শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

কালের কণ্ঠের প্রতিবেদন

পাঠ্যবই ২৪ ডিসেম্বর থেকে বিতরণ

Advertisement

নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে এবার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে সরকার। বছরের প্রথম দিন বই বিতরণের দীর্ঘদিনের রীতি থেকে বেরিয়ে এসে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন, অর্থাৎ ২৪ ডিসেম্বর থেকেই নতুন বই বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পাঠ্যবই ছাপা, বাঁধাই, মান যাচাই ও সরবরাহ কার্যক্রম জোরদার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ শেষ হয়েছে। প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ এবং মাধ্যমিক স্তরের প্রায় ৮৩ শতাংশ বই উপজেলা পর্যায়ের বিতরণকেন্দ্রে পৌঁছেছে। যদিও মাধ্যমিকের ৮৬ শতাংশ বই ছাপা শেষ হয়েছে। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চারটি বই বাদে অন্য সব বই ৩০ নভেম্বরের মধ্যে ছাপা শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা চেয়েছিলাম ১৬ ডিসেম্বর সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে; কিন্তু আগে তো শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল বের হতে হবে, এরপর বই দিতে হবে। তাই আমরা বলেছি ২৪ ডিসেম্বর ফল প্রকাশ করতে। আর ওই দিনই সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে। এ বছর এত আগেভাগে বইয়ের কাজ কিভাবে শেষ হলো, আমি বলব, এটা আমাদের প্রধানমন্ত্রীর (তারেক রহমান) জাদু। কারণ প্রধানমন্ত্রী চেয়েছেন শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর আগেই যেন তারা নতুন বই পায়। তিনি নিজে বই ছাপার কাজের সুপারভাইজ করেছেন। এখন প্রধানমন্ত্রী চেয়েছেন, শিক্ষামন্ত্রী সেটা করেছেন। প্রধানমন্ত্রী আমাকে ফ্রিডম দিয়েছেন, আমি পরিকল্পনা-তদারকি করেছি। আমরা আগের মতো বড় কোনো অনুষ্ঠান করে বই উৎসব করতে চাই না। অযথা কোনো টাকা খরচ করতে চাই না। হয়তো প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, তিনি যাতে ফিতা খুলে বইয়ের মোড়ক উন্মোচন করেন। আর স্কুলগুলোকে বলেছি, ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দিতে।

এনসিটিবির ২৩ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তরে ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বইয়ের মুদ্রণ, বাঁধাই ও পিডিআই (প্রাক-সরবরাহ পরিদর্শন) সম্পন্ন হয়েছে। প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য সাত কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বই ছাপা হচ্ছে। এর মধ্যে ৯৮.৬৩ শতাংশ মুদ্রণ, ৯৮.৪৬ শতাংশ বাঁধাই এবং ৯৭.২৮ শতাংশ পিডিআই সম্পন্ন হয়েছে।

মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বই ছাপা হচ্ছে। এ স্তরে মুদ্রণ সম্পন্ন হয়েছে ৮৮.১৩ শতাংশ, বাঁধাই ৮৬.১৮ শতাংশ এবং পিডিআই ৮৩.২১ শতাংশ সম্পন্ন হয়েছে। মাধ্যমিকের বই ছাপার কাজে একাধিক প্রতিষ্ঠান নিয়োজিত রয়েছে। এর মধ্যে ৪৯টি প্রতিষ্ঠান তাদের নির্ধারিত কাজ শেষ করেছে। নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি, পাঁচ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই ছাপা হচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপা হচ্ছে ৯ হাজার চার কপি ব্রেইল বই। মাদরাসার ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ছাপানো হচ্ছে চার কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বই। এ স্তরে মুদ্রণ সম্পন্ন হয়েছে ৯৭.৩১ শতাংশ, বাঁধাই ৯৪.২৭ শতাংশ এবং পিডিআই ৯৩.০১ শতাংশ সম্পন্ন হয়েছে।

এনসিটিবি সূত্র জানায়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের সব বই দেশের প্রতিটি উপজেলায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে। ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে মুদ্রণ, বাঁধাই, মান যাচাই ও পরিবহন কার্যক্রমে গতি বাড়ানো হয়েছে।

এদিকে আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণির বই দুটি ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। ষষ্ঠ শ্রেণির বই ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’। নতুন বইগুলোর জন্য মোট এক কোটি ৫৫ লাখ ৫৬ হাজার ৩৩ কপি ছাপা হচ্ছে। এসব বইয়ের মুদ্রণ কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ছাপা শেষ করে বিতরণকেন্দ্রে পাঠানোর লক্ষ্য রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যেসব প্রেস নতুন চারটি বইয়ের কাজ পেয়েছে, তাদের আগের বইগুলো ছাপা হওয়া প্রায় শেষের পথে। ফলে হাতে খুব অল্প কয়েক দিন থাকলেও নতুন বইগুলো নির্দিষ্ট সময়েই যাবে। আর এনসিটিবি ৩০ নভেম্বর কাজ শেষের রোডম্যাপ দিলেও এর মধ্যে মাধ্যমিকের কিছু বই ছাপা বাকি থাকবে। হাতে গোনা পাঁচ থেকে সাতটি প্রেসের হাতে এই কাজ বাকি থাকতে পারে। যদিও চুক্তি অনুযায়ী তাদের অনেকেই ডিসেম্বরের ৫ থেকে ৯ তারিখ পর্যন্ত বই সরবরাহের সময় পাবে। ফলে এনসিটিবির সার্বিক লক্ষ্য ১৫ ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করা। সেই লক্ষ্য অনুযায়ী, ২৪ ডিসেম্বর স্কুলের ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ‘নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী আমাদের কার্যক্রম এগিয়ে চলছে। আশা করছি, ৩০ নভেম্বরের মধ্যেই আমরা শতভাগ বই পৌঁছে দিতে পারব। এর মধ্যে প্রাথমিকের প্রায় সব বই উপজেলায় পৌঁছে গেছে। মাধ্যমিকের কাজও অনেকটা শেষের পথে। নির্দিষ্ট সময়ে কাজ শেষের পাশাপাশি মানের ব্যাপারেও আমরা সজাগ রয়েছি। কোনো রকম অনিয়ম পেলেই আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’

এ বিভাগের আরও সংবাদ