শিরোনাম
Advertisement
ক্যাম্পাসের ভেতরে

৮ বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন ফি বেড়েছে চার গুণ

Advertisement

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চার ইউনিটে আবেদনের ফি গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। এ নিয়ে গত আট বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচে বেড়েছে চার গুণ পর্যন্ত। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন ফি গত আট বছরে প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি ছিল ৩৫০ টাকা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ২০০ টাকা এবং চারুকলা ইউনিটে ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং কুয়েটের নিজস্ব কেন্দ্রে আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। তবে কেন্দ্র পরিবর্তন করে ঢাকা বা রাজশাহীতে পরীক্ষা দিতে চাইলে কুয়েটের শিক্ষার্থীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ৩০০ টাকা, অর্থাৎ মোট ১ হাজার ৮০০ টাকা। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৩২০ টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ২০০ টাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি ইউনিটে ১ হাজার টাকা ফি নেওয়া হচ্ছে। একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন, পরীক্ষাকেন্দ্রে যাতায়াত ও অন্যান্য ব্যয় মিলিয়ে ভর্তির আগেই বড় অঙ্কের আর্থিক চাপের মুখে পড়ছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এর মধ্যেই ভর্তি পরীক্ষার আবেদন থেকে পাওয়া অর্থের ব্যবহার, বিভিন্ন পর্যায়ে সম্মানী বণ্টন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিলে নির্ধারিত অর্থ জমা না দেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়ম অনুযায়ী, ভর্তি পরীক্ষার ফরম বিক্রি থেকে পাওয়া অর্থের ৬০ শতাংশ পরীক্ষাসংক্রান্ত কাজে ব্যয় করা যাবে। বাকি ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিলে জমা দিতে হবে। কিন্তু ভর্তি ফি কত টাকা করে নেওয়া যাবে সে বিষয়ে ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা নেই। ফলে বিশ্ববিদ্যালয়গুলো ইচ্ছামতো গলাকাটা ফি নেয়। শুধু তাই নয়, ৪০ শতাংশ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা না দিয়ে সেটিও বিভিন্ন খাতে বণ্টনের তথ্য অনুসন্ধানে উঠে এসেছে। ভর্তি ফির অর্থ বিভিন্ন কমিটির সম্মানী, দায়িত্ব ভাতা এবং অন্যান্য খাতের নামে বণ্টন করা হচ্ছে। স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফরম বিক্রির আয়ের ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয় তহবিলে জমা দেয়নি চারটি বিশ্ববিদ্যালয়। এতে ১ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ৯৯১ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৫-১৬ থেকে ২০১৮-১৯ অর্থবছরে এসব বিশ্ববিদ্যালয়ে এ অনিয়মের ঘটনা ঘটে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম বিক্রির আয় থেকে ৪০ শতাংশ হিসাবে ৫৭ লাখ ৯৬ হাজার ২৩১ টাকা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭৯ লাখ ৫৭ হাজার ৬৪৪ টাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১ লাখ ২ হাজার ১৬৬ টাকা এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা জমা দেওয়া হয়নি।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিগুলো পর্যালোচনা করে দেখা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নিজস্ব কেন্দ্রে অংশ নিতে একজন শিক্ষার্থীকে আবেদন ফি দিতে হবে ১ হাজার ৫০০ টাকা। কিন্তু একই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকা বা রাজশাহী কেন্দ্রে দিতে চাইলে ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮০০ টাকা। অর্থাৎ পরীক্ষার ধরন ও বিশ্ববিদ্যালয় একই থাকলেও কেন্দ্র পরিবর্তনের কারণে শিক্ষার্থীকে অতিরিক্ত ৩০০ টাকা দিতে হচ্ছে। শিক্ষার্থীদের দূরপাল্লার যাতায়াত ও ভোগান্তি কমানোর উদ্দেশ্যে বিভাগীয় শহরে পরীক্ষাকেন্দ্র চালু করা হলেও সেখানে বাড়তি ফি নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছরে আবেদন ফি বৃদ্ধির চিত্রও উল্লেখযোগ্য। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন ফি ছিল মাত্র ৩৫০ টাকা। এরপর কয়েক দফায় ফি বাড়ানো হয়। ২০২১-২২ শিক্ষাবর্ষে আবেদন ফি ১ হাজার টাকা করা হয়। পরের শিক্ষাবর্ষে তা অপরিবর্তিত থাকলেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আরো ৫০ টাকা বাড়ানো হয়। এবার আবারও কয়েকটি ইউনিটে আবেদন ফি বাড়ানো হয়েছে। অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও আবেদন ফিতে পার্থক্য রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের ‘এ’ ইউনিটে আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। বাণিজ্য বিভাগের ‘বি’ ইউনিটে ১ হাজার ১০০ টাকা এবং বিজ্ঞান বিভাগের ‘সি’ ইউনিটে ১ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি ইউনিটে আবেদন করতে শিক্ষার্থীদের ১ হাজার টাকা দিতে হবে। অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি ইউনিটের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। শিক্ষাবিদদের মতে, ভর্তি পরীক্ষার আবেদন ফি এমনভাবে নির্ধারণ করা উচিত, যাতে পরীক্ষার প্রয়োজনীয় ব্যয় মেটানো যায়, কিন্তু শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ তৈরি না হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ফি ১৫০ টাকা বৃদ্ধির কথা শুনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম উদ্দিন খান বলেন, হায় আল্লাহ, আমার সময়ে এত টাকা ভর্তির আবেদন ফি হলে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ পড়তেই পারতাম না। এখানে আমার মনে হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কথা চিন্তা করে এ আবেদন ফি নির্ধারণ করে না। তারা দেশের মুদ্রাস্ফীতিকে সামনে রেখে কতটুকু বাড়ালে দেশের প্রান্তিক মানুষের ছেলে-মেয়েরাও পরীক্ষা দিতে পারবে, তা বিবেচনা করেনি। শুধু শহরের মধ্যবিত্ত পরিবারের কথা ভাবলে তো হবে না। এক্ষেত্রে প্রতিবছর যদি এ হারে বাড়তে থাকে, প্রান্তিক অঞ্চল থেকে ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় আর আসতে পারবে না। প্রতিবছর কত বাড়বে, তার একটা নীতিমালা থাকা উচিত।

এ বিভাগের আরও সংবাদ