ড. ইউসুফ খান
আমেরিকা বা লন্ডনে যাওয়া একসময় বাংলাদেশের মানুষের কাছে ছিল সুদূর কল্পনা। আমরা শৈশবে দেখেছি, এপার বাংলার মানুষের কাছে পদ্মা পাড়ি দিয়ে কলকাতা যাওয়াও ছিল একটা বড় স্বপ্ন। আর এখন সেদিন আর নেই। তার বদলে পশ্চিমা কোনো দেশে যাওয়া স্বপ্ন হয়ে উঠেছে। বিলেত-আমেরিকার মতো স্বপ্নের দেশে যাওয়া যেন সোনার হরিণ পাওয়া। কোনো ছেলে যদি লন্ডন বা আমেরিকা থেকে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে ফিরে আসত, তাকে দেখতে বা সংবর্ধনা জানাতে গ্রামের কত শত মানুষেরই না সমাগম ঘটত! ব্যান্ড পার্টি ভাড়া করে বাজনা বাজানো হতো। মা-বাবা, আত্মীয়স্বজনের বুক গর্বে ভরে যেত।
কিন্তু পরবর্তী সময়ে স্বপ্নের দেশ বিলেতে যাওয়ার আকর্ষণ আর থাকেনি। বৃহত্তর সিলেট থেকে দলে দলে লোক ব্রিটেনে গিয়ে বাংলা টাউন প্রতিষ্ঠা করেছে। বিলেতে যাওয়া এখন আর কল্পনা নয়, বাস্তবতা। বিলেতফেরত বললে এখন আর কেউ ফিরে তাকায় না। অথচ ষাট-সত্তরের দশকেও আমেরিকা বা লন্ডনে যাওয়া ছিল স্বপ্নের ব্যাপার। কেউ আমেরিকা যাবে শুনলে তার স্ট্যাটাস বেড়ে যেত। মানুষ সম্মানের চোখে তাকাত। যে যাবে সে বলে বেড়াত, ‘স্ট্যাটসে যাচ্ছি।’ আমেরিকা বা লন্ডন থেকে দেশে আত্মীয়স্বজনের কাছে কেউ ভিউকার্ড পাঠালে তা সযত্নে অ্যালবামে রেখে পাড়া-প্রতিবেশীদের গর্বের সঙ্গে দেখাত। কারও ছেলে বা মেয়ে আমেরিকায় পড়াশোনা করছে এ কথা বলার মধ্যে গর্ব ও আভিজাত্যবোধ প্রকাশ পেত।
কিন্তু সেদিন এখন আর নেই। এখন হাজার হাজার মানুষ বিলেতে বা আমেরিকায় যাচ্ছে। ইমিগ্র্যান্ট ও পরবর্তী সময়ে ওই দেশের সিটিজেন হচ্ছে। বাংলাদেশের শাকসবজি থেকে আরম্ভ করে কচু, ঘেচু, কলার থোড় সবই পাওয়া যাচ্ছে। নিউইয়র্ককে বলা হয় বড় ঢাকা। কোনো বাংলাদেশি লুঙ্গি পরা অবস্থায় মুদির দোকানের সামনে দাঁড়িয়ে পান খাচ্ছে, গল্প করছে এমন দৃশ্য এখন আর বিরল নয়। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশের মানুষের চোখে আমেরিকা এখন তার আভিজাত্য হারিয়েছে। সাদা গার্লফ্রেন্ডকে বগলদাবা করে রাস্তায় ঘোরা কোনো বাংলাদেশি যুবকের কাছে এখন আর কোনো বাহাদুরির ব্যাপার নয় বরং ডালভাত।
ফাস্টফুড আমার প্রিয় খাবার। বিদেশ-বিভুঁইয়ে বিশেষ করে লন্ডন-আমেরিকা গেলেই ম্যাকডোনাল্ড রেস্টুরেন্ট কোন স্ট্রিটে, কত দূরে তা জানতে কখনো আমি ভুল করি না। আগে দেখতাম ম্যাকডোনাল্ড, বার্গার কিং, কেন্টাকি ফ্রাইড চিকেন এ ধরনের ফাস্টফুডের রেস্টুরেন্টে মালয়েশিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি ও ইউরোপীয় তরুণ-তরুণীরাই ওয়েটার বা ওয়েট্রেসের কাজ বেশি করছে। কিন্তু এখন দেখছি বাংলাদেশি ছেলেমেয়েতেও এসব রেস্তোরাঁ ভরে গেছে। ওয়েট্রেসের অ্যাপ্রোন পরে বাংলাদেশের কোনো মেয়ে স্মার্টলি হেসে ইংরেজির পরিবর্তে পরিষ্কার বাংলায় জিজ্ঞাসা করছে, ‘আপনি কী খাবেন?’ বিদেশ-বিভুঁইয়ে আমাদের দেশের অল্প বয়সি তরুণী স্মার্টলি কাজ করছে, তার বাংলা কথা শুনে বিস্মিত হয়েছি। নিজের দেশের মেয়ে বলে খুব আপন মনে হয়েছে। জিজ্ঞাসা করেছি, কোথায় বাড়ি, এ দেশে কবে এসেছ, কেন এসেছ? উত্তরে বলেছে, পড়াশোনা করতে এসেছি। জানতে চেয়েছি, রেস্তোরাঁয় কেন কাজ করছ? উত্তরে বলেছে, কী করব! বাবা, ইউনিভার্সিটির ফি সবটা দিতে পারেন না। তাই আমাকে পার্টটাইম বা উইকএন্ডে কাজ করে বাকিটা জোগাড় করতে হয়। অবাক হয়ে ভাবছি, দেশে পড়াশোনা করাকালীন বেশির ভাগ মেয়ে চাকরি তো দূরের কথা ঘরের বাইরে বেড়াতে গেলেও মার্জিত পোশাকপরিচ্ছদ পরে বের হতো। আর ওই সব মেয়েরাই এখন বিদেশে পড়তে এসে স্কার্ট আর স্লিভলেস শার্ট পরে রেস্তোরাঁ বা শপিং মলে নানারকম অড জব করছে। এটা দোষের কিছু নয়। বরং মেকি আভিজাত্যের বলয় ভেঙে কায়িক শ্রমকে এরা সম্মান দিতে শিখেছে, বিদেশে এসে আত্মনির্ভরশীলতা যে কী জিনিস তা বুঝতে শিখেছে এবং নানারকম কাজে দক্ষতা অর্জন করছে।
