Category: শিক্ষাঙ্গন

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসা শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা (শুধুমাত্র এমসিকিউ) পুনরায় অনুষ্ঠিত হবে। আগামী ১৭ মে বিকাল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলবে।

    ঢাবি’র সাধারণ ভর্তি কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত হয়। বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইউনিটের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় বসতে হবে না। এই দুই বিভাগের ভর্তিচ্ছুদের ফলাফল আগামীকাল বেলা ১১টায় প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।

    উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্নপত্রের বহুনির্বাচনী অংশে ১২টি প্রশ্নে সেটে গড়মিল দেখা যায়। এ নিয়ে ব্যবস্থা নিতে ঢাবি প্রশাসনকে জানানো হলেও তারা গড়িমসি করায় শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের দাবি নিয়ে আদালতে গেলে ফল প্রকাশ স্থগিত করে আদালত।

    এরপর পুনরায় পরীক্ষার জন্য পদক্ষেপ নিতে অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়।

    নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গত ১৩ এপ্রিল এ সিদ্ধান্ত দেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

  • ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি আহ্বান শিক্ষা উপদেষ্টার

    ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি আহ্বান শিক্ষা উপদেষ্টার

    শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, একদিকে নতুন প্রযুক্তির মাধ্যমে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে, অন্যদিকে বিশ্বব্যাপী অসহিষ্ণুতা, উগ্রজাতীয়তাবাদ এবং সংকীর্ণতা বড় অর্জনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেদের মেধা, দক্ষতা ও শ্রম দিয়ে নতুন পৃথিবী গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।

    বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আফতাবনগর খেলার মাঠে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে দুই হাজার ৮৮৫ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। এছাড়া অনন্য মেধাবী ছয়জন শিক্ষার্থীকে দেয়া হয় স্বর্ণ পদক।

    অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান ও উপ-উপাচার্য, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গ্র্যাজুয়েট ও তাঁদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • এবার রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

    এবার রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

    ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের পরীক্ষার্থীদের জন্য ১৯টি বিশেষ সতর্কতা

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের পরীক্ষার্থীদের জন্য ১৯টি বিশেষ সতর্কতা

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের ৩য় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা শুরু ২৪ এপ্রিল। পরীক্ষা শুরু হবে প্রতিদিন বেলা একটা থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ‘পরীক্ষার শৃঙ্খলা–সম্পর্কিত ১৯টি অপরাধ’—এর তালিকা প্রকাশ করেছে, যা প্রতিটি পরীক্ষার্থীর অবশ্যই মেনে চলতে হবে। কোন অপরাধের কী শাস্তি হবে, তা দেওয়া হলো।

