দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টেস্ট পরীক্ষা চলছে। প্রতিবছরই একটি আগ্রহ থাকে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে কী ধরনের প্রশ্ন হয়, প্রশ্নে কতটা ক্রিয়েটিভিটি থাকে, কতটা হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের প্রকৃত মান যাচাই করার জন্য, প্রশ্ন না তাদের ঝামেলায় ফেলে দেওয়া হয়েছে ইত্যাদি বিষয় দেখার চেষ্টা করি।
এবার অনেকগুলো (৯০টি) প্রশ্ন দেখলাম। আমি যেহেতু ইংরেজির শিক্ষক, ইংরেজি প্রশ্নগুলোই (প্রথম পত্র ও দ্বিতীয় পত্র) দেখলাম। প্রশ্নে এত বানান ভুল, নম্বর ভুল, কনটেন্ট ভুল, স্ট্রাকচারাল মিসটেক, অপ্রাসঙ্গিক শব্দ ও লাইন, অস্পষ্ট ছাপা ও বিদঘুটে। ক্রিয়েটিভিটির কোনো ছোঁয়া দেখলাম না কোথাও! কেউ কেউ আবার ক্রিয়েটিভ কাজ করতে গিয়ে প্রশ্ন এমন বিদঘুটে করে ফেলেছেন যে শিক্ষার্থীদের কী মূল্যায়ন করা হচ্ছে তা বোঝা যাচ্ছে না।
কারণ যেসব শব্দ দেওয়া আছে সেগুলোর দু-একটি ছাড়া একটিও ম্যাচ করে না শূন্যস্থান পূরন করতে, টেবিল তৈরি করার ক্ষেত্রে প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় বা তৃতীয় কলামের মধ্যে কোনো মিল নেই। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা তো যা ইচ্ছে তাই লিখে দিয়ে আসবে, অযথা সময় নষ্ট করবে, যার কোনো মানে হয় না। কিছু কিছু জায়গায় পরিচিত প্রধান শিক্ষক/অধ্যক্ষ (কেউ কেউ বন্ধু, কেউ কেউ নিজের ছাত্র ও অধ্যক্ষ) ফোন করে জানার চেষ্টা করেছি, কিন্তু সদুত্তর পাইনি। কেউ কেউ হোয়াটসঅ্যাপে কিছু প্রশ্ন পাঠিয়ে দিয়ে বলেছেন, নামকরা প্রতিষ্ঠানগুলোর এ অবস্থা কেন, কিছু একটা বলুন, স্যার!
দেশের ক্যাডেট কলেজ, সেনা নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা স্কুলগুলোকে সাধারণত মডেল বলে ধরা নেওয়া হয়। তাই এসব প্রতিষ্ঠানের প্রশ্নই বেশি দেখেছি। প্রশ্ন নিয়ে কাউকে কিছু বলতে গিয়ে এমন কথাও শুনেছি, ‘দেখেন না বোর্ডের প্রশ্নেও তো কত ভুল থাকে।’ বোর্ডের প্রশ্ন যে পদ্ধতিতে ও যতটা সিকিউরিটি মেইনটেন করে করতে হয় তাতে কিছু ভুল থাকা একেবারে অস্বাভাবিক নয়। লাখ লাখ প্রশ্ন ছাপতে হয় বোর্ডগুলোকে। নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাত্র কিছুসংখ্যক প্রশ্ন করতে গিয়ে যদি আমরা এত ভুল করি, তাহলে শিক্ষার্থীদের কী উপদেশ দেব?
প্রতিটি পরীক্ষার প্রশ্ন বিষয় শিক্ষককে কয়েকবার পরে সব ধরনের ভুলত্রুটি শুদ্ধ করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা প্রয়োজন এবং এটি নিজ থেকেই বাধ্যতামূলক মনে করা উচিত, তা না হলে মূল্যায়নের আসল উদ্দেশ্যই তো ব্যাহত হচ্ছে।
একটি ছোট প্যাসেজ অথচ কয়েক জায়গায় শব্দ পুরোটা ওঠেনি। শব্দের একটি অক্ষর বসেছে কিংবা দুটি কিংবা প্রথম অক্ষরটি বসেছে কিংবা মধ্যে একটি কিংবা শেষের একটি—বাকিগুলো খালি। ফলে শিক্ষার্থীরা সেই শব্দ উদ্ধার করার জন্যই ব্যস্ত। আমি শিক্ষক হয়েও বহু চেষ্টা করে অনেক শব্দই উদ্ধার করতে পারিনি। কারণ যে প্যাসেজ দেওয়া হয়েছে তার সঙ্গে যেসব শব্দ মাথায় আসে তার কোনো মিল নেই। শব্দটি বোঝা না গেলে পরবর্তী গ্যাপ কিভাবে পূরণ করব, আমি তা পারছি না। পরীক্ষার হলে শিক্ষার্থীরা টেনশনে থাকেন, তার মধ্যে তাদের