২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে ঢাকা কলেজে মোট ১ হাজার ১৪৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন। প্রতিষ্ঠানটিতে এবার পাসের হার ৯৯.৩৮ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ৮৬১ জন। এরমধ্যে পাস করেছে ৮৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৪১ জন। মানবিক থেকে পরীক্ষার ১৪৮ জন অংশ নিয়ে ১৪৬ জন পাস করেছে, আর জিপিএ-৫ পেয়েছে ১২ জন পরীক্ষার্থী। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১৩৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, গতবারের তুলনায় আমাদের টোটাল পাশের হার বেশি বেড়েছে। গতবার ঢাকা কলেজে পাশের হার ৯৯.২৯ শতাংশ ছিলো এবার এবার ৯৯.৩৮ শতাংশ হয়েছে। সার্বিক পরিস্থিতিতে সারা বাংলাদেশে জিপিএ-৫ অর্ধেকের নিচে নেমে এসেছে। পাশের হারও অর্ধেক ৫২ শতাংশ হয়েছে। সেই প্রেক্ষিতে হয়তো আরও ভালো ফলাফল হতে পারতো। যেহেতু এই ছেলেগুলো পাঁচ আগস্টের পর বিভিন্ন কারণে নানা ডিস্টার্বেন্সের মধ্যে ছিল। যত সম্ভব ভালো ফলাফলের জন্য কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করেছে।
যেভাবে জানবেন এইচএসসির ফল: সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট দুটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এদিকে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসের ফরম্যাট হলো– HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস, রোল নম্বর, একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে ‘HSC Dha 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এর আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০-এ এসএমএস পাঠাতে হবে শিক্ষার্থীদের।