    পরীক্ষা শৃঙ্খলা–সম্পর্কিত ১৯ অপরাধ
    ক. পরীক্ষাকক্ষে একে অপরের সঙ্গে যোগাযোগ করা ও কথাবার্তা বলা;
    খ. পরীক্ষাকক্ষে ধূমপান করা;
    গ. পরীক্ষার হলে মুঠোফেন বা কোনো ইলেকট্রনিকস সামগ্রী বহন;
    ঘ. দূষণীয়/অননুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা;
    ঙ. দূষণীয়/অননুমোদিত কাগজপত্র থেকে উত্তরপত্রে লেখা;
    চ. প্রশ্নপত্রে উত্তর লেখা/প্রশ্নপত্রে লেখা উত্তর থেকে উত্তরপত্রে লেখা;
    ছ. পরীক্ষার হলে মুঠোফোন বা কোনো ইলেকট্রনিকস সামগ্রী ব্যবহার করে উত্তরপত্রে লেখা;
    জ. পরীক্ষাকক্ষের নির্দিষ্ট স্থানের পরিবর্তে অবৈধভাবে অন্য স্থানে আসন গ্রহণ করা;
    ঝ. ডেস্ক, বেঞ্চ, কাপড়, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, ব্ল্যাকবোর্ড, কক্ষের দেওয়াল বা অন্য কিছুতে লেখা এবং সেখান থেকে উত্তরপত্র লেখা;
    ঞ. উত্তরপত্রে অস্বাভাবিক, আপত্তিকর কিছু লেখা, অযৌক্তিক কোনো মন্তব্য করা অথবা উত্তরপত্রের মধ্যে টাকা রাখা;
    ট. রোল নম্বর পরিবর্তন/পরস্পর রোল নম্বর বিনিময় করা (উত্তরপত্র একে অপরের সঙ্গে পরিবর্তন);
    ঠ. মিথ্যা অজুহাত দেখিয়ে বিশেষ সুবিধা গ্রহণ/সুবিধা গ্রহণের চেষ্টা করা;
    ড. মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা;
    ঢ. পরীক্ষাকক্ষ থেকে উত্তরপত্র বাইরে পাচার করা বা বাইরে থেকে লেখা উত্তরপত্র সংযোজন করা;
    ণ. উত্তরপত্রের কভার পৃষ্ঠা পরিবর্তন করা;
    ত. ইনভিজিলেটরের কাছে উত্তরপত্র দাখিল না করে পরীক্ষার হল ত্যাগ করা, ইনভিজিলেটর কর্তৃক চাহিবামাত্র দূষণীয় কাগজপত্র প্রদান না করে তা নাগালের বাইরে ফেলা/ফেলে দেওয়ার চেষ্টা করা/গিলে ফেলা;
    থ. উত্তরপত্র বিনষ্ট করা/ছিঁড়ে ফেলা, দূষণীয় কাগজপত্র/দ্রব্যাদি, উত্তরপত্র বা প্রবেশপত্র ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জ্ঞাপন করা বা জব্দ করার ক্ষেত্রে কোনোরূপ বাধা সৃষ্টি করা;
    দ. পরীক্ষার কক্ষে পরীক্ষার কাজে নিয়োজিত ইনভিজিলেটর/কর্তব্যরত ব্যক্তি সম্পর্কে কটূক্তি, গালাগাল, তাঁর সঙ্গে অসদাচরণ বা তাঁকে কোনোরূপ ভীতি প্রদর্শন করা। পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি/ব্যক্তিবর্গকে পরীক্ষার হলে বা হলের বাইরে লাঞ্ছিত করা বা লাঞ্ছিত করার চেষ্টা করা। পরীক্ষা চলাকালে পরীক্ষাকক্ষে কেন্দ্র চত্বর বা বাইরে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা অথবা পরীক্ষা পরিচালনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তির সঙ্গে অসদাচরণ করলে বা তাঁকে দৈহিক আক্রমণ করলে;
    ধ. সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে কোনোরূপ বাধা সৃষ্টি, গোলযোগ সৃষ্টি, অন্যকে পরীক্ষায় অংশগ্রহণে বাধা প্রদান, অন্য পরীক্ষার্থীকে পরীক্ষার হল ত্যাগে বাধ্য না উসকানি প্রদান, পরীক্ষাকক্ষ ও আসবাব ভাঙচুর করা বা আগুন দেওয়া।

    অপরাধের শাস্তিমূলকব্যবস্থা
    ক. পরীক্ষাসংক্রান্ত ওপরের অপরাধের জন্য পরীক্ষা শৃঙ্খলা কমিটি নিচের শাস্তির সুপারিশ করতে পারবে।
    ১. ক থেকে ঘ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য। শাস্তি: সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল।
    ২. ঙ থেকে ঞ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য। শাস্তি: সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
    ৩. ট থেকে ঠ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য। শাস্তি: সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী (পরপর) দুই বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
    ৪. ড থেকে ণ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য। শাস্তি: সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী (পরপর) তিন বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
    ৫. ত থেকে ধ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য। শাস্তি: সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ পরবর্তী (পরপর) চার বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
    ৬. ন-বর্ণিত অপরাধের জন্য। শাস্তি: শৃঙ্খলা কমিটি অপরাধের মাত্রা বিবেচনা করে সিদ্ধান্ত দেবে।
    খ. পরীক্ষার্থীর কোনো অপরাধ ওপরের শাস্তির আওতায় না পড়লে পরীক্ষা শৃঙ্খলা কমিটি অপরাধের প্রকৃতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যেকোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে।

  • আলিম পরীক্ষা ২০২৫–এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে

    আলিম পরীক্ষা ২০২৫–এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে

    মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের আলিম পরীক্ষার ফরম পূরণের কার্যক্রমের সময় আগামী ২১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। জমা দেওয়ার শেষ সময় ২২ এপ্রিল পুনর্নির্ধারণ করা হলো। উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠানের প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এছাড়া গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত ফরম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্য শর্ত অপরিবর্তিত থাকবে।

    গত ৯ মার্চ আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২৬ জুন আলিম পরীক্ষা শুরু, শেষ হবে ১২ আগস্ট।