কিন্তু প্রশ্ন হলো, এই শিক্ষিত তরুণ জনশক্তি বিদেশে নানা ধরনের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে কী নিজ দেশে ফিরবে? দেশের উন্নয়নে নিজেদের অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা কী কাজে লাগাবে? এসব প্রশ্ন প্রায়ই আভিজাত্যবোধ প্রকাশমনে জাগে। আমরা জানি দেশ থেকে যেসব শিক্ষিত ও আধুনিক তরুণ জনশক্তি বিদেশে চলে গেছে তাদের বেশির ভাগই আর দেশে ফিরে আসবে না। ও দেশের সাদা ও বাদামি অধিবাসীদের ভিড়ে ধীরে ধীরে মিশে যাবে। নিজেদের অর্জিত জ্ঞান, মেধা ও প্রতিভা বিদেশেই ক্যারিয়ার গঠন ও অর্থ উপার্জনের কাজে লাগাবে।
বাংলাদেশের যেসব পরিবার সচ্ছল কিংবা যাদের কিছুটা আর্থিক সামর্থ্য আছে তারাই ছেলেমেয়েদের উচ্চশিক্ষার নামে বিদেশ পাঠিয়ে দিচ্ছে। এরা যে আর ফিরে আসবে না তা-ও তারা জানে। শুধু তা-ই নয়, বিদেশ পাঠিয়ে মা-বাবা স্বস্তিবোধ করছেন। কারণ দেশে আর্থসামাজিক, রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তাহীনতাসহ বিকশিত হওয়ার তেমন কোনো সুযোগ নেই বললেই চলে। তদুপরি ক্যারিয়ার গঠন বা ভালো চাকরি পাওয়ার সুযোগও সীমিত। আর এজন্যই তারা বিদেশে পাড়ি জমাচ্ছে। কিন্তু এটাও ঠিক, এভাবে চলতে থাকলে ধীরে ধীরে একসময় দেশ মেধাশূন্য হয়ে পড়বে। রক্তশূন্য দেহে মানুষ যেমন বাঁচতে পারে না, তেমনি মেধাশূন্য কোনো দেশ ও সমাজ বাঁচতে পারে না। দেশ থেকে যখন মেধা বাইরে চলে যায়, তখন দেশ চলে যায় মেধাহীনদের হাতে।
একবার ট্রেনে করে লন্ডন সিটি থেকে বার্মিংহামে যাচ্ছিলাম। আর তখনই কম্পার্টমেন্টে ৩০-৩২ বছর বয়সি একজন বাংলাদেশি তরুণের সঙ্গে পরিচয় হয়, নাম রাশেদ হাসান। কথা প্রসঙ্গে জানতে পারি, সে একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল। ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। জানতে চাইলাম, কেন সে যুক্তরাজ্যে এলো। উত্তরে জানাল, দেশে মেধার অবমূল্যায়ন করা হয়। পেশাগত পদায়নে রয়েছে দলবাজি, লালফিতার দৌরাত্ম্য। পর্যাপ্ত গবেষণার সুযোগ নেই। উন্নত জীবনের নিশ্চয়তা নেই। এসব দেখে হতাশায় ভুগছিল সে। তারপরই সিদ্ধান্ত নেয় পছন্দের দেশ যুক্তরাজ্যে পাড়ি জমাবে। বর্তমানে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে। ভবিষ্যতে দেশে ফেরার ইচ্ছে রয়েছে কি না, জানতে চাইলে সে বলল, পরিবেশ পরিস্থিতির উন্নয়ন ঘটলে বিশেষ করে কর্মপরিবেশ ভালো হলেই শুধু দেশে ফেরার কথা ভেবে দেখব, অন্যথায় নয়।
তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশ থেকেই উন্নত পশ্চিমা দেশে ইমিগ্র্যান্টদের ভিড় বাড়ছে, এ কথা সত্য, কিন্তু বাংলাদেশ থেকে ইদানীং শিক্ষিত তরুণ-তরুণীরা যেভাবে দলে দলে দেশ ছাড়ছে তাতে শঙ্কিত না হয়ে উপায় নেই। এই শিক্ষিত আধুনিক তরুণ সমাজের দেশ ছাড়ার স্রোতের মুখ ফেরানো না গেলে একসময় দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আর্থসামাজিক ও রাজনৈতিক জীবনে বিপর্যয় দেখা দেবে। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন এর জন্য দেশকে বড় ধরনের খেসারত দিতে হবে।
