বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল। এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা হবে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০৬২৭ জন।
রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৬২৭ জন।’
এর আগে ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, একজন আইনের শিক্ষার্থীকে আইনজীবী হতে হলে বাংলাদেশ বার কাউন্সিলের তিন ধাপের (এমসিকিউ, রিটেন ও ভাইভা) পরীক্ষায় কৃতকার্য হতে হয়।


