রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
নিহতরা হলেন- ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। তারা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার ভোর ৫টা নাগাদ তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের সহপাঠী তাওসিফ জানান, তারা দুই বন্ধু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিল। এ সময় ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয় তারা। খবর পেয়ে আমরা গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে অপুকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরেই ইরাম রেদওয়ানকে মৃত ঘোষণা করা হয়।
তাওসিফ আরও জানান, তাদের দুজনের বাসা শানারপাড় চিটাগাং রোড এলাকায়। এ ঘটনায় সিটি কর্পোরেশনের ঘাতক গাড়িটি (নম্বর ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪) থানায় আটক রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’