২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে ঢাকা সিটি কলেজে মোট ৩ হাজার ৭২৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৪৬ জন। প্রতিষ্ঠানটিতে এবার পাসের হার ৯৬.২১ শতাংশ।শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ২২০৩ জন। এরমধ্যে পাস করেছে ২১২৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬৫ জন। মানবিক থেকে পরীক্ষার ১৫৬ জন অংশ নিয়ে ১৫১ জন পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৪ জন পরীক্ষার্থী। অন্যদিকে ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১৩৬৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২৭৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন।
ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী নেয়ামুল হক বলেন, বর্তমান অবস্থার আলোকে সিটি কলেজের ফলাফল ভালো হয়েছে। এটা আরও ভালো হতে পারত। তবে সারা দেশের যে পাস হার, তাতে আমাদের ৯৬.২১ শতাংশ পাস করেছে এবং এ প্লাস পেয়েছে ৪৪৬ জন। ঢাকা বোর্ডের র্যাংকিংয়ে আমরা সেরা দশের মধ্যে আছি।সিটি কলেজ সামনে আরও ভালো করবে, আমরা সন্তুষ্ট না, তবে বর্তমান অবস্থার আলোকে যা হয়েছে তা ভালো।
এর আগে, শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বছরের (২০২৬ সাল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ১১ টি শিক্ষাবোর্ডে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট দুটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এদিকে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএসের ফরম্যাট হলো– HSC লিখে একটি স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস, রোল নম্বর, একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে ‘HSC Dha 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এর আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার ২০২৬ সালে নতুন নম্বর ১৬১৪০-এ এসএমএস পাঠাতে হবে শিক্ষার্থীদের।





