বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
spot_img

পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। তাদের মধ্যে আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্রে জানা গেছে, এই দুই উপদেষ্টার পদত্যাগের নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস ‍উইং। আজ (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় এ বিষয়ে ব্রিফিং করা হবে।

সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে।

তফসিল ঘোষণার সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শিগগির পদত্যাগের ঘোষণা দেবেন আলোচনা চলছিল। কারণ, তাঁরা দুজনই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

এর মধ্যে নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে খবর আসার পর দুই উপদেষ্টার পদত্যাগ করবেন বলে গুঞ্জন জোরালো হয়।

আজ বেলা সাড়ে ৩টার দিকে নির্বাচনে অংশগ্রহণ ও পদত্যাগের বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

সংবাদ সম্মেলনে তাঁর অধীনে নানা উদ্যোগ ও উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন আসিফ মাহমুদ। শেষ দিকে সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন চান। এ সময় পদত্যাগ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন। তবে পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে। কোন দলের মনোনয়ন নেবেন, সে প্রশ্নে বলেন, সেটি পরে জানাবেন।

এ বিভাগের আরও পড়ুন

spot_img

সর্বশেষ

spot_img