পক্ষে এগুলো উদ্ধার করা সম্ভব হয় না। কারণ তাদের ভোকাবুলারি দুর্বল। এ ধরনের ভুল যে একটি বা দুটি তা নয়, প্রশ্নজুড়ে ভুলের ছড়াছড়ি। সম্ভবত প্রশ্ন জমা দেওয়ার তারিখ অনুযায়ী কোনো রকমে তৈরি করে জমা দেওয়া হয়েছে। না দেখেছেন শিক্ষক, না দেখেছেন অথরিটি। আপনি কাকে দোষ দেবেন? এতে শিক্ষার্থীদের মূল্যায়ন হয় না। তারা তো এলোমেলো অনেক কিছু লিখে দিয়ে আসবে এবং করছেনও তাই। ইংরেজি দ্বিতীয় পত্রে এক নম্বর ও তিন নম্বর প্রশ্নে যথাক্রমে দশটি শব্দ ও দশটি ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়। বহু প্রশ্নে দেখলাম, একটি বা দুটি প্রাসঙ্গিক শব্দ ছাড়া অন্য একটিও মিলছে না কোনোভাবে। এই অবস্থায় কী করবে শিক্ষার্থীরা? বাকি যাঁরা করেছেন হুবহু অন্য বছরের বোর্ডের প্রশ্ন কিংবা পুরনো টেস্ট পেপার থেকে তুলে দেওয়া হয়েছে, যা কোনো প্রশ্ন নয়। প্রতিষ্ঠানগুলো এটি কেন করেছে? বোর্ডেও একই কাজ করা হবে। অতএব যারা এটি কমন ফেলতে পারবে তাদের রেজাল্ট ভালো হবে, শিক্ষকের প্রাইভেট বাড়বে, শিক্ষার্থীরাও ভালো গ্রেড পাবে, কিন্তু কেউ কিছুই শিখবে না। আমরা কি ভার্বের কিংবা অন্য যেকোনো শব্দের হুবহু ব্যবহার না দিয়ে তারা সেটি দিয়ে যা শিখেছে সে রকম একটি শূন্যস্থান পূরণ করার প্রশ্ন বানিয়ে দিতে পারি না? সেটি কেন করছি না। সবাইকে শুধু আগের বছরের প্রশ্নগুলোই কেন তুলে দিতে হবে?
লিখিত অংশে দেখলাম সেই ৫০ বছর আগে যেভাবে আসত রচনা লেখো ডিসিপ্লিন, শারীরিক ব্যায়ামের প্রয়োজনীয়তা, শ্রমের মর্যাদ ইত্যাদি—কোনো পরিবর্তন নেই। আমরা জানি যে আমাদের শিক্ষার্থীরা (কিছু ব্যতিক্রম ছাড়া) দুটো বাক্যও নিজেরা লিখতে পারে না। তাদের যখন বিজ্ঞানের আশীর্বাদ কিংবা নিয়মানুবর্তিতার ওপর একটি রচনা লিখতে বলা হয়, তাতে না থাকে কোনো আনন্দ, না আছে নতুনত্ব, না শিক্ষার্থীরা নিজ থেকে কিছু শিখে বা শিখছে। যারা সিরিয়াস শিক্ষার্থী তারা কয়েকটি রচনা মুখস্থ করে রাখে, যদি কমন পড়ে এবং কমন পড়েও। কারণ গঁত্বাধা কিছু রচনা বা প্যারাগ্রাফ তারা জানে কোনটি কোন বছর পরীক্ষায় আসবে এবং কোন বোর্ডে কোনটি বেশি গুরুত্বপূর্ণ সেটিও তারা জানে। সেই একই পদ্ধতি যুগের পর যুগ চলছে।
এই অবস্থা হলে শিক্ষার্থীরা কেনই বা ক্লাস করতে চাইবে, কেনই বা পড়তে চাইবে আর কেন তারা পড়াশোনা আর ক্লাসের প্রতি গুরুত্ব দেবে। অথচ ক্লাসে থাকা, বিদ্যালয়ে নিয়মিত আসা মানে এক ধরনের সোশ্যালাইজেশন, এক ধরনের শৃঙ্খলার মধ্যে বড় হওয়া। সে বিষয়গুলো হারিয়ে গেছে। একমাত্র হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ও সেনাশাসিত প্রতিষ্ঠান ছাড়া শিক্ষার্থীরা ক্লাসে আসছে না। আমরা কেউ কেউ অনেক আদর্শের কথা বলছি, কিন্তু শিক্ষার্থীরা তো ক্লাসেই থাকছে না।
সুন্দর ও নির্ভুল প্রশ্নপত্র তৈরি করতে পারা এক ধরনের দক্ষতা, যা শিক্ষকদের থাকা প্রয়োজন। চমৎকার, সৃজনশীল ও নির্ভুল প্রশ্নপত্র শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্য এক ধরনের পজিটিভ মোটিভেশন এবং প্রতিষ্ঠানের জন্য একটি পজিটিভ সিম্বল। পেশাগত স্বার্থে এই উদ্যোগটি আমাদের নিজেদেরই নিতে হবে।
লেখক : শিক্ষা বিশেষজ্ঞ, প্রেসিডেন্ট, ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব)