জাপান, বাড়ছে বিনোয়োগও: প্রেস সচিব

    এক লাখ কর্মী নিতে চায় জাপান, বাড়ছে বিনোয়োগও: প্রেস সচিব

    জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি প্রবাসী কর্মী পাঠানোর পথ প্রশস্ত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, মাতারবাড়ি প্রজেক্টে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান। এছাড়া দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক কথা হয়েছে। পাশাপাশি দেশটিতে বছরে ১ লাখ কর্মী পাঠানোর বিষয়েও কথা হয়েছে।

    রোববার (১ জুন) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

    তিনি বলেন, মাতাবাড়ি নিয়ে মাস্টার প্ল্যানে জাপান সহযোগিতা করবে। ২৯ মিলিয়ন ডলারের মধ্যে বড় অংশ দেবে জাপান। এছাড়া জাপানি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি করাও সফরের উদ্দেশ্য ছিল, তাও অনেকটা সফল হয়েছে। জাপানের মেইন ইনভেস্টমেন্ট এজেন্সি-জেটপোর সঙ্গে কথা হয়েছে। তারা বিনিয়োগে পজেটিভ রেসপন্স দিয়েছে।

    জাপানে কর্মী পাঠানো এবং দেশটির ম্যানপাওয়ার মার্কেট নিয়ে কাজ করারও অপার সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়ে প্রেস সচিব আরও বলেন, জাপান ৫ বছরে ১ লাখ লোক নিতে চায়। এ বিষয়ে কাজ করা হবে। এছাড়া জাপানে যাওয়ার ক্ষেত্রে যে ভিসা জটিলতা তৈরি হতো তারও সমাধানে আলোচনা হয়েছে।

    প্রেস ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজও উপস্থিত ছিলেন।

  • বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে রাস্তায় ফেলে মারধর

    বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে রাস্তায় ফেলে মারধর

    ফরিদপুরের নগরকান্দায় রাস্তায় ফেলে বৈশাখী ইসলাম বর্ষা (১৮) নামের এক কলেজছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের ঘটনায় একটি ফেসবুক লাইভ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-সদস্য সচিব।

    শুক্রবার (৩০ মে) বিকালে উপজেলার ভাবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাবু শেখের মেয়ে বলে জানা গেছে।

    এদিকে মারধরের সঙ্গে জড়িতদের আটক করতে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপরে হামলা করা হয়। এ নিয়ে এখনও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

    বর্ষার পরিবারের অভিযোগ, তার ছোট বোনকে বিএনপির এক কর্মী সাগর হোসেন পছন্দ করে। তাকে বিরক্ত ও ইভটিজিং করায় নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখান থেকে বাড়ি ফিরে আসার সময় পথে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে চুল ধরে টানে ও মারধর করে। তার বাবাকেও খুঁজে মারধর করার জন্য। সেখানে বর্ষা ফেসবুক লাইভে এসে তার হামলার কথা জানায় ও সেখান থেকে প্রশাসন তাদের উদ্ধার করে।

    তবে, বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

    নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলী বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

  • যৌথবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেফতার

    যৌথবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেফতার

    টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার সদস্য আবু ইসহাক রুহুল্লাহ্কে (২৭) গ্রেফতার করা হয়েছে।

    বুধবার (২৮) দিনগত মধ্যরাতে টঙ্গী পশ্চিম থানার শফিউদ্দিন সরকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসহাক রুহুল্লাহ্ শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার হযরত আলী মুন্সী কান্দি গ্রামের খলিল সরকারের ছেলে।

    পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ইসহাককে গ্রেফতার করে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর শাখার সদস্যসচিব মহসিন উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

    টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দর হাবীবুর রহমান বলেন, বুধবার রাতে যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

  • সারজিসের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল

    সারজিসের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল

    হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছেন এক আইনজীবী।

    বুধবার (২৮ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অভিযোগ দাখিল করেন আইনজীবী মো. জসিম উদ্দিন। উচ্চ আদালত সম্পর্কে সারজিসের দেওয়া স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে দেওয়া নোটিশের জবাব না পেয়ে অভিযোগ দাখিল করেন তিনি।

    এর আগে গত শনিবার (২৪ মে) ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়।

    ওই নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। এ ছাড়া সংবাদ সম্মেলন করে দুই ঘণ্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়।

    গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেন হাইকোর্ট।

    এদিন সকালে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ওই দিন সকাল ১১টা ৪৯ মিনিটে সারজিস আলম তার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে সারজিস আলম লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?’