বিশ্ববিদ্যালয় বলতে আমরা কী বুঝি? বিশ্ববিদ্যালয় কি শুধু উচ্চতর ডিগ্রি অর্জনের মাধ্যম, নাকি কর্মসংস্থানের সনদ পাওয়ার প্রতিষ্ঠান মাত্র, নাকি অন্য কিছু? ইতিহাস সাক্ষ্য দেয়, বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল মুক্তচিন্তা, সত্যের সন্ধান ও বিশ্বজনীন জ্ঞানচর্চার পবিত্র কেন্দ্র হিসেবে। বিশ্ববিদ্যালয় শব্দের উৎপত্তি হয়েছিল ল্যাটিন শব্দ ‘ইউনিভার্সিটাস’ থেকে, যার ধারণার মূলে ছিল এমন এক সমাজ গঠন, যা জ্ঞান অর্জন ও প্রসারে নিবেদিত থাকবে। অক্সফোর্ড, ক্যামব্রিজ বা নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল ডিগ্রি বিক্রি বা চাকরির বাজার সৃষ্টির জন্য নয়। এসব বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছিল মূলত মানুষের আত্মস্থ সুপ্ত প্রতিভা বিকাশের জন্য। কিন্তু সময়ের বিবর্তনে আজকের বিশ্ববিদ্যালয়গুলো অতিমাত্রায় বৈষয়িক হয়ে পড়েছে। তারা জ্ঞান ও উদ্ভাবনী চর্চার চেয়ে বাণিজ্যিক দিককেই বেশি গুরুত্ব দিচ্ছে। বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চা বা গবেষণার চেয়ে কীভাবে সার্টিফিকেট অর্জন করে চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা যায়, সেটাই মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এ প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি স্মরণ করা যেতে পারে। তিনি তাঁর ‘শিক্ষার মিলন’ প্রবন্ধে লেখেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো বিদ্যা অর্জন করা, বিদ্যা বিক্রি করা নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকাল বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞানচর্চার চেয়ে বিদ্যা বিক্রির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
গ্রিক দার্শনিক সক্রেটিসের সময় বর্তমান বিশ্ববিদ্যালয়ের আদলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। তবে জ্ঞানচর্চা হতো নিয়মিতই। সক্রেটিসের শিষ্য প্লেটো একাডেমি প্রতিষ্ঠা করেন এবং তাঁর শিষ্য অ্যারিস্টটল ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠা করেন, যা থেকে আধুনিক বিশ্ববিদ্যালয়ের ধারণা গড়ে ওঠে। একজন শিক্ষাবিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় কোনো মুখস্থ বিদ্যা বা নির্দিষ্ট ডেটা-তথ্য তৈরির কারখানা নয়। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদের মনের মধ্যে কৌতূহল এবং চিন্তার আগুন জ্বেলে দেওয়া। গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন, শিক্ষা কোনো পাত্র পূর্ণ করার বিষয় নয়, শিক্ষা হচ্ছে শিক্ষার্থীর মনে কৌতূহল ও যুক্তির শিখা জ্বালিয়ে দেওয়ার মাধ্যম। শিক্ষার কাজ শুধু তথ্য বিতরণ নয়, শিক্ষার কাজ হচ্ছে শিক্ষার্থীর মাঝে মুক্তচিন্তা ও প্রজ্ঞার বিকাশ ঘটানো। এক বিশিষ্টজন বলেছেন, ‘আমি কাউকে কিছু শেখাতে পারি না। আমি কেবল তাদের চিন্তার জগতে হানা দিতে পারি, তাদের ভাবতে বাধ্য করতে পারি।’ আসলে বিশ্ববিদ্যালয় কোনো সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান নয়। বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই প্রতিষ্ঠান, যেখানে বিশ্বের জ্ঞানভান্ডার একত্রিত হয়, উন্মোচিত হয়। বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান, যেখানে একজন শিক্ষার্থী স্বাধীনভাবে জ্ঞানার্জন করবে, ভিন্নমত প্রকাশ করবে এবং ভিন্ন চিন্তায় নিজেকে বিকশিত করবে।
শিক্ষার উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়, শিক্ষার প্রধান উদ্দেশ্য দেশপ্রেমিক সুনাগরিক গড়ে তোলা। কিন্তু শিক্ষার এই উদ্দেশ্য অর্জনে আমরা কতটা সক্ষম হয়েছি, তা নিয়ে প্রশ্ন উত্থাপন করার সময় এসেছে। তরুণ শিক্ষার্থীদের আমরা কি প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারছি? দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। আমি নিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম। আমরা চেয়েছিলাম, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন স্বল্পতার কারণে যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয়। কিন্তু এখন আমরা কী দেখছি? অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় কার্যত এক একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। জ্ঞান