শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

১০ বছরেও হলো না রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ঠিকানা

Advertisement

প্রতিষ্ঠার এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও নিজস্ব অ্যাকাডেমিক ভবন ও হাসপাতাল পায়নি রাঙ্গামাটি মেডিকেল কলেজ। অস্থায়ী ভবনে চলছে শ্রেণি কার্যক্রম ও প্রশাসনিক কাজ। শিক্ষক সংকট, সীমিত ল্যাব সুবিধা এবং শ্রেণিকক্ষের অভাবে ব্যাহত হচ্ছে পাঠদানও। চিকিৎসা বিজ্ঞানের ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপের জন্য নির্ভর করতে হচ্ছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ওপর। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রায় ১ হাজার ২৯৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন পেলেও এখনো শুরু হয়নি মূল নির্মাণকাজ। ফলে সীমাবদ্ধতার মধ্যেই চলছে পাহাড়ের একমাত্র সরকারি মেডিকেল কলেজটির শিক্ষা কার্যক্রম।

২০১৪ সালে প্রতিষ্ঠিত এ কলেজে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু হয় ২০১৫ সালের ১০ জানুয়ারি। বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের জন্য নির্মিত ছয়তলা ভবনে চলছে কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীদের আবাসনের জন্যও ব্যবহার করা হচ্ছে অস্থায়ী ভবন। প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ও আধুনিক ল্যাবরেটরির অভাবে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।

কলেজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে শিক্ষক পদ রয়েছে ৫৪টি। এর বিপরীতে কর্মরত আছেন ২৭ জন। অর্থাৎ অর্ধেক পদই শূন্য। অধ্যাপক পদে ১১টির বিপরীতে কর্মরত ৪, সহযোগী অধ্যাপকের ২০টি পদের বিপরীতে ৯ এবং সহকারী অধ্যাপকের ২৩টি পদের বিপরীতে ১৪ জন। গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় একাধিক ব্যাচের পাঠদান সামলাতে হচ্ছে সীমিতসংখ্যক শিক্ষককে।

শুধু শিক্ষক সংকটই নয়, ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রেও রয়েছে সীমাবদ্ধতা। ল্যাবরেটরিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ টেকনিশিয়ানের অভাব রয়েছে। ফলে চিকিৎসা শিক্ষার গুরুত্বপূর্ণ ব্যবহারিক পাঠ পুরোপুরি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। নিজস্ব হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ সম্পন্ন করতে হচ্ছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে। এতে সাধারণ রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষার্থীদের প্রশিক্ষণের দায়িত্বও সামলাতে হচ্ছে হাসপাতালটিকে। শিক্ষার্থীদের মতে, নিজস্ব হাসপাতাল থাকলে বিভিন্ন ধরনের রোগী ও বিশেষায়িত চিকিৎসাসেবার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ বাড়ত। বর্তমান ব্যবস্থায় সেই সুযোগ সীমিত।

তারা বলছেন, অস্থায়ী ভবনে শ্রেণিকক্ষের সংকট এতটাই যে, এক ব্যাচের ক্লাস শেষ হলে অন্য ব্যাচকে অপেক্ষা করতে হয়। কোনো কোনো গুরুত্বপূর্ণ বিভাগে মাত্র একজন শিক্ষককে দুটি ব্যাচের পাঠদান সামলাতে হচ্ছে। কয়েকটি বিভাগে অভ্যন্তরীণ মূল্যায়নের পর্যাপ্ত ব্যবস্থাও নেই। এসব সীমাবদ্ধতার মধ্যেও কলেজের শিক্ষার্থীরা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন পরীক্ষায় ভালো ফল করছেন। তবে তাদের আশঙ্কা, দীর্ঘদিন এভাবে চললে চিকিৎসাবিজ্ঞানের গুণগত মান ধরে রাখা কঠিন হবে।

স্থানীয়দের ভাষ্য, প্রতিষ্ঠার এক দশক পেরিয়েও একটি সরকারি মেডিকেল কলেজের নিজস্ব অ্যাকাডেমিক ভবন ও হাসপাতাল না থাকা চিকিৎসাবিজ্ঞানের জন্য বড় সীমাবদ্ধতা। প্রকল্প অনুমোদন ও দরপত্রের প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন প্রয়োজন দ্রুত নির্মাণকাজ শুরু করা। পাশাপাশি শিক্ষক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ, ল্যাবরেটরির উন্নয়ন এবং ব্যবহারিক শিক্ষার সুযোগ বাড়ানো জরুরি। তা না হলে অবকাঠামোগত সংকটের পাশাপাশি শিক্ষার মান নিয়েও উদ্বেগ থেকে যাবে।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৩ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১ হাজার ২৯৩ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন পায়। রাঙ্গামাটি শহরের সুখী নীলগঞ্জ এলাকায় প্রায় ২৮ একর জমিতে মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় ১৬টি ভবন নির্মাণের কথা রয়েছে। এর মধ্যে ১০টি আবাসিক ও ৬টি অনাবাসিক ভবন। অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন, কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টার এবং হাসপাতাল নির্মাণ করা হবে।

চলতি বছরের শুরুতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসুন বড়ুয়াকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরই মধ্যে চারটি দরপত্রের প্রক্রিয়া শেষ হয়েছে। তবে এখনো শুরু হয়নি ভবন নির্মাণের মূল কাজ। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়ে তিনি বলেন, এরই মধ্যে চারটি দরপত্রের কাজ গুছিয়ে নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে ভবন নির্মাণের কাজ শুরু হবে। শিক্ষক সংকট নিরসনে মন্ত্রণালয়ে নিয়মিত চিঠি পাঠানো হচ্ছে। মন্ত্রণালয়ের মাধ্যমে পদায়নের ভিত্তিতে শূন্য পদগুলো পূরণ করা হবে।

এ বিভাগের আরও সংবাদ