Home প্রধান সংবাদ মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা

মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা

0
মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা

ঠাকুরগাঁও শহরের একটি মাঠ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠসংলগ্ন শহিদ মিনারের পাশ থেকে খাতাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, রাতে মাঠের পশ্চিম পাশে হাঁটার সময় এক যুবকের চোখে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু খাতা। কাছে গিয়ে তিনি সন্দেহ করেন এগুলো এসএসসি পরীক্ষার উত্তরপত্র হতে পারে। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি জানাজানি হলে উদ্বেগ ছড়িয়ে পড়ে অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে। এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সন্তানরা সারা বছর পরিশ্রম করে পরীক্ষা দেয়। সেই খাতা যদি রাস্তায় পড়ে থাকে, তাহলে পরীক্ষার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই।”

পরীক্ষার্থীরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, “আমরা ভালো ফলাফলের আশায় কঠোর পরিশ্রম করি। কিন্তু খাতা যদি এভাবে বাইরে পড়ে থাকতে দেখা যায়, তাহলে স্বাভাবিকভাবেই ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়। আমাদের খাতা আদৌ নিরাপদ কি না, তা নিয়ে এখন দুশ্চিন্তা হচ্ছে।”

তারা আরও দাবি জানায়, দায়িত্বপ্রাপ্তদের আরও সতর্ক হওয়া উচিত ছিল। একই এলাকায় এর আগেও পরীক্ষার খাতা পাওয়ার ঘটনা ঘটেছে উল্লেখ করে তারা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন জানান, উদ্ধার করা খাতাগুলো বর্তমানে থানার হেফাজতে রয়েছে। এখনো কোনো কেন্দ্র বা সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here