বিতরণের চেয়ে সেখানে অর্থ অর্জনকেই মুখ্য বলে বিবেচনা করা হচ্ছে। অতীতে বাংলাদেশের উচ্চশিক্ষা-ব্যবস্থা আন্তর্জাতিক মানের ছিল। আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়েছিল। বিদেশ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসত। গত শতাব্দীর ষাটের দশকেও বাংলাদেশের উচ্চশিক্ষা-ব্যবস্থা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল আন্তর্জাতিক পর্যায়ের। বিশ্বের শীর্ষস্থানীয় ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা করতে গেলে অনিবার্যভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম চলে আসত। কিন্তু এখন আর সেই অবস্থা নেই। স্বাধীনতার পর দেশের অন্যান্য সেক্টরের মতো দেশের উচ্চশিক্ষার মান নিম্নগামী হতে থাকে। শিক্ষাঙ্গনে নকলপ্রবণতা ও ঢালাও পাসের সংস্কৃতি গড়ে ওঠে। সেই সময় রাষ্ট্রীয়ভাবে পাসের হার বেশি দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। সত্তর দশকের প্রথমার্ধে একজন সরকারপ্রধান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ আবুল ফজলকে প্রসঙ্গক্রমে বলেছিলেন, ‘প্রফেসর সাহেব, একজন শিক্ষকের কাজ হলো শিক্ষার্থীদের ভালোভাবে পড়িয়ে পাস করানো। কম পাস করানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই। বরং বেশিসংখ্যক শিক্ষার্থীকে পাস করানোর মধ্যেই কৃতিত্ব লুকিয়ে আছে।’ তখনকার সরকারপ্রধানের এই বক্তব্য শিক্ষাঙ্গনে ভুল বার্তা দেয়। এরপর থেকে পরীক্ষায় বেশি পাস করানোর সংস্কৃতি শুরু হয়। অনেকেই পরীক্ষায় নকল করে পাস করতে থাকে। সেই যে পরীক্ষায় নকলের প্রবণতা শুরু হয় পরবর্তীতে তা আর শেষ হয়নি।
বিশ্ববিদ্যালয় হোক শুধু জ্ঞান সাধনার পীঠস্থানএখন যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসে তাদের অধিকাংশের ভিত থাকে খুবই দুর্বল। ফলে তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না। আগেকার দিনে শিক্ষার্থীরা নিজেরা লাইব্রেরিতে গিয়ে নোট তৈরি করে লেখাপড়া করত। আর এখন আগের ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে নোট সংগ্রহ করে পরীক্ষা দেয়। এতে পরীক্ষায় পাস করা এমনকি ভালো ফলাফল করা গেলেও শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞানার্জন সম্ভব হয় না। এখন বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসে, তাদের অধিকাংশের উদ্দেশ্য থাকে কোনোভাবে পরীক্ষায় পাস করে চাকরির বাজারে প্রবেশ করা। জ্ঞানার্জন তাদের কাছে মুখ্য বিষয় নয়। এদের মধ্য থেকেই পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিযুক্ত হন। তারা শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদানের পরিবর্তে কোনোভাবে পাস করানোর দিকে মনোযোগ দেন। আত্মসমালোচনা করে বলতে হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এখন অনেকের কাছে আর মহৎ পেশা নয়। তাঁরা শিক্ষকতা পেশাকে অর্থ উপার্জনের সহজ মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আছেন, যাঁরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। ফলে তাঁরা মাদার অর্গানাইজেশনের প্রতি পুরোটা মনোযোগ দিতে পারেন না। শিক্ষকদের অনেকের মাঝেই জ্ঞানার্জনের চেয়ে অর্থ উপার্জনের ঝোঁক বেশি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অন্তত কয়েক শ জন আছেন, যাঁরা উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য বিদেশে গিয়ে আর ফিরে আসেননি। এভাবে মেধা পাচার হয়ে যাওয়ার কারণে উচ্চ শিক্ষাঙ্গনে অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষকের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।
উন্নত দেশগুলোতে দেখেছি, সেখানকার লেখাপড়ার পদ্ধতি শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী এবং সৎ মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে সহায়তা করে। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীকে জ্ঞানচর্চায় আগ্রহী এবং সৎ মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে তেমন একটা অবদান রাখতে পারছে না। উন্নত দেশগুলোতে শিক্ষার্থীরা নকল করে পরীক্ষায় পাস করার কথা চিন্তাই করতে পারে না। তারা প্রকৃত জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলছে। আমাদের দেশের একজন শিক্ষার্থীর মধ্যে জ্ঞানচর্চার চেয়ে যেনতেনভাবে পাস করে একটি চাকরির ব্যবস্থা করার প্রতিই বেশি আগ্রহ থাকে। তারা বুঝতে চায় না, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না হলে কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। ফলে শিক্ষা কার্যক্রমকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন একজন শিক্ষার্থী শিক্ষাজীবন শেষে আদর্শবান নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