  • কৃষি গুচ্ছের ফল প্রকাশ

    কৃষি গুচ্ছের ফল প্রকাশ

    কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মেধা তালিকায় উর্ত্তীণ হয়েছেন ৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু। কিছুক্ষণের মধ্যে ফল কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দশটার পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

  • এসএসসির দ্বিতীয় দিনে শতাধিক বহিষ্কার, অনুপস্থিত ২৯হাজার

    এসএসসির দ্বিতীয় দিনে শতাধিক বহিষ্কার, অনুপস্থিত ২৯হাজার

    এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে ৮৩ জন পরীক্ষার্থী ও ১৮ জন পরিদর্শকসহ মোট ১০১ জন বহিষ্কৃত হয়েছে। এদিন অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    এদিন এসএসসিতে ইংরেজি প্রথম পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, এদিন এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৭ লাখ ৫৭ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ১৭ লাখ ২৪ হাজার ৯৩ জন। বাকি ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। ৩ হাজার ৭১৫টি কেন্দ্রের মধ্যে বিদেশের ৯টি কেন্দ্র ছাড়া ৩ হাজার ৭০৬টি কেন্দ্রের তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় বহিষ্কার ৩১
    নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে ২ হাজার ২৯১টি কেন্দ্রে। বিদেশের ৯টি কেন্দ্র ছাড়া ২ হাজার ২৮২টি কেন্দ্রের তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৩১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

    তাদের মধ্যে ঢাকা বোর্ডের ৯ জন, রাজশাহী বোর্ডের ১ জন, কুমিল্লা বোর্ডের ৩ জন, চট্টগ্রাম বোর্ডের ১ জন, বরিশাল বোর্ডের ৪ জন, দিনাজপুর বোর্ডের ৫ জন ও ময়মনসিংহ বোর্ডের ৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

    নয়টি সাধারণ বোর্ডের এসএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ওই ২ হাজার ২৮২টি কেন্দ্রে ১৩ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেন ১৩ লাখ ৪১ হাজার ৯৬৫ জন। অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৬২৮ জন।

    ঢাকা বোর্ডের ৪৩৮টি কেন্দ্রে ৩ হাজার ৮৯৬ জন, রাজশাহী বোর্ডের ২৬৯টি কেন্দ্রে ১ হাজার ৮৫৬ জন, কুমিল্লা বোর্ডের ২৭৩টি কেন্দ্রে ১ হাজার ৯৩৯ জন, যশোর বোর্ডের ২৯৯টি কেন্দ্রে ২ হাজার ৯ জন, চট্টগ্রাম বোর্ডের ২১৯ টি কেন্দ্রে ১ হাজার ৩৪৮জন, সিলেট বোর্ডের ১৫৪টি কেন্দ্রে ৯৩৪ জন, বরিশাল বোর্ডের ১৯৪টি কেন্দ্রে ১ হাজার ২৫২ জন, দিনাজপুর বোর্ডের ২৮০টি কেন্দ্রে ১ হাজার ৩৬৭জন এবং ময়মনসিংহ বোর্ডের ১৫৬টি কেন্দ্রে ১ হাজার ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

    আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কার ১৯
    মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শকসহ মোট ১৯ জন বহিষ্কৃত হওয়ার খবর দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য বলছে, ৭২৫টি কেন্দ্রে ২ লাখ ৫৮ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ২ লাখ ৪৭ হাজার ৮৮৯ জন। ১০ হাজার ৪৯০ জন অনুপস্থিত ছিলেন। বহিষ্কৃত হয়েছেন ১৬ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শক।

    ভোকেশনালের গণিত-২ পরীক্ষায় বহিষ্কার ৫১
    এসএসসি ও দাখিল ভোকেশনালের দ্বিতীয় দিনে গণিত-২ পরীক্ষা ৩৬ জন পরীক্ষার্থী ও ১৫ জন পরিদর্শকসহ মোট ৫১ জন বহিষ্কৃত হওয়ার তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে এদিন এসএসসি ও ভোকেশনালের গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    কমিটি জানিয়েছে, এসব কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজার ৬৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছেন ১ লাখ ৩৪ হাজার ২৩৯ জন। ২ হাজার ৮২৫ জন অনুপস্থিত ছিলেন এবং ৩৬ জন পরীক্ষার্থী ও ১৫ জন পরিদর্শক বহিষ্কৃত হয়েছেন এ পরীক্ষায়।

