শরীয়তপুরের আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজের চারটি শিক্ষাবর্ষে ২০০ শিক্ষার্থী; অথচ পাঠদান চলছে মাত্র একজন প্রশিক্ষক দিয়ে। সাতটি ল্যাব থাকলেও চালু হয়নি একটিও। লাইব্রেরিতে নেই প্রয়োজনীয় বই। জনবল সংকটের পাশাপাশি সরকারি উপবৃত্তি থেকেও বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এমন নানা সংকটে ধুঁকছে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ।
২০২৩ সালের নভেম্বরে একাডেমিক কার্যক্রম শুরু হওয়া সরকারি নার্সিং কলেজের অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে চার তলা একাডেমিক ভবন, ২৭৮ শয্যার পাঁচ তলা ছাত্রী হোস্টেল, দোতলা গ্যারেজ ও বিদ্যুতের সাবস্টেশন। কিন্তু প্রয়োজনীয় জনবল ও শিক্ষা উপকরণের অভাবে বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। কলেজটিতে বর্তমানে চারটি ব্যাচে শিক্ষার্থী রয়েছেন ২০০ জন। প্রতি শিক্ষাবর্ষে ৫০ জন করে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হন শিক্ষার্থীরা। তাঁদের ৯০ শতাংশ ছাত্রী এবং ১০ শতাংশ ছাত্র। কলেজ সূত্র জানায়, প্রতিষ্ঠান পরিচালনার জন্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ, নার্সিং ইনস্ট্রাক্টর, প্রভাষক, লাইব্রেরিয়ান, ল্যাব সহকারীসহ বিভিন্ন পদে জনবল প্রয়োজন। কিন্তু এখনো জনবলকাঠামো অনুমোদন না হওয়ায় নিয়োগ বা পদায়ন হয়নি।
বর্তমানে অন্য দুটি প্রতিষ্ঠান থেকে সংযুক্তিতে আসা দুজনের মাধ্যমে চলছে কলেজের কার্যক্রম। অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তা জাহিদ হোসেন। আর একমাত্র নার্সিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন গাজীপুরের সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ থেকে আসা অসীমা রানী দাস সরকার। তিনি বলেন, কলেজে চার ব্যাচের ২০০ শিক্ষার্থীর মধ্যে নিয়মিত ক্লাসে আসেন ১৫৭ জন। একজনের পক্ষে এত শিক্ষার্থীর পাঠদান পরিচালনা করা অত্যন্ত কঠিন। শিক্ষার্থীদের যে পরিমাণ শিক্ষা দেওয়ার কথা, তার ২০ শতাংশও দেওয়া সম্ভব হচ্ছে না।
শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, কোর্সের গুরুত্বপূর্ণ অংশ ল্যাবে ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়। কিন্তু ল্যাব চালু না থাকায় সেই সুযোগ পাচ্ছেন না তাঁরা। কলেজের শিক্ষার্থীদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থা থাকলেও অর্থনৈতিক কোড নম্বর না থাকায় তা পাচ্ছেন না কেউ। এদিকে শিক্ষা কার্যক্রমের সংকটের মধ্যেই কলেজটির লাইব্রেরিসহ ছয়টি কক্ষে রাখা হয়েছে নির্বাচন কার্যালয়ের ইভিএম। এতে প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাউদ্দিন আইয়ুবী বলেন, নির্বাচন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে ইভিএমগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। লোকবল ও শিক্ষা সরঞ্জামের সংকট নিরসনে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করা হচ্ছে। কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা জাহিদ হোসেন গত আগস্টে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দিয়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন সংকট তুলে ধরেছেন। সংকট সমাধানে অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।