দেশের ভয়াবহ বেকার সমস্যার মূল কারণ শিক্ষার গুণগত মানের অবনতি। উচ্চশিক্ষা লাভের পরও একজন উন্মুক্ত প্রতিযোগিতায় টিকে থাকার মতো সক্ষমতা অর্জন করতে পারে না। এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে প্রতি তিনজন উচ্চশিক্ষিতের মধ্যে একজন বেকার। অর্থাৎ তারা উচ্চশিক্ষা লাভের পরও কর্মসংস্থানের যথাযথ যোগ্যতা অর্জন করতে পারছে না। শিক্ষার্থীরা যোগ্য এবং সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে না পারার পেছনে রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত ব্যক্তিবর্গেরও দায় রয়েছে। তারা শিক্ষাব্যবস্থাকে উপযোগী করে গড়ে তোলার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। সামগ্রিকভাবে আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা সময়ের চাহিদা পূরণের উপযোগী নয়। আমাদের শিক্ষাব্যবস্থা প্রয়োজনের নিরিখে প্রণীত নয়। বর্তমানে প্রতি বছর যারা উচ্চশিক্ষা লাভ করে বেরোচ্ছে, তাদের অধিকাংশই আসলে অর্ধশিক্ষিত। আমাদের মতো দেশের শিক্ষাব্যবস্থা হতে হবে গণমুখী, কর্মমুখী এবং নিড বেইজড। কোন খাতে কত সংখ্যক শ্রমশক্তি প্রয়োজন, তা নিরূপণ করে সেই মোতাবেক শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। তাহলে একজন শিক্ষার্থী শিক্ষাজীবন শেষে খুব সহজেই কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। শিক্ষার সঙ্গে কর্মসংস্থানকে সংযুক্ত করতে হবে। শিক্ষা যদি কর্মমুখী না হয় তাহলে বেকার সমস্যা বাড়তেই থাকবে। আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা এবং দূরশিক্ষণ ব্যবস্থার প্রসার ঘটাতে হবে। দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু এরা কি সবাই মানসম্পন্ন শিক্ষা প্রদান করতে পারছে? কিন্তু শিক্ষাঙ্গন তো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে না। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ব্রিটিশ শিক্ষা কার্যক্রম অনুসরণ করে থাকে। কিন্তু বাস্তবে আমরা ব্রিটিশ শিক্ষাব্যবস্থার চেয়ে কতটা পিছিয়ে, তা ভাবলেও অবাক হতে হয়।
এ মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে একটি স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠন করে উচ্চশিক্ষা পর্যায়ের সমস্যাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা করা। দিনে দিনে বেলা অনেক হয়েছে। আর অপেক্ষা করার সময় নেই। আমাদের এমন একটি শিক্ষা সংস্কৃতি গড়ে তুলতে হবে, যার উদ্দেশ্য হবে প্রকৃত জ্ঞানার্জন। বিশ্ববিদ্যালয়গুলোকে সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সত্যিকার জ্ঞান সাধনার পীঠস্থানে পরিণত করতে হবে। আমরা যদি টেকসই উন্নতি অর্জন করতে চাই তাহলে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান সাধনার উন্মুক্ত স্থানে পরিণত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে জ্ঞানচর্চা, জ্ঞান সৃষ্টি, জ্ঞান আহরণ-বিতরণ করা। এখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা যৌথভাবে এই কর্মসম্পাদন করবেন। তবে বিশ্ববিদ্যালয় এমন কোনো জ্ঞান সৃষ্টি করবে না যাতে মনে হয় এটি আইভরি টাওয়ার বা জীবনের কঠিন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন কোনো গজদন্ত মিনারে পরিণত হয়েছে। যে জ্ঞান মানুষের কল্যাণ সাধন করে না, সে জ্ঞান আমার কাছে অর্থহীন বলেই মনে হয়। অতএব জ্ঞান দান ও অর্জনের প্রধান লক্ষ্য হবে মানব কল্যাণ। যে জ্ঞান আইভরি টাওয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সে জ্ঞানের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। শেষ কথা হলো, বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি করবে দেশ ও মানুষের কল্যাণের জন্য।
লেখক : সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রদূত, ইমেরিটাস অধ্যাপক, ঢাবি