    প্রসঙ্গত, চলতি বছর নিয়মিত-অনিয়মিতসহ এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার কথা আছে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থীর। নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী রয়েছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বসার কথা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জনের এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিলেন।

  • ফাজিল অনার্স পরীক্ষা শুরু ২৫ মে

    ফাজিল অনার্স পরীক্ষা শুরু ২৫ মে

    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে সারাদেশের মাদরাসায় ফাজিল অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২৩ আগামী ২৫ মে থেকে শুরু হবে।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৫ মে থেকে পরীক্ষা শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    পরীক্ষার কেন্দ্র ও সময়সূচিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

  • তালা ভেঙে হলে কুয়েট শিক্ষার্থীরা

    তালা ভেঙে হলে কুয়েট শিক্ষার্থীরা

    তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের মামলা দিতে ইন্ধন জোগানে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কারে জড়িত থাকার ঘটনায় বর্তমান ভিসি মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা। 

    মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় শিক্ষার্থীরা হলের তালা ভেঙে প্রবেশ করেন তারা।

    এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ঘোষণাটি পড়ে শোনান। ওই ঘোষণায় বলা হয়, যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু ভিসি ইন্টারনেট, পানি অফ করে হল থেকে ছাত্রদের বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ইন্ধন জুগিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে, সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সঙ্গে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

    ঘোষণাপত্রটি পাঠ করার পর শিক্ষার্থীরা বিভিন্ন হলের তালা খুলে ভেতরে প্রবেশ করার ঘোষণা দেন। এরপর পরপরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে খান জাহান আলী হলের দিকে যান। সেখানকার প্রধান ফটকের তালা ভেঙে ফেলা হয়। এরপর তারা অন্য হলেরও তালা ভাঙে।

    এর আগে ক্যাম্পাসের ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশে দুপুর ১টার দিকে সমাবেশ করে ‘মেক কুয়েট, ফ্রি এগেইন’ কর্মসূচি পালন করেন তারা। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখান করে এই বিক্ষোভ কর্মসূচিতে দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবি জানান। হল খুলে দেওয়ার দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা প্রশাসনের কাছে বহিষ্কার হওয়া ৩৭ শিক্ষার্থীর সবার নাম প্রকাশ করার দাবি জানান।

    প্রসঙ্গত, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার জেরে ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

    এরপর সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় আগামী ২ মে আবাসিক হল খোলা এবং ৪ মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রাতেই এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

  • ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের মারধর, গলায় জুতার মালা

    ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের মারধর, গলায় জুতার মালা

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শাওন হোসেনকে মারধর করে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আটকৃত ছাত্রলীগ কর্মী শাওন বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুপের সক্রিয় কর্মী।তিনি পূর্বে ছাত্রদলের এক কর্মী মারধরের ঘটনায় যুক্ত ছিলেন বলে দাবি করেন ছাত্রদল নেতাকর্মীদের।

    সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

    জানা যায়, শাওনকে আটকের পর অগ্রণী ব্যাংকের সামনে থেকে মারধর করে তাকে সেন্ট্রাল ফিল্ডে নিয়ে যান ছাত্রদল নেতাকর্মীরা। পরে সেখান থেকে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নেওয়া হয়। পুরো সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি। পুলিশ বক্সে থাকা দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা ওই ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যান। সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করে।

    মারধরের শিকার ছাত্রলীগ কর্মী শাওন বলেন, জুলাইয়ে আমি শিক্ষার্থীদের পক্ষে ছিলাম। ৯ তারিখের পরে আমি বাড়িতে চলে যাই। এরপর আন্দোলন নিয়ে কোনো পোস্ট করিনি।

    বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী শামিম বলেন, ফ্যাসিবাদী আমলে চবিতে ছাত্রদলের তেমন কোনো অবস্থান ছিল না। তবে ছাত্রদলের সঙ্গে আমার গোপন যোগাযোগ ছিল। এ বিষয়টি শাওন হোসেন জানতো। তাই সে আমাকে মারধর করে ও ক্যাম্পাসে আসাতেও বাঁধার সৃষ্টি করে। তাকে মারধর করা হয়নি। আমরা জিজ্ঞাসাবাদ করলে সে ছাত্রলীগ করতো তা স্বীকার করে।

    বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ভুক্তভোগীর প্যানিক ডিসঅর্ডারের কারণে হার্ট অ্যাটাকের আশঙ্কা থেকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছি।

    প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।