মেধা পাচার বা ব্রেন ড্রেইন কোনো নতুন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে উন্নত শিক্ষা, গবেষণার সুযোগ, উন্নত কর্মপরিবেশ, উচ্চ বেতন, সামাজিক নিরাপত্তা এবং উন্নত জীবনযাত্রার আশায় বাংলাদেশের মেধাবীরা বিদেশ অভিমুখী হচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জন করছে। তাদের একটি বড় অংশ সেখানেই কর্মজীবন শুরু করছে এবং স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিচ্ছে। ফলে তাদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী শক্তির সুফল ভোগ করছে অন্য দেশ, অথচ তাদের গড়ে তুলতে বিনিয়োগ করা সময়, অর্থ ও শ্রমের প্রত্যাশিত প্রতিদান পাচ্ছে না বাংলাদেশ।
বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৫ শতাংশ বিদেশে বসবাস করছে, যার মধ্যে একটি বড় অংশ হচ্ছে উচ্চশিক্ষিত ও দক্ষ পেশাজীবী। মেধাবীরা দেশ ছাড়ছে-এর পেছনে রয়েছে বহুমাত্রিক কারণ। শুধু উচ্চ বেতন কিংবা উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষাই তাদের বিদেশমুখী করছে না বরং দেশের সামগ্রিক কর্মপরিবেশ এবং ভবিষ্যৎ অনিশ্চয়তাও এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।
মেধাবীরা কোনো দেশের বোঝা নয়, তারা দেশের অমূল্য সম্পদ। তাদের গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত বিনিয়োগ রয়েছে। সেই বিনিয়োগের সুফল দেশের উন্নয়নে কাজে লাগানোই হওয়া উচিত আমাদের প্রত্যাশা। আমরা চাই না, উন্নত ভবিষ্যতের সন্ধানে এ দেশের মেধাবী সন্তানদের একের পর এক বিদেশে পাড়ি জমাতে হোক। আমরা চাই, তারা বিদেশে গিয়ে জ্ঞান অর্জন করুক, অভিজ্ঞতা সমৃদ্ধ করুক, বিশ্বমানের দক্ষতা অর্জন করুক এবং সুযোগ পেলে সেই অর্জন নিয়ে স্বদেশে ফিরে আসুক। তবে তাদের ফিরে আসার পথটি সুগম করতে হবে আমাদেরই। দেশে যদি যোগ্যতার মর্যাদা থাকে, কর্মক্ষেত্রে স্বচ্ছতা থাকে, গবেষণার সুযোগ থাকে, আইনের শাসন থাকে এবং মেধার যথাযথ মূল্যায়ন হয়, তাহলে অনেকেই স্বেচ্ছায় ফিরে আসবে। একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার প্রাকৃতিক সম্পদ কিংবা বিশাল অবকাঠামো নয় বরং সেই দেশের দক্ষ, শিক্ষিত, সৃজনশীল ও মেধাবী জনগোষ্ঠী। অথচ বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুলসংখ্যক মেধাবী তরুণ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও উচ্চশিক্ষিত পেশাজীবী উন্নত জীবনের প্রত্যাশায় বিদেশে পাড়ি জমাচ্ছেন। তাদের অনেকেই আর দেশে ফিরে আসেন না। ফলে দেশ হারাচ্ছে তার মূল্যবান মানবসম্পদ, আর অন্য দেশগুলো লাভবান হচ্ছে।
বাংলাদেশের মেধাবীরা বিদেশে গিয়ে সফল হচ্ছে-এটি নিঃসন্দেহে আনন্দের বিষয়। কিন্তু তাদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার সুফল যদি দেশের মানুষ না পায়, তাহলে সেই সাফল্যের পূর্ণাঙ্গ প্রতিফলন জাতীয় জীবনে ঘটবে না। আমরা চাই না, বিদেশে যাওয়ার পথ বন্ধ হয়ে যাক। বরং আমরা চাই, বিদেশে যাওয়ার পাশাপাশি দেশে ফেরার পথটিও সমানভাবে আকর্ষণীয় হোক। আমাদের প্রত্যাশা-একদিন বিদেশের মাটিতে নয়, বাংলাদেশের মাটিতেই বিকশিত হবে আমাদের মেধা, বাস্তবায়িত হবে তরুণদের স্বপ্ন এবং গড়ে উঠবে একটি জ্ঞানভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ।
লেখক : গবেষক ও প্রাবন্